সম্প্রতি অগ্নিসংযোগ, ভাঙচুর ও সহিংসতার পরিপ্রেক্ষিতে ক্ষমতাচ্যুত ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে রাজপথে মোকাবিলায় আলাদাভাবে তৎপরতা বাড়াচ্ছে ক্ষমতাসীন বিএনপি ও বিরোধী দলগুলো।
রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ থাকলেও আওয়ামী লীগের নেতাকর্মীদের সাম্প্রতিক সহিংসতায় জড়িত থাকার অভিযোগে রাজনৈতিক উত্তেজনা বেড়েছে। একইসঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে।
গোপালগঞ্জে বিএনপির দুই সংসদ সদস্যের বাড়ি ও সরকারি স্থাপনায় হামলার পর দেশজুড়ে বিক্ষোভ করেছে বিএনপি ও এর অঙ্গসংগঠনগুলো। ওইসব হামলায় বিভিন্ন ভবনে অগ্নিসংযোগ, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে।
গতকাল বৃহস্পতিবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী অস্থিরতা ও নাশকতায় জড়িত ব্যক্তিদের আর ছাড় দেওয়া হবে না বলে সতর্ক করেন।
তিনি বলেন, ‘আমরা কোনো অগণতান্ত্রিক বা অমানবিক পদ্ধতি অবলম্বন করব না। বরং জনগণের ঐক্যবদ্ধ শক্তি নিয়ে তারা যেখানে দেখা দেবে, সেখানেই প্রতিরোধ করব। তাদের আইনের আওতায় আনা ও সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে।’
সাম্প্রতিক সহিংসতা ও অগ্নিসংযোগের প্রতিবাদে গতকাল দেশের বিভিন্ন স্থানে সমাবেশ, মিছিল, মোটরসাইকেল শোভাযাত্রা ও অবস্থান কর্মসূচি পালন করেন বিএনপি নেতাকর্মীরা।
রিজভী জানান, বিএনপি ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস, ১৬ ডিসেম্বর বিজয় দিবস ও ৩০ ডিসেম্বর সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকী পালন করবে। এ ছাড়া ২৫ ডিসেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের প্রথম বার্ষিকী উদ্যাপন করবে দলটি।
এদিকে, রাজপথে কর্মসূচি পালনের কথা জানিয়েছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১-দলীয় জোট।
গতকাল মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে ১১-দলীয় জোটের শীর্ষ নেতাদের বৈঠক শেষে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক বলেন, অস্থিরতা সৃষ্টির চেষ্টা প্রতিহত করতে ঐক্য রাজপথে সক্রিয় থাকবে।
তিনি বলেন, ‘আমরা ১১টি দল রাজপথে আছি। আমরা জনগণের পাশে থাকব ও দেশবিরোধী কর্মকাণ্ড, সন্ত্রাস কিংবা রাজপথে অস্থিরতা সৃষ্টির যেকোনো অপচেষ্টা প্রতিহত করতে একসঙ্গে কাজ করব।’
সরকারের জাতীয় ঐক্যের আহ্বান প্রসঙ্গে তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের আহ্বানে বিরোধীদলীয় নেতা নীতিগতভাবে ইতিবাচক সাড়া দিয়েছেন।
তিনি বলেন, ‘বর্তমান পরিস্থিতিতে আমরা মনে করি, পরাজিত ও আধিপত্যবাদী শক্তির হাত থেকে দেশকে রক্ষা করা অন্য সবকিছুর চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।’
পরিস্থিতি বিবেচনায় ১১ দলীয় ঐক্য ও এর শরিক দলগুলো পর্যায়ক্রমে কর্মসূচি ঘোষণা করবে বলেও জানান তিনি।
এদিকে, সহিংসতা ও নাশকতা প্রতিরোধ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার অভিযোগ তুলে সমাবেশ ও বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষণা করেছে জামায়াতে ইসলামী।
ঘোষিত কর্মসূচি অনুযায়ী, ২১ নভেম্বর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে, ২৫ নভেম্বর ঢাকার বাইরে ১১টি মহানগরে, ২৬ নভেম্বর জেলা সদরে এবং ৩০ নভেম্বর সারা দেশের উপজেলা ও থানা পর্যায়ে কর্মসূচি পালন করা হবে।
ডিসেম্বরজুড়ে বিজয় দিবস, শহীদ বুদ্ধিজীবী দিবস, আন্তর্জাতিক মানবাধিকার দিবসসহ নানা উপলক্ষে আলোচনা সভা, মানববন্ধন ও বিজয় শোভাযাত্রার আয়োজন করবে জামায়াত।
শরিক খেলাফত মজলিস ২৪ নভেম্বর দুপুর ৩টায় বায়তুল মোকাররমের উত্তর গেটে আলাদা বিক্ষোভ মিছিল করবে।
জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার নিত্যপণ্য ও বিদ্যুতের দাম বৃদ্ধি ও লোডশেডিং নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। গণভোটের ফল বাস্তবায়ন না করে এবং বিরোধী দলগুলোর সঙ্গে আলোচনা ছাড়াই সরকার একতরফা সিদ্ধান্ত নিচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
এ ছাড়া আওয়ামী লীগের নেতাকর্মীরা সহিংসতা, ভাঙচুর ও অগ্নিসংযোগে জড়িত বলে অভিযোগ করেন তিনি।
জাতীয় নাগরিক পার্টিও (এনসিপি) মাঠে থাকার ঘোষণা দিয়েছে । ২৩ নভেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত রাজধানী ঢাকাসহ দেশের সব জেলা ও মহানগরে ধারাবাহিক বিক্ষোভ ও প্রতিবাদ সভা করবে দলটি।
গতকাল সন্ধ্যায় রাজধানীর বাংলামোটরে দলীয় কার্যালয়ে এনসিপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম রাজনৈতিক পর্ষদের জরুরি বৈঠক শেষে সংবাদ সম্মেলনে দলের সদস্যসচিব ও সংসদ সদস্য আখতার হোসেন এই কর্মসূচির কথা জানান।
‘গণহত্যাকারী সংগঠন আওয়ামী লীগের বিচার, শেখ হাসিনার ফাঁসির রায় কার্যকর করা, গণহত্যাকারীদের বিচার ত্বরান্বিত করা ও গঙ্গা চুক্তিতে বাংলাদেশের ন্যায্য হিস্যা আদায়ের দাবিতে’ এসব কর্মসূচি করবে এনসিপি।
সংবাদ সম্মেলনে আখতার বলেন, ‘পতিত ফ্যাসিবাদী শক্তি আওয়ামী লীগ এবং তাদের দোসরেরা যাতে বাংলাদেশে মাথা উঁচু করে দাঁড়াতে না পারে, তার জন্য বাংলাদেশের সব জনতাকে সঙ্গে নিয়ে রাজপথ দখলে রাখতে সক্রিয় থাকবেন এনসিপির প্রতিটি নেতাকর্মী।’
