গত সপ্তাহে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের কাছে ১-০ ব্যবধানে টেস্ট সিরিজ হারের পর আত্মবিশ্বাসের সংকটে রয়েছেন বাংলাদেশের ব্যাটাররা। তবে সেই ধাক্কা কাটিয়ে ওঠার লড়াইয়ে এবার তাদের ঠিক সামনেই আরও কঠিন পরীক্ষা। আগামী রোববার জোহানেসবার্গে বর্তমান বিশ্ব টেস্ট চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে মাঠে নামবে টাইগাররা।
ওয়ান্ডারার্সের বাউন্সি উইকেটে কাগিসো রাবাদা, মার্কো ইয়ানসেনদের সামলানো বাংলাদেশের ব্যাটারদের জন্য বড় চ্যালেঞ্জ হতে যাচ্ছে। তাই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ শেষে দক্ষিণ আফ্রিকায় স্বল্প সময়ের প্রস্তুতিতে বাড়তি গতি ও বাউন্সের সঙ্গে দ্রুত মানিয়ে নেওয়ার লক্ষ্য থাকবে সফরকারীদের।
দক্ষিণ আফ্রিকার মাটিতে বাংলাদেশের অভিজ্ঞ ব্যাটারদের অতীত রেকর্ড খুব একটা আশাব্যঞ্জক নয়। সেখানে মুশফিকুর রহিম ও লিটন দাসের টেস্ট ব্যাটিং গড় যথাক্রমে ২২.৪১ ও ২৪.৭৫। তিন নম্বরে খেলা মুমিনুল হকের গড় আরও কম, আট ইনিংসে কেবল ১৩.১২। এর মধ্যে চোটের কারণে ছিটকে গেছেন মাহমুদুল হাসান জয়। ২০২২ সালের সফরে বাংলাদেশের প্রথম ব্যাটার হিসেবে প্রোটিয়াদের ডেরায় টেস্ট সেঞ্চুরি করেছিলেন তিনি।
সাম্প্রতিক সময়েও বাংলাদেশের ব্যাটিংয়ের দুর্বলতা স্পষ্ট হয়েছে। এমনকি ঘরের মাঠে ক্যারিবিয়ানদের বিপক্ষে সিলেট টেস্টে তাওহিদ হৃদয়ের অপরাজিত ২৪২ ও ৮২ রানের ইনিংস ছাড়া আর কোনো ব্যাটার পঞ্চাশের ঘর পেরোতে পারেননি।
তবে অতীতের ব্যর্থতা কিংবা সাম্প্রতিক হতাশা নিয়ে খুব বেশি চিন্তিত নন বাংলাদেশের নতুন ব্যাটিং পরামর্শক ডেল বেঙ্কেনস্টাইন। তার মতে, কয়েক মাস আগে অস্ট্রেলিয়া সফরে ১-১ ব্যবধানে টেস্ট সিরিজ ড্র করার অভিজ্ঞতা দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ভালো করার আত্মবিশ্বাস জোগাবে দলকে।
শুক্রবার জোহানেসবার্গে দ্বিতীয় দিনের অনুশীলনের আগে সংবাদমাধ্যমকে বেঙ্কেনস্টাইন বলেন, ‘আমার মনে হয়, আসল পরীক্ষা হবে এখানকার কন্ডিশনের সঙ্গে আমরা কীভাবে এবং কত দ্রুত মানিয়ে নিতে পারি। তবে ছেলেরা অস্ট্রেলিয়ায় দারুণ একটি সফর শেষ করে এসেছে, যেখানে কন্ডিশন ছিল দক্ষিণ আফ্রিকার মতোই।’
তিনি আরও বলেন, ‘দক্ষিণ আফ্রিকার বোলারদের যে দক্ষতা, তাতে তারা গতি ও বাউন্স নিয়ে আক্রমণ করবে। তবে গত কয়েক মাসে মিচেল স্টার্ক ও জশ হ্যাজলউডের মতো বোলারদের বিপক্ষে খেলার অভিজ্ঞতা আমাদের ব্যাটারদের আত্মবিশ্বাস জোগাবে। ওয়েস্ট ইন্ডিজেরও কয়েকজন গতিময় বোলার রয়েছে। ফলে এসব বোলারকে সামলানোর আত্মবিশ্বাস তাদের আছে।’
বাংলাদেশের ব্যাটারদের মানসিক দৃঢ়তা বাড়ানোর ওপরও জোর দেন সাবেক এই অলরাউন্ডার। তার বিশ্বাস, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা করার সামর্থ্য দলের রয়েছে।
বেঙ্কেনস্টাইনের ভাষায়, ‘আপনাকে বিশ্বাস করতে হবে যে, আপনি মানিয়ে নিতে পারবেন এবং দক্ষিণ আফ্রিকার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন। আমি সত্যিই বিশ্বাস করি, দলের ভেতরে নীরবে সেই আত্মবিশ্বাস রয়েছে। পাশাপাশি লড়াই করার মতো দক্ষতাও তাদের আছে।’
