ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবিএল) থেকে ২৫ কোটি টাকা আত্মসাৎ ও পাচারের মামলায় সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের ১৫ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে ৫০ কোটি টাকা জরিমানা করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে চট্টগ্রামের বিভাগীয় বিশেষ জজ মিজানুর রহমান এ রায় দেন।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী মোকাররম হোসেন দ্য ডেইলি স্টারকে বলেন, মামলায় ১৭ জনকে সাজা ও ১৯ জনকে খালাস দেওয়া হয়েছে।
আসামিপক্ষের আইনজীবী প্রকৃতি চৌধুরী ছোটন বলেন, অর্থ পাচারের দায়ে জাভেদকে ১০ বছর এবং অর্থ আত্মসাতের দায়ে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। তার স্ত্রী রুকমিলা জামানকে দেওয়া হয়েছে ১০ বছরের কারাদণ্ড।
তিনি বলেন, এ রায়ের বিরুদ্ধে আমরা হাইকোর্টে আপিল করব।
রায় ঘোষণার সময় চার আসামি আদালতে উপস্থিত ছিলেন। তাদের মধ্যে একজন খালাস পেয়েছেন।
২০২৫ সালের ২৪ জুলাই দুদকের প্রধান কার্যালয়ের উপপরিচালক মো. মশিউর রহমান মামলাটি করেন।
মামলার আসামিদের মধ্যে রয়েছেন—সাইফুজ্জামান, তার স্ত্রী ও ইউসিবির সাবেক চেয়ারম্যান রুকমিলা জামান, ব্যাংকটির পরিচালক আসিফুজ্জামান চৌধুরী, তার বোন রোকসানা জামান চৌধুরী এবং ইউসিবি ও আরামিট গ্রুপের কর্মকর্তারা।
মামলার এজাহার অনুযায়ী, ‘ভিশন ট্রেডিং’ নামে একটি ভুয়া প্রতিষ্ঠান গড়ে তোলা হয়, যার প্রধান ছিলেন আরামিট গ্রুপের এক কর্মচারী। আরামিট গ্রুপের মালিক ছিলেন সাইফুজ্জামান চৌধুরী।
এরপর চট্টগ্রামে ইউসিবির পোর্ট শাখা গম, মটরশুঁটি, হলুদ ও ছোলা আমদানির জন্য ভিশন ট্রেডিংকে ২৫ কোটি টাকার ঋণ অনুমোদন করে।
ঋণের অর্থ আলফা ট্রেডার্স, ক্লাসিক ট্রেডিং, মডেল ট্রেডিং ও ইম্পেরিয়াল ট্রেডিং নামে চারটি প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবে স্থানান্তর করা হয়।
অভিযোগ অনুযায়ী, এসব প্রতিষ্ঠানও আরামিট গ্রুপের অন্য কর্মচারীদের মালিকানাধীন দেখিয়ে গড়ে তোলা হয়েছিল। পরে এসব অর্থ তুলে পাচার করা হয়।
এজাহারে আরও অভিযোগ করা হয়, চার প্রতিষ্ঠানের মাধ্যমে উত্তোলন করা অর্থ বিভিন্ন সময়ে ইউসিবির বহদ্দারহাট শাখায় পে-অর্ডার ও ভাউচারের মাধ্যমে সাইফুজ্জামানের মালিকানাধীন আরামিট গ্রুপের বিভিন্ন হিসাবে ফেরত দেওয়া হয়।
