রাজধানী ঢাকার খিলগাঁও নাগদারপাড় এলাকায় এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে।
আজ শনিবার সকাল ৯টার দিকে ওই যুবককে যুবককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নাগদারপাড় ইকো পেট্রোল পাম্পের সামনে থেকে এদিন ভোরে মোস্তফা (২৫) নামে ওই যুবককে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে পুলিশ।
খিলগাঁও থানার উপপরিদর্শক (এসআই) অনয় চন্দ্র পাল দ্য ডেইলি স্টারকে তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘প্রাথমিকভাবে জানতে পেরেছি, ভোরের দিকে ওই যুবক একটি ওয়ার্কশপের টিনশেডের ওপর থেকে নিচে পড়ে যায়। এরপর ওয়ার্কশপের কর্মচারীরা তাকে চোর সন্দেহে পিটিয়ে হত্যা করে।’
নিহত মোস্তফা খিলগাঁও নন্দীপাড়া এলাকার বাসিন্দা। তার বাবার নাম নিয়ামত আলী।
‘মোস্তফা একেক সময় একেক ধরনের কাজ করতেন। ময়নাতদন্তের জন্য তার মরদেহ মর্গে রাখা হয়েছে। বিষয়টি আরও তদন্ত করে দেখা হচ্ছে,’ বলেন এই পুলিশ কর্মকর্তা।
