গত ১০ বছরে ছয়বার যমুনার ভাঙনের শিকার হয়ে বাঁধের উপরে আশ্রয় নিয়ে ছিল বগুড়ার সারিয়াকান্দি উপজেলার চকরতিনাথ সরকারি প্রাথমিক বিদ্যালয়টি।
গতকাল মঙ্গলবার রাতে ঝড়ে স্কুলটির টিনের ছাউনির প্রায় অর্ধেক উড়ে যায়। এখন খোলা আকাশে নিচে চলছে পাঠদান।
স্থানীয়রা জানান, গতকাল দিবাগত রাত ১২ টার পর হঠাৎ ঝড় শুরু হয়। এসময় স্কুলটির টিনের ছাউনির একটি অংশ উড়ে পাশের জমিতে পড়ে।
বিদ্যালয়ের সহকারী শিক্ষক আলমগীর কবির দ্য ডেইলি স্টারকে বলেন, ‘আজ সকালে স্কুলে এসে দেখি টিনের ছাউনির প্রায় অর্ধেক নাই। আজ স্কুলে ৬৫ জন শিক্ষার্থী এসেছে। বাধ্য হয়ে তাদের নিয়ে খোলা আকাশের নিচে রোদের মধ্যে বসতে হয়েছে।’
বিদ্যালয় সূত্রে জানা যায়, ২০১৫ সাল থেকে মোট ছয়বার যমুনার ভাঙনের মুখে পড়ে স্কুলটি এবং ছয়বার স্থানান্তর করা হয়েছে। সর্বশেষ এ বছরের ১১ মে হাটশেরপুর বাঁধের উপরে আশ্রয় নেয় স্কুলটি।
অভিভাবক সাখওয়াত সোহেল দ্য ডেইলি স্টারকে বলেন, ‘যমুনা ভাঙতে ভাঙতে এখন স্কুলটির ১০ মিটারের মধ্যে চলে এসেছে। যেকোনো সময় নদীগর্ভে বিলীন হয়ে যেতে পারে স্কুলটি।’
স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জিন্নাহ আলম জানান, স্কুলে কোনো শৌচাগার ও বিশুদ্ধ পানির ব্যবস্থা নেই। এমনকি শিক্ষকদের বসার ব্যবস্থাও নেই।
আরেক শিক্ষক আলমগীর কবির জানান, বাঁধের উপর হওয়ায় স্কুলের আশপাশে সব সময় মানুষ, গরু-ছাগল ও ঘোড়ার গাড়ি চলাচল করে। ফলে শিক্ষার্থীরা মনোযোগ দিতে পারে না।
বিদ্যালয় সূত্র জানায়, স্কুলটিতে সাতটি পদ থাকলেও শিক্ষক রয়েছেন পাঁচজন। দুইজন নারী শিক্ষক। টয়লেটের ব্যবস্থা না থাকায় জরুরি প্রয়োজনে অন্যের বাড়িতে যেতে হয় তাদের।
১৯১৯ সালে প্রতিষ্ঠিত এই স্কুলটিতে এক সময় শিক্ষার্থীর সংখ্যা ছিল প্রায় ৫০০। ৬ বার স্থানান্তরের পর শিক্ষার্থীর সংখ্যা কমে দাঁড়িয়েছে ৭৩ জনে।
শিক্ষকরা জানান, ৮ মাসে আগে স্কুলটির জন্য নতুন জায়গা নির্ধারণ হলেও স্থানান্তর করা হয়নি।
তাদের অভিযোগ, উপজেলা প্রকল্প কর্মকর্তাকে নতুন জায়গায় মাটি ভরাটের দায়িত্ব দেওয়া হলেও এখনো কোনো কাজ করেননি তিনি।
এ বিষয়ে গত জুলাই মাসে সারিয়াকান্দি উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শেখ মো. মাহতাবুর রহমান দ্য ডেইলি স্টারকে জানিয়েছিলেন, নদীর পূর্বপাশে নতুন জেগে উঠা একটি চরে স্কুলটি স্থানান্তরের জন্য জায়গা নির্ধারণ করা হয়েছে।
এ ব্যাপারে জানতে চাইলে সারিয়াকান্দি উপজেলা প্রকল্প কর্মকর্তা রাশেদুল ইসলাম বলেন, ‘নতুন জায়গায় মাটি কাটার জন্য কোনো আলাদা বরাদ্দ নেই। রেগুলার বরাদ্দ পেয়েছি। আগামী ১০-১২ দিনের মধ্যে মাটি কাটার কাজ শুরু হবে।’
সারিকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম মিকাইল ইসলাম দ্য ডেইলি স্টারকে বলেন, ‘মাটি কাটার জন্য কোনো বরাদ্দ ছিল না। সম্প্রতি উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা একটি বরাদ্দ পেয়েছেন। দ্রুত স্কুলটি স্থানান্তরের ব্যবস্থা করা হবে।’
