Homeসারাদেশ‘দীপ কৌশলে প্রশ্ন এড়াচ্ছেন, নীরব থাকছেন’—আবেদনে আরও ৩ দিন রিমান্ড মঞ্জুর

‘দীপ কৌশলে প্রশ্ন এড়াচ্ছেন, নীরব থাকছেন’—আবেদনে আরও ৩ দিন রিমান্ড মঞ্জুর

বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় গ্রেপ্তার আহমেদ শাহরিয়ার রেজা দীপকে নতুন করে ৩ দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।

৪ দিনের রিমান্ড শেষে আজ মঙ্গলবার তাকে আদালতে হাজির করা হলে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসান শাহাদাত এ আদেশ দেন।

অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মুহাম্মদ শামসুদ্দোহা সুমন দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, পুলিশ দীপের আরও ৫ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেছিল।

এর আগে, গত ৩১ অক্টোবর দীপকে ৪ দিনের রিমান্ডে পাঠিয়েছিলেন আদালত।

রিমান্ড শেষে কড়া নিরাপত্তার মধ্যে ২৩ বছর বয়সী দীপকে আজ বিকেলে এজলাসে হাজির করা হয়।

আদালতে জমা দেওয়া পুলিশের ফরোয়ার্ডিং আবেদনে বলা হয়, গত ৪ দিনের রিমান্ডে ঘটনার বিষয়ে ব্যাপকভাবে বিভিন্ন কৌশল অবলম্বন করে দীপকে জিজ্ঞাসাবাদ করা হয়।

জিজ্ঞাসাবাদে তিনি জানান, গত ২৭ অক্টোবর সন্ধ্যা ৬টার দিকে তাহসিফকে উত্তরার বাসা থেকে ডেকে নিয়ে যান দীপ। পরে তাহসিফ, দীপ ও আরেক আসামি জেরিকা তাসনিম দিশা একসঙ্গে বিভিন্ন স্থানে ঘোরাঘুরি করেন। একপর্যায়ে দিশা বাসায় চলে যান।

পরে তাহসিফ ও দীপ রাত ১২টা ৪০ মিনিটের দিকে টঙ্গী মাজারবস্তিতে পৌঁছান এবং বস্তির ভেতর দিয়ে অতিক্রম করে তুরাগ নদীর তীরবর্তী একটি মাঠে যান। সেখানে কয়েকজনকে দেখে তারা আলাদা হয়ে যান বলে দীপ জিজ্ঞাসাবাদে জানান।

আবেদনে বলা হয়, দীপ ঘটনা সম্পর্কে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন, যা তদন্তের স্বার্থে গোপন রেখে যাচাই-বাছাই চলছে। তিনি অত্যন্ত চতুর প্রকৃতির হওয়ায় একাধিক প্রশ্নের জবাব কৌশলে এড়িয়ে যান এবং নীরব থাকেন।

এতে আরও বলা হয়, তাহসিফ, দীপ ও দিশা ঘটনার দিন একসঙ্গে ঘোরাফেরাসহ বিভিন্ন রেস্টুরেন্টে খাবার খান এবং এ পর্যন্ত পাওয়া তথ্যে দেখা যায় যে, তাহসিফ মারা যাওয়ার আগে শেষবারের মতো ওই দুইজনের সঙ্গে ছিলেন বলে দেখা গেছে।

গ্রেপ্তার দীপ ও দিশা কোনো না কোনোভাবে এ মামলার ঘটনার সঙ্গে জড়িত আছে বলে পর্যাপ্ত তথ্য-প্রমাণ পাওয়া গেছে বলেও আদালতকে জানিয়েছে পুলিশ।

আবেদনে বলা হয়, দীপ জামিনে মুক্তি পেলে পালিয়ে গেলে তদন্তে ব্যাঘাত ঘটতে পারে। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে মামলার মূল রহস্য উদঘাটনসহ ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করাসহ আরও নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিনের রিমান্ড প্রয়োজন।

জিজ্ঞাসাবাদে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দীপের উপস্থিতিতে যাচাই-বাছাই ও বিশ্লেষণ ও পর্যবেক্ষণ করা প্রয়োজন বলে মনে করছে পুলিশ।

পুলিশ আরও মনে করছে, পাশাপাশি তাহসিফের সঙ্গে দীপ নেস্ট রেস্টুরেন্ট থেকে কিছু সময়ের জন্য বাইরে গিয়ে ১৫-২০ মিনিট কোথায় যোগাযোগ করেছেন তাও পর্যালোচনা করা প্রয়োজন। সংশ্লিষ্টদের মোবাইল ফোনের কল রেকর্ড পর্যালোচনা, আলামত উদ্ধার, হত্যার উদ্দেশ্য ও হত্যার স্থান নির্ধারণ করতে দীপকে জিজ্ঞাসাবাদ প্রয়োজন।

RELATED ARTICLES

Most Popular