ত্রিদেশীয় সিরিজে জিম্বাবুয়ের কাছে প্রথম ম্যাচে বাংলাদেশ যেভাবে হেরেছে, তা ছিল বেশ দৃষ্টিকটু। র্যাঙ্কিংয়ে পিছিয়ে থাকা প্রতিপক্ষের বিপক্ষে বিন্দুমাত্র লড়াই জমাতে না পারা তাওহিদ হৃদয়দের হার মাঠে বসেই দেখেন বিসিবি সভাপতি তামিম ইকবাল। সেদিন ম্যাচ শেষে বোর্ডপ্রধানের সঙ্গে লম্বা আলোচনা হয় গোটা দলের। সেই আলোচনায় আসলে কী হয়েছে, তা নিজের মতো করে জানালেন ওপেনার তানজিদ হাসান তামিম।
জিম্বাবুয়ের দেওয়া ২৭২ রানের লক্ষ্য তাড়া করতে গিয়ে টেনেটুনে ১৭২ রান করা বাংলাদেশের পারফরম্যান্স ছিল বেশ মলিন। এমন হারের পর ফাইনালে ওঠার লড়াইয়েও পিছিয়ে যায় দল।
এক সূত্রে জানা যায়, এই সভায় ওয়ানডেতে দলের পারফরম্যান্স নিয়ে তামিম বেশ কড়া বার্তাই দেন ক্রিকেটারদের। আফগানিস্তানের বিপক্ষে বাঁচা-মরার লড়াইয়ের আগে তানজিদ অবশ্য জানালেন, তামিমের কাছ থেকে প্রেরণা পেয়েছেন তারা—’আসলে আমি বলব যে, খুব ভালো একটা মিটিং হয়েছে ওনার সঙ্গে আমাদের। কারণ দেখেন, বিসিবি আমাদের ভালো সময়, খারাপ সময়—সবসময় পাশে থাকে। আমাদের কোনো সমস্যা হচ্ছে কি না জানতে চেয়েছেন; কারণ জিম্বাবুয়ের সঙ্গে আমরা ওয়ানডে সিরিজটা হেরেছি, আবার এখানেও হারলাম।’
‘সবকিছু মিলিয়ে উনি আমাদের আত্মবিশ্বাস জুগিয়েছেন আরও। আমরা পরিবারের মতো। কখনো কেউই চায় না যে, এই পরিবারের ভেতরে নেতিবাচক কোনো কিছু তৈরি হোক। উনি আমাদের সেই ইতিবাচক বার্তাটাই দিয়েছেন, যাতে আমরা সবাই একসঙ্গে থাকি এবং দল হিসেবে আমরা ভালোভাবে মাঠে পারফর্ম করতে পারি প্রতিটা ম্যাচে।’
দলের ভেতরে একতাবদ্ধতা আছে কি না, তা নিয়ে কদিন ধরেই একটা প্রশ্ন ঘোরপাক খাচ্ছে। তানজিদের কথায় পাওয়া গেল, তামিমও সেদিকেই নজর দিয়েছেন, ‘প্রতিপক্ষ জিম্বাবুয়ে কিংবা অস্ট্রেলিয়া—এটা না দেখে কীভাবে আমরা প্রতিটা ম্যাচ আন্তর্জাতিক ম্যাচ হিসেবে ভালোভাবে ফোকাস রেখে প্রস্তুতি নিতে পারি এবং কীভাবে এক হয়ে সব ডিপার্টমেন্টে ভালো পারফর্ম করতে পারি, এই ইতিবাচক বার্তাটাই উনি দিয়েছেন আমাদের।’
বাংলাদেশের বিবর্ণ সময়ের বেশিরভাগ দায়ই ব্যাটারদের। সেদিন ম্যাচ শেষে দলের হারের জন্য ব্যাটারদের ম্যাচ বোঝাপড়ার ঘাটতির কথা তুলে ধরেন পেসার তাসকিন আহমেদ। তাসকিনের এই মন্তব্যে নিজের দায় মেনে নিচ্ছেন ব্যাটার তানজিদ, ‘উনি যেটা বলেছেন, আসলেই সত্য কথা বলেছেন। আমরা আমাদের ব্যাটিং ইউনিটে দায়িত্ব নিতে পারি নাই। উইকেট যথেষ্ট ভালো ছিল, আমার কাছে মনে হয় যে রানটা চেজ করার মতো ছিল। যতক্ষণ পর্যন্ত ব্যাটিং করেছি, আমার কাছে খুব ভালো লাগছিল, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আউট হয়ে গিয়েছি। আমাদের সবারই দায়িত্ব নেওয়া উচিত, এটা আমার মনে হয়।’
