রাজধানীর নিউমার্কেট এলাকায় খন্দকার নাঈম আহমেদ ওরফে টিটন হত্যা মামলায় শীর্ষ সন্ত্রাসী শেখ মোহাম্মদ আসলাম ওরফে সুইডেন আসলামের (৬৪) পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
আজ সোমবার ঢাকা মহানগর হাকিম মো. ইসমাইল এ আদেশ দেন। ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) সুইডেন আসলামকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড চাইলে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
গতরাতে দেশ ছাড়ার চেষ্টা করেন সুইডেন আসলাম। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইমিগ্রেশন পুলিশ সুইডেন আসলামকে গ্রেপ্তার করে। পরে তাকে ডিবির কাছে হস্তান্তর করা হয়।
ডিবি জানায়, সরকারের উচ্চপর্যায়ের নির্দেশে প্রায় এক মাস ধরে তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছিল। এ জন্য তার পাসপোর্ট ব্লক করা হয়েছিল।
আদালতে পুলিশের প্রতিবেদনে বলা হয়, টিটন হত্যা মামলার তদন্তে সুইডেন আসলামের নাম উঠে আসায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
গত ২৮ এপ্রিল রাজধানীর নিউমার্কেট এলাকায় অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তদের গুলিতে নিহত হন তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী খন্দকার নাঈম আহমেদ ওরফে টিটন (৫৯)। তার এই হত্যাকাণ্ড ঢাকার আন্ডারওয়ার্ল্ডের অপরাধচক্রের তৎপরতা নিয়ে নতুন করে উদ্বেগের জন্ম দেয়।
হত্যাকাণ্ডের পরদিন ২৯ এপ্রিল নিউমার্কেট থানায় অজ্ঞাতপরিচয় আট থেকে নয়জনকে আসামি করে মামলা করেন টিটনের বড় ভাই খন্দকার সাঈদ আখতার রিপন। এজাহারে কাউকে সুনির্দিষ্ট আসামি না করা হলেও অভিযোগপত্রে কয়েকজনের নাম উল্লেখ করা হয়। তাদের মধ্যে রয়েছেন তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ইমামুল হাসান হেলাল ওরফে পিচ্চি হেলাল, বাদল ওরফে কিলার বাদল ওরফে কাইল্লা বাদল, শাহজাহান এবং রনি ওরফে ড্যাগারি রনি।
মামলার নথি অনুযায়ী, বিভিন্ন ফৌজদারি মামলায় দীর্ঘদিন কারাগারে থাকার পর ২০২৪ সালের ১৩ আগস্ট জামিনে মুক্তি পান টিটন। এরপর ঢাকার বসিলা পশুর হাটের ইজারা নিয়ে ওই ব্যক্তিদের সঙ্গে তার বিরোধের সৃষ্টি হয়। মামলার বাদীকে টিটন জানিয়েছিলেন, তিনি হাটের একটি ইজারা দরপত্র কিনেছেন এবং ব্যবসার মাধ্যমে স্বাভাবিক জীবনে ফিরতে চান।
গত ২৬ এপ্রিল টিটন তার ভাইকে জানান, বসিলার পশুর হাটের ইজারা নিয়ে হেলাল, বাদল, শাহজাহান ও রনির সঙ্গে তার দ্বন্দ্ব চলছে। এর পরদিন তিনি জানান, বিষয়টি মীমাংসা করে একসঙ্গে কাজ করার উদ্দেশ্যে তাকে আলোচনায় বসার জন্য ডাকা হয়েছে।
এরপর পরিবারের সদস্যরা জানতে পারেন, নিউমার্কেট এলাকার শাহনেওয়াজ হলের সামনে টিটন গুলিবিদ্ধ হয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ৮টার দিকে একটি মোটরসাইকেলে আসা দুই ব্যক্তি এই হামলা চালায়। হামলাকারীদের একজন টিটনকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়ে। পরে তার মাথায় গুলি করা হয়। এরপর তারা বিজিবি তিন নম্বর ফটকের কাছের একটি গলি দিয়ে পালিয়ে যায়।
পরে পথচারী ও শিক্ষার্থীরা গুলিবিদ্ধ অবস্থায় টিটনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।
