অবশেষে মুক্তি পেয়েছে বহুল প্রতীক্ষিত ভিডিও গেম সিরিজ ‘গ্র্যান্ড থেফট অটো’র সর্বশেষ সংস্করণ। আর সেন্সর টাওয়ারের হিসাব অনুযায়ী, প্রথম দিনই এর ২ কোটি ৪৫ লাখ ৮০ হাজার কপি বিক্রি হয়েছে। এর থেকে আয় হয়েছে প্রায় ২ দশমিক ৩৬ বিলিয়ন ডলার।
ধারণা করা হচ্ছে, টেক-টু ইন্টারঅ্যাকটিভের রকস্টার গেমস নির্মিত গেমটি তৈরিতে খরচ হয়েছে ১ বিলিয়ন ডলারেরও বেশি। এটি গেমারদের কাছে ‘জিটিএ সিক্স’ নামে পরিচিত।
২০১৩ সালে জিটিএ ফাইভ মুক্তির প্রায় ১৩ বছর পর নতুন গেমটি গতকাল বৃহস্পতিবার থেকে খেলার সুযোগ পেয়েছেন গেমাররা। তবে অনেকেই আগে থেকে তাদের কনসোলে গেমটি ডাউনলোড করে রেখেছিলেন। মুক্তির আগেই অনেকে গেমটি কিনে রেখেছিলেন।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে গেমটি শুধু সনির প্লেস্টেশন ৫ ও ৫ প্রো এবং মাইক্রোসফটের এক্সবক্স সিরিজ এক্স ও এস কনসোলের জন্য মুক্তি পেয়েছে। পিসি সংস্করণ কবে মুক্তি পাবে, তা এখনো জানায়নি নির্মাতা প্রতিষ্ঠান।
১৯৯৭ সালে যাত্রা শুরুর পর থেকে সর্বকালের সবচেয়ে বেশি বিক্রি হওয়া ভিডিও গেম সিরিজগুলোর একটিতে পরিণত হয়েছে ‘গ্র্যান্ড থেফট অটো’।
খাতসংশ্লিষ্টরা মনে করছেন, নতুন গেমটি থেকে এর নির্মাতা প্রতিষ্ঠান কয়েক বিলিয়ন ডলার আয় করতে পারে।
মেটাক্রিটিকের সর্বকালের সেরা গেমের তালিকায় ৯৯ স্কোর নিয়ে যৌথভাবে শীর্ষে রয়েছে গেমটি। নিনটেন্ডোর ১৯৯৮ সালে মুক্তি পাওয়া গেম ‘দ্য লিজেন্ড অব জেলডা: ওকারিনা অব টাইম’-এর স্কোরও ৯৯। অন্যান্য প্রথম সারির গেমিং ওয়েবসাইটেও জিটিএর রিভিউ বেশ ভালো।
গেমটির প্রেক্ষাপট ‘ভাইস সিটি’ নামে একটি কাল্পনিক শহর। এর আগে ‘গ্র্যান্ড থেফট অটো: ভাইস সিটি’ নামে মুক্তি পাওয়া গেমটি বাংলাদেশেও জনপ্রিয়তা পেয়েছিল।
তবে, সময়ের সঙ্গে এর যে পরিবর্তন এসেছে, সেই তুলনায় মূল ‘গ্র্যান্ড থেফট অটো’ গেমটিকে বেশ সাদামাটা মনে হয়। এর কাহিনিতে ছিল গাড়ি চুরি ও অপরাধী চক্রের হয়ে নানা কাজ করা। রাজনীতিবিদ ও অভিভাবকরা গেমের বিষয়বস্তুতে ক্ষুব্ধ হলেও গেমাররা বেশ আনন্দের সঙ্গেই এটি গ্রহণ করেছিল।
তবে সিরিজটির পরবর্তী সংস্করণগুলো ক্রমেই উন্নত হয়েছে। শুরুর দিকের বার্ডস-আই-ভিউ গেম থেকে সিরিজটি ধীরে ধীরে অত্যাধুনিক থ্রিডি গেমে রূপ নিয়েছে।
২০১৩ সালে মুক্তি পাওয়া ‘জিটিএ ফাইভের’ পটভূমি ছিল কাল্পনিক শহর লস সান্তোস, যা লস অ্যাঞ্জেলেসের আদলে তৈরি। এবার গেমটির ঘটনাপ্রবাহ চলে গেছে লিওনিডা অঙ্গরাজ্যের ভাইস সিটিতে। এটি ফ্লোরিডা অঙ্গরাজ্যের কাল্পনিক রূপ। আর ভাইস সিটি তৈরি হয়েছে মায়ামির আদলে।
এবারই প্রথম জিটিএ সিরিজের মূল গল্পে একজন নারীকে প্রধান চরিত্রে পাওয়া যাচ্ছে। তিনি লুসিয়া কামিনোস। অপর প্রধান চরিত্রের নাম জেসন ডুভাল। এই যুগল অপরাধজগতেরও সঙ্গী।
