তুরস্কের আনতালিয়ায় আজ সোমবার শুরু হয়েছে জাতিসংঘের বার্ষিক জলবায়ু সম্মেলন কপ৩১। উদ্বোধনের দিনই দ্রুত কার্বন নিঃসরণ কমানো, জীবাশ্ম জ্বালানি থেকে সরে আসা এবং ঝুঁকিপূর্ণ দেশগুলোকে অর্থ ও সুরক্ষা দেওয়ার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস।
বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, গত এক বছরে ইউরোপে তীব্র তাপপ্রবাহ, ইন্দোনেশিয়ায় দাবানল ও নেপালে ভয়াবহ বন্যার পর এই সম্মেলন শুরু হলো। এর সঙ্গে শক্তিশালী এল নিনো পরিস্থিতি জলবায়ুজনিত দুর্যোগের ঝুঁকি আরও বাড়িয়েছে।
এক বিবৃতিতে গুতেরেস বলেন, ‘আমরা জলবায়ুর চরম পরিস্থিতির এক নতুন যুগে প্রবেশ করেছি।’
সম্মেলনের প্রথম দিনেই জলবায়ু অর্থায়ন নিয়ে মতবিরোধ দেখা দেয়। উন্নয়নশীল দেশগুলোর দাবির মুখে শেষ পর্যন্ত আলোচ্যসূচিতে বিষয়টি রাখা হয়। এ নিয়ে টানাপোড়েনের কারণে নির্ধারিত সময়ের দেড় ঘণ্টা পর শুরু হয় উদ্বোধনী অধিবেশন।
গ্রিনপিসের কপ৩১ প্রতিনিধিদলের প্রধান জ্যাসপার ইনভেনটর বলেন, সম্মেলনের শুরুতেই কঠিন পরিস্থিতি তৈরি হয়েছে। গত বছর ব্রাজিলের কপ৩০ সম্মেলনে জলবায়ু অর্থায়ন নিয়ে একটি প্ল্যাটফর্ম গঠনের সিদ্ধান্ত হয়েছিল। এবারের আলোচ্যসূচিতে সেটি রাখতে আপত্তি জানিয়েছিল উন্নত দেশগুলো।
এএফপির তথ্য অনুযায়ী, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় দরিদ্র দেশগুলোর জন্য অভিযোজন তহবিল তিন গুণ করার বিষয়টি আলোচ্যসূচিতে রাখতে চেয়েছিল আফ্রিকার দেশগুলো। সমুদ্রের পানি ঠেকাতে বাঁধ নির্মাণ ও খরাসহিষ্ণু ফসল চাষের মতো কাজে এই অর্থ ব্যয় করা হয়। বিষয়টি আলাদা আলোচ্যসূচিতে না থাকলেও অন্য আলোচনার অংশ হিসেবে উঠবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট একটি সূত্র।
ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ, ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন এবং জ্বালানি তেলের দামের ধাক্কার মধ্যে এবারের সম্মেলন হচ্ছে। পর্যবেক্ষকদের ধারণা, এ পরিস্থিতিতে বড় কোনো অগ্রগতি নাও আসতে পারে। এর মধ্যে জাতিসংঘ গত সেপ্টেম্বরে সতর্ক করেছে, বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি প্যারিস চুক্তির নির্ধারিত ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসের সীমা ছাড়িয়ে যেতে পারে।
এএফপি জানিয়েছে, এবারের সম্মেলনে সভাপতিত্ব করছে তুরস্ক, আর আলোচনা পরিচালনা করছে অস্ট্রেলিয়া। আগের প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নে জোর দিতে দেশ দুটি আয়োজনটিকে ‘বাস্তবায়নের কপ’ হিসেবে আখ্যায়িত করছে। সম্মেলনের সভাপতি ও তুরস্কের পরিবেশমন্ত্রী মুরাত কুরুম বলেন, ‘জলবায়ু সংকট মোকাবিলায় দেরি করার মাশুল অনেক চড়া।’
তুরস্কের প্রস্তাব, ২০৩৫ সালের মধ্যে বিশ্বের মোট জ্বালানি চাহিদার ৩৫ শতাংশ বিদ্যুৎ থেকে মেটানোর অঙ্গীকার করুক দেশগুলো। বর্তমানে এ হার প্রায় ২০ শতাংশ। তবে ইউরোপীয় ইউনিয়ন ‘পরিচ্ছন্ন’ বিদ্যুতায়নের দাবি জানিয়েছে। এতে তুরস্কের প্রস্তাবে তেল, গ্যাস ও কয়লার ভূমিকা নিয়ে বিতর্ক তৈরি হতে পারে।
এএফপির প্রতিবেদন অনুযায়ী, ২০২৩ সালের কপ২৮ সম্মেলনে জীবাশ্ম জ্বালানি থেকে সরে আসার বিষয়ে একমত হয়েছিলেন বিশ্বনেতারা। তবে তা বাস্তবায়নের উপায় নিয়ে এখনো ঐকমত্য হয়নি। গত বছর কপ৩০ সম্মেলনে তেল উৎপাদনকারী দেশগুলোর আপত্তিতে চূড়ান্ত চুক্তিতে জীবাশ্ম জ্বালানির উল্লেখ রাখা যায়নি। পরে ব্রাজিল এ জ্বালানি পর্যায়ক্রমে বন্ধে একটি স্বেচ্ছামূলক রূপরেখা দেয়, যা দেশগুলো নিজেদের পরিস্থিতি অনুযায়ী অনুসরণ করতে পারবে।
জলবায়ু পরিবর্তন নিয়ে সংশয়ী অবস্থানের কারণে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্মেলনে কোনো সরকারি প্রতিনিধি পাঠাননি। তবে কংগ্রেসের একটি প্রতিনিধিদল আনতালিয়ায় যাচ্ছে। গত সপ্তাহের মধ্যবর্তী নির্বাচনে জয়ের পর ওই দলের ডেমোক্র্যাট সদস্যরা উচ্ছ্বাস প্রকাশ করেছেন।
