চট্টগ্রামের মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল হালিমকে হোয়াটসঅ্যাপে একাধিক বার্তা পাঠিয়ে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। হুমকিদাতা নিজেকে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা বলে পরিচয় দিয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
জোরারগঞ্জ থানা সূত্রে জানা গেছে, গত বুধবার রাতে বিদেশি একটি নম্বর থেকে হোয়াটসঅ্যাপে ওসিকে এসব হুমকি দেওয়া হয়।
এ ঘটনায় ওইদিন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের লিখিতভাবে জানানোর পাশাপাশি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন ওসি আব্দুল হালিম।
এ বিষয়ে জানতে চাইলে ওসি আব্দুল হালিম দ্য ডেইলি স্টারকে বলেন, নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীদের গ্রেপ্তার করার অভিযোগ তুলে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি আমাকে ও আমার পরিবারের সদস্যদের হত্যার হুমকি দিয়েছেন।
তিনি বলেন, গত ১৮ নভেম্বর রাত ৮টা ৫৩ মিনিটের পর থেকে বিভিন্ন সময়ে এসব খুদেবার্তা পাঠানো হয়। একটি বার্তায় ভবিষ্যতে ছাত্রলীগের কোনো নেতাকর্মীকে গ্রেপ্তার করা হলে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি দেওয়া হয়। অন্য একটি বার্তায় লেখা হয়, ‘তোর পরিবার শেষ করে দেবো, তোর বংশ শেষ করে দেবো, কাফনের কাপড় রেডি রাখিস, নাইলে রাস্তায় পড়ে থাকবি।
ওসি বলেন, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও গোয়েন্দা সংস্থাকে জানানো হয়েছে। আনুষ্ঠানিকভাবে নথিভুক্ত রাখতে থানায় একটি জিডি করেছি। তবে এ ধরনের হুমকিতে আমি মোটেও ভীত নই।
