Homeস্পোর্টসখাজাকে ‘সবচেয়ে বড় বিশ্বাসঘাতক’ বললেন ডি ভিলিয়ার্স

খাজাকে ‘সবচেয়ে বড় বিশ্বাসঘাতক’ বললেন ডি ভিলিয়ার্স

‘স্যান্ডপেপারগেট’ কাণ্ড নিয়ে নতুন করে মুখ খোলায় উসমান খাজাকে তীব্র ভাষায় আক্রমণ করেছেন দক্ষিণ আফ্রিকার সাবেক পেসার ফ্যানি ডি ভিলিয়ার্স। অস্ট্রেলিয়ার সাবেক এই ব্যাটারকে নিজের দেখা ‘সবচেয়ে বড় বিশ্বাসঘাতক’ বলে অভিহিত করেছেন তিনি।

অস্ট্রেলিয়ার রেডিও স্টেশন ৯১.৩ স্পোর্টএফএমকে দেওয়া সাক্ষাৎকারে খাজার কঠোর সমালোচনায় ডি ভিলিয়ার্স বলেন, ‘আমি প্রকাশ্যেই বলতে চাই, যাতে সবাই জানতে পারে। আমার মনে হয়, গত ৪০-৫০ বছরে ক্রিকেট খেলায় আমি যত খেলোয়াড়কে দেখেছি, খাজা তাদের মধ্যে সম্ভবত সবচেয়ে বড় বিশ্বাসঘাতক। সে নিজের সতীর্থদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে।’

১৯৯২ থেকে ১৯৯৮ সাল পর্যন্ত দক্ষিণ আফ্রিকার হয়ে ১৮টি টেস্ট ও ৮৩টি ওয়ানডে খেলা এই সাবেক ক্রিকেটার যোগ করেন, খাজার কারণে অজি ক্রিকেটের ভাবমূর্তি আবারও ক্ষতিগ্রস্ত হয়েছে, ‘এটা সঠিক না ভুল, সেই প্রশ্ন নয়। ভুল যা হওয়ার, তা আগেই হয়েছে এবং সেটির বিচারও হয়েছে। অস্ট্রেলিয়ান ক্রিকেটে ঘটনাটি ঘটেছে, যা অত্যন্ত দুঃখজনক। কিন্তু এই লোকটি (খাজা) আবারও সবকিছু সামনে নিয়ে এসেছে।’

‘সবর’ নামে সম্প্রতি প্রকাশিত আত্মজীবনীতে খাজা দাবি করেন, ২০১৮ সালে দক্ষিণ আফ্রিকা সফরে বল টেম্পারিংয়ের (‘স্যান্ডপেপারগেট’) পরিকল্পনার বিষয়ে অস্ট্রেলিয়া দলের প্রত্যেক সদস্যই জানতেন। তার এই অভিযোগের সঙ্গে একমত পোষণ করেছেন ডেভিড ওয়ার্নার, চ্যাড সেয়ার্স ও ক্যামেরন ব্যানক্রফট। বিশেষ করে ব্যানক্রফটের মন্তব্য নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

সেই বল টেম্পারিং কাণ্ডে জড়িত থাকার দায়ে নিষেধাজ্ঞার মুখে পড়েছিলেন ব্যানক্রফট, ওয়ার্নার ও তৎকালীন অজি অধিনায়ক স্টিভ স্মিথ। সম্প্রতি স্বদেশি সংবাদমাধ্যম দ্য ওয়েস্ট অস্ট্রেলিয়ানে চার হাজার শব্দের বেশি দীর্ঘ এক নিবন্ধে নিজের অবস্থান পরিষ্কার করেন ব্যানক্রফট। অস্ট্রেলিয়ার বর্তমান টেস্ট অধিনায়ক প্যাট কামিন্সের জোরালো অস্বীকৃতিই তাকে নীরবতা ভাঙতে বাধ্য করেছে বলে উল্লেখ করেন তিনি। গত সপ্তাহে ৬৮ মিনিটের এক সংবাদ সম্মেলনে খাজার অভিযোগকে ‘সম্পূর্ণ অর্থহীন’ বলে উড়িয়ে দেন কামিন্স। এর প্রতিক্রিয়ায় ব্যানক্রফট জানান, কামিন্সের মন্তব্যে তিনি ‘ক্ষুব্ধ, বিশ্বাসঘাতকতার শিকার ও একাকী’ বোধ করেছেন।

ডি ভিলিয়ার্সের মতে, সতীর্থদের মধ্যকার বন্ধুত্ব ও পারস্পরিক বিশ্বাসেও ফাটল ধরিয়েছেন সাবেক ওপেনার খাজা, ‘সে আবারও বিশ্বজুড়ে অস্ট্রেলিয়ান ক্রিকেটকে বিতর্কের মুখে ফেলেছে। দলের মধ্যে যে বন্ধুত্ব ও আচরণবিধি থাকা উচিত, সেগুলো ভেঙে দিয়েছে। একজনের পক্ষে যতভাবে ভুল করা সম্ভব, সে সবই করেছে।’

অন্যদিকে, কামিন্সকে নিয়েও ক্রিকেটবিশ্বে আলোচনা-সমালোচনা চলছে। তবে ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল অ্যাথারটন মনে করেন, এই বিতর্কের কারণে তার অধিনায়কত্ব এখনই হুমকির মুখে পড়বে না।

স্কাই স্পোর্টস ক্রিকেট পডকাস্টে অ্যাথারটন বলেন, ‘অধিনায়ক হিসেবে পারফরম্যান্সের দিক থেকে কামিন্সের যথেষ্ট সুনাম ও গ্রহণযোগ্যতা রয়েছে। তিনি অস্ট্রেলিয়া দলের সংস্কৃতিতে পরিবর্তন এনেছেন এবং দলকে শীর্ষ পর্যায়ে ধরে রেখেছেন। তাই এই মুহূর্তে তার অধিনায়কত্বের ওপর তাৎক্ষণিক কোনো হুমকি দেখছি না।’

RELATED ARTICLES

Most Popular