১২ রানে দুই উইকেট পড়ার পর ক্রিজে এসেছিলেন টেম্বা বাভুমা, থিতু হওয়ার আগে পঞ্চাশ রানের ভেতর পড়ে যায় ৪ উইকেট। ১১০ রানে ৬ উইকেট হারিয়ে অল্পতে গুটিয়ে যাওয়ার শঙ্কায় পড়েছিলো দক্ষিণ আফ্রিকা। এরপর লোয়ার অর্ডার নিয়ে অবিস্মরণীয় লড়াইয়ের গল্প লিখলেন প্রোটিয়া অধিনায়ক। খেললেন ১৭৯ রানের মহাকাব্যিক ইনিংস, দক্ষিণ আফ্রিকা পেল বড় পুঁজি।
এমন এক ইনিংসের পর বাভুমা বলছেন, দলের চরম কোণঠাসা পরিস্থিতিতেই নিজেকে নিংড়ে সেরাটা দেওয়ার তাড়না পান তিনি।
মঙ্গলবার সেন্ট জর্জ’স পার্কে সংবাদ সম্মেলনে যখন কথা বলতে এলেন, তখন বাভুমাকে দেখে বোঝার উপায় ছিল না তিনি টানা তিন দিন ধরে ব্যাটিং করে এসেছেন। মাঠে তার বাস্তবতাও ছিল খানিকটা আলাদা।
গত রবিবার গার্ড নেওয়া বাভুমা আউট হয়েছেন মঙ্গলবারে। তবে বৃষ্টি ও ভেজা আউটফিল্ডের কারণে ম্যাচের প্রথম দুই দিনে ১৩৭ ওভার নষ্ট হয়। ফলে দিনের চেয়ে ঘণ্টার হিসেবেই তার ইনিংসটির গভীরতা প্রকাশ পায় বেশি—৯ ঘণ্টারও বেশি সময় উইকেটে থিতু থেকে ৩৩৪ বলের মুখোমুখি হন তিনি। ১৮টি চার ও একটি ছক্কায় খেলেন ১৭৯ রানের ক্যারিয়ার সেরা ইনিংস, যা তার পঞ্চম টেস্ট শতক। এতে ভর করেই ১২ রানে ২ উইকেট হারানো প্রোটিয়ারা শেষ পর্যন্ত ৯ উইকেটে ৪২৫ রান তুলে ইনিংস ঘোষণা করে। জবাবে নেমে অস্ট্রেলিয়া ৪ ওভার শেষে ৩ রান তুলতেই আলো স্বল্পতায় দিনের খেলা স্থগিত হয়ে যায়।
সংবাদ সম্মেলনে ক্রিজে আসার মুহূর্তটি নিয়ে টেম্বা বাভুমা বলেন, ‘আমি যখন ক্রিজে আসি, পরিস্থিতি পুরোটাই ছিল বোলারদের পক্ষে। কন্ডিশন, পিচের আচরণ—সবই তাদের অনুকূলে ছিল। আর আমরা শুরুতেই জোড়া উইকেট হারিয়ে ফেলেছিলাম।’
কথাগুলো কোনো বিস্ময় ছাড়াই বললেন বাভুমা। কারণ দক্ষিণ আফ্রিকার সংকটের কাণ্ডারি হিসেবে এমন বিষম পরিস্থিতিতে তাকে পড়তে হয়েছে বারবার, ‘আমি বেশ কয়েকবারই এমন পরিস্থিতিতে পড়েছি। মনে হয়, এগুলোই আমার ভেতরের সেরাটা বের করে আনে। মানসিকতার জায়গায় আলাদা কিছু ছিল না। সবসময় যেভাবে খেলি, এবারও মাটিতে কামড় দিয়ে সেভাবেই পড়ে থেকেছি।’
বাভুমা আরও যোগ করেন, ‘দলেকে একটি লড়াই করার মতো জায়গায় নিয়ে যেতে পেরে ভালো লাগছে। ব্যক্তিগত দিক থেকে তফাত এটাই যে, এবার বড় একটি ইনিংস খেলতে পেরেছি।’
এই লড়াইয়ে লোয়ার অর্ডারে মার্কো ইয়ানসেনের সঙ্গে ১৩২ রানের জুটি গড়েন বাভুমা। এরপর সাইমন হারমারকে সঙ্গে নিয়ে উপহার দেন ১৮৩ রানের রেকর্ড জুটি, যা টেস্টে অষ্টম উইকেটে দক্ষিণ আফ্রিকার সর্বোচ্চ।
ইয়ানসেন ও হারমারের অবদান নিয়ে অধিনায়কের মন্তব্য, ‘মার্কো বোলারদের ওপর পাল্টা আক্রমণ চালিয়েছিল। ও দারুণভাবে টাইমিং করেছে এবং গ্যাপ খুঁজে রান বের করেছে। সাইমনও ভীষণ মনোযোগী ছিল। তারা নিজেদের উইকেটের মূল্য বুঝতে পেরেছে।’
সোম ও রবিবারের তুলনায় মঙ্গলবারে উইকেট কিছুটা সহজ হয়ে এসেছিল কি না—এমন প্রশ্নে একমত হননি বাভুমা, ‘ব্যাটিং সহজ হয়ে গেছে বলব না। আমার মাইন্ডসেটে কোনো পরিবর্তন আসেনি। সবসময় চেষ্টা ছিল যতটা সম্ভব সোজা ব্যাটে আঁটসাঁট হয়ে খেলার এবং এই গেমপ্ল্যান ধরে রাখার।’
‘আমি কখনোই নিজেকে পুরোপুরি থিতু মনে করিনি। মাঝে মাঝেই কোনো বল হঠাৎ লাফিয়ে উঠছিল বা সুইং করছিল। তবে বল একটু নরম হওয়ার পর কিছুটা স্বস্তি পাওয়া গেছে।’
ম্যাচে এখনও দুই দিন বাকি থাকলেও প্রথম ইনিংস শেষ হয়নি। বাকি সময় নিয়ে বাভুমা জানান, ইতিবাচক ফল পেতে হলে তাদের লম্বা সময় ফিল্ডিং করতে হবে। ‘আমাদের মানসিকভাবে প্রস্তুত হতে হবে। বিশেষ করে নতুন বলে পিচে এখনও সাহায্য আছে। দীর্ঘ সময় সঠিক জায়গায় বল ফেলতে পারলে যে কোনো কিছু ঘটতে পারে। আমরা জয়ের জন্যই ঝাঁপাব।’
প্রথম টেস্টে ২১৪ রানে হেরে ব্যাকফুটে থাকা দক্ষিণ আফ্রিকা এই ম্যাচটিতেও একপর্যায়ে ১১০ রানে ৬ উইকেট হারিয়ে বসেছিল। সেখান থেকে বাভুমা, ইয়ানসেন ও হারমারের বীরত্বে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়েছে প্রোটিয়ারা। আর এই রূপকথার কেন্দ্রে ছিলেন অধিনায়ক টেম্বা বাভুমা নিজেই।
