কিলিয়ান এমবাপেকে পেছনে ফেলে নতুন ইতিহাস গড়ার সুযোগ লামিন ইয়ামালের সামনে। বয়স এখনও ২০ হয়নি, অথচ চ্যাম্পিয়ন্স লিগে গোলসংখ্যায় এরই মধ্যে ছুঁয়ে ফেলেছেন ফরাসি তারকাকে। দুজনেরই গোল ১৩টি। আর একটি গোল করতে পারলেই চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে ২০ বছর পূর্ণ হওয়ার আগে সর্বোচ্চ গোলের রেকর্ড এককভাবে নিজের করে নেবেন বার্সেলোনার এই তরুণ।
কিছুদিন আগেই ব্যালন ডি’অরের লড়াইয়ে ছিলেন দুজন। শেষ পর্যন্ত অবশ্য তাদের কাউকেই পুরস্কারটি জিততে দেননি হ্যারি কেইন। ইংল্যান্ডের এই স্ট্রাইকারের হাতে উঠেছে এবারের ব্যালন ডি’অর। এমবাপে হয়েছেন দ্বিতীয়, ইয়ামাল তৃতীয়। ব্যক্তিগত সেই পুরস্কারের লড়াই শেষ হলেও এবার নতুন এক রেকর্ড ঘিরে আলোচনায় দুই তারকা।
চ্যাম্পিয়ন্স লিগে ২০ বছর বয়স পূর্ণ হওয়ার আগে সবচেয়ে বেশি গোলের রেকর্ড এত দিন এককভাবে ছিল এমবাপের দখলে। মোনাকো ও পিএসজির হয়ে ২৩ ম্যাচে ১৩ গোল করেছিলেন তিনি। গত মাসে পিএসজির বিপক্ষে গোল করে সেই রেকর্ডে ভাগ বসান ইয়ামাল। তবে একই সংখ্যক গোল করতে বার্সেলোনার এই উইঙ্গারকে খেলতে হয়েছে ৩৬ ম্যাচ।
এখন আর একটি গোল পেলেই এমবাপেকে ছাড়িয়ে যাবেন ইয়ামাল। ১৪ গোল নিয়ে প্রতিযোগিতাটির ইতিহাসে অনূর্ধ্ব-২০ বয়সী ফুটবলারদের মধ্যে এককভাবে সর্বোচ্চ গোলদাতা হয়ে উঠবেন স্প্যানিশ তারকা। আজ রাতে অ্যাস্টন ভিলার বিপক্ষেই সেই ইতিহাস গড়ার সুযোগ পাচ্ছেন তিনি।
অবশ্য রেকর্ড গড়ার জন্য খুব বেশি তাড়াহুড়াও করতে হচ্ছে না ইয়ামালকে। আগামী বছরের ১৩ জুলাই ২০ বছর পূর্ণ হবে তার। অর্থাৎ চলতি মৌসুমের বাকি সময়টুকু পাচ্ছেন এই রেকর্ড আরও সমৃদ্ধ করার জন্য।
এই তালিকায় ইয়ামাল ও এমবাপের পরেই রয়েছেন আর্লিং হলান্ড। নরওয়েজীয় এই স্ট্রাইকার ২০ বছর পূর্ণ হওয়ার আগে চ্যাম্পিয়ন্স লিগে করেছিলেন ১০ গোল। তবে তার কীর্তির বিশেষত্ব অন্য জায়গায়। মাত্র ৮ ম্যাচেই গোলগুলো করেছিলেন তিনি।
তালিকার পরের দিকে রয়েছেন আরও কয়েকজন কিংবদন্তি। প্যাট্রিক ক্লুইভার্ট করেছিলেন ৭ গোল। আর রাউল গঞ্জালেস, করিম বেনজেমা ও জুড বেলিংহামের প্রত্যেকের গোল ৬টি করে।
রেকর্ডের সামনে দাঁড়িয়ে থাকা ইয়ামালের সাম্প্রতিক পারফরম্যান্সও দুর্দান্ত। গত শনিবার স্প্যানিশ লা লিগায় আলাভেসকে ৬-১ গোলে উড়িয়ে দিয়েছে বার্সেলোনা। সেই ম্যাচে জোড়া গোল করার পাশাপাশি একটি গোলে সহায়তা করেছেন ১৯ বছর বয়সী এই উইঙ্গার।
এরই মধ্যে চ্যাম্পিয়নস লিগে ১৮ ও ১৯ বছর পূর্ণ হওয়ার আগে সর্বোচ্চ গোলের রেকর্ড নিজের করে নিয়েছেন ইয়ামাল। এবার সুযোগ ২০ বছর পূর্ণ হওয়ার আগের রেকর্ডটিও এককভাবে দখলে নেওয়ার।
