Homeস্পোর্টসনাহিদ রানার ফিটনেস রিপোর্টের অপেক্ষায় নির্বাচকরা, এরপর দল ঘোষণা

নাহিদ রানার ফিটনেস রিপোর্টের অপেক্ষায় নির্বাচকরা, এরপর দল ঘোষণা

দক্ষিণ আফ্রিকা সফরে আসন্ন ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের জন্য দল ঘোষণার আগে গতিময় পেসার নাহিদ রানার ফিটনেসের ব্যাপারে সবুজ সংকেতের অপেক্ষায় রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচক প্যানেল।

গত মঙ্গলবার অস্ট্রেলিয়া থেকে দেশে ফিরেছেন রানা। দেশে ফেরার পর তার শারীরিক অবস্থা মূল্যায়ন করে বিসিবির মেডিকেল বিভাগ জানিয়েছে, ম্যাচে ফেরার আগে বোলিংয়ের কাজের চাপ (ওয়ার্কলোড) নির্ধারিত পর্যায়ে নিয়ে যেতে হবে এই তরুণ তারকাকে।

প্রাথমিকভাবে বিসিবির প্রধান নির্বাচক হাবিবুল বাশার জানিয়েছিলেন, আগামী ১০ ডিসেম্বর শুরু হতে যাওয়া দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে খেলতে পারেন রানা। তবে সিলেটে বাংলাদেশের টেস্ট দল ঘোষণার সময় তিনি আরও ইঙ্গিত দিয়েছিলেন, ১ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া ওয়ানডে সিরিজে রানাকে খেলানো কিছুটা ঝুঁকিপূর্ণ হতে পারে।

তবে ছন্দে থাকা আরেক পেসার হাসান মাহমুদের চোটের কারণে নির্বাচকদের ভাবনায় পরিবর্তন আসতে পারে। প্রোটিয়াদের বিপক্ষে ওয়ান্ডারার্সে সিরিজের প্রথম টেস্টে পুরোনো টেনিস এলবোর সমস্যায় আবারও ভুগেছেন হাসান। ফলে এই সফরের বাকি অংশ থেকে ছিটকে গেছেন তিনি।

যদিও হাসানের চোটের বিষয়টি সরাসরি আলোচনায় আসেনি, তবে শুক্রবার নির্বাচক প্যানেলের এক সদস্য জানিয়েছেন, রানার ব্যাপারে মেডিকেল বিভাগের সবুজ সংকেতের অপেক্ষায় রয়েছেন তারা। এতে হাসানের অনুপস্থিতিতে দলের বাকি পেসারদের ওপর নির্বাচকদের আস্থার বিষয়টিও সামনে এসেছে। কারণ রানা না থাকায় এতদিন টেস্টে পেস আক্রমণের মূল দায়িত্ব সামলাচ্ছিলেন হাসান।

নির্বাচক প্যানেলের ওই সদস্য দ্য ডেইলি স্টারকে বলেছেন, ‘আমরা রানার জন্য অপেক্ষা করছি। ওয়ানডে দল ঘোষণার আগে আরও কিছু বিষয় বিবেচনায় রয়েছে। রানা খেলতে পারবে কি না, সেই সিদ্ধান্ত মেডিকেল বিভাগ নেবে। আমরা এখনো তাদের রিপোর্টের অপেক্ষায় আছি।’

এর আগে বিসিবির মেডিকেল বিভাগের একটি সূত্র জানিয়েছিল, চলতি মাসের শেষ পর্যন্ত রানাকে বোলিংয়ের ওয়ার্কলোড নির্ধারিত পর্যায়ে রাখা চালিয়ে যেতে হবে। এ সময় বোলিং করতে গিয়ে কোনো ব্যথা বা অস্বস্তি অনুভব করলে তার পুনর্বাসনপ্রক্রিয়া আরও দীর্ঘ হওয়ার সম্ভাবনা রয়েছে।

তবে গতকাল বৃহস্পতিবার দ্য ডেইলি স্টারকে রানা জানিয়েছিলেন, অস্ট্রেলিয়ায় থাকতেই তিনি সর্বোচ্চ গতিতে বোলিং শুরু করেছিলেন।

এদিকে, হাসানের চোটের ব্যবস্থাপনায় বিসিবির গাফিলতির বিষয়টিও সামনে এসেছে। গত মাসে আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টেই তার কনুইয়ের সমস্যা আবার দেখা দিয়েছিল। এরপরও তাকে টানা আরও তিনটি টেস্ট (ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুটি, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে একটি) খেলানো হয়েছে।

তাই রানার বিষয়ে মেডিকেল বিভাগের মূল্যায়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। পুরোপুরি ফিট না হলেও তাকে তাড়াহুড়ো করে মাঠে ফেরানো হবে কি না, সেটিই এখন দেখার বিষয়।

RELATED ARTICLES

Most Popular