ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা আয়োজিত অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালে বাংলাদেশের জয়রথ চলছেই। শেষ ষোলোর ম্যাচে সিঙ্গাপুরকে টাইব্রেকারে হারিয়ে আসরের কোয়ার্টার ফাইনালের টিকিট কেটেছে লাল-সবুজের প্রতিনিধিরা।
বুধবার আজারবাইজানের বাকুর হোভসান কম্পিটিশন কমপ্লেক্সে ‘ই’ টায়ারের লড়াইয়ে নির্ধারিত সময়ের খেলা শেষ হয় ১-১ গোলে। এরপর ফল নির্ধারণের জন্য দ্বারস্থ হতে হয় পেনাল্টি শুটআউটের। সেখানে ৪-৩ ব্যবধানে জিতে শেষ আটে জায়গা করে নেয় বাংলাদেশ।
এর আগে একই দিনে অনুষ্ঠিত শেষ বত্রিশের ম্যাচেও টাইব্রেকারে জয়ী হয়েছিল কোচ আকবর হোসেন রিদনের শিষ্যরা। নির্ধারিত সময়ের খেলায় ১-১ গোলে সমতা থাকার পর সিশেলসের বিপক্ষে পেনাল্টি শুটআউটে তারা জেতে ৪-২ ব্যবধানে।
কোয়ার্টার ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ মন্টেনেগ্রো। তারাও শেষ বত্রিশে মঙ্গোলিয়া ও শেষ ষোলোতে হংকংয়ের বিপক্ষে টাইব্রেকারে জিতেছে।
ফিফা আয়োজিত টুর্নামেন্টটির এই উদ্বোধনী আসরে মোট ১৯১টি দেশের বয়সভিত্তিক দল অংশ নিচ্ছে। প্রতিটি দলের হয়ে নামতে পারেন আটজন ফুটবলার। ম্যাচগুলো ৬৮ মিটার দৈর্ঘ্য ও ৪৮ মিটার প্রস্থের মাঠে অনুষ্ঠিত হচ্ছে। ২০ মিনিট করে দুই অর্ধে মোট ৪০ মিনিট খেলা হয়।
নকআউট পর্বের লড়াই শুরুর আগে বাংলাদেশ দল খেলে ‘জি’ গ্রুপে। সেখানে তাদের প্রতিপক্ষ দলগুলো ছিল পর্তুগাল, ইন্দোনেশিয়া, ফিজি, বুরুন্ডি ও ওয়েলস।
সব মিলিয়ে এই আসরে সাত ম্যাচে তৃতীয় জয়ের দেখা পেয়েছে বাংলাদেশ। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ফিজির বিপক্ষে ৩-১ গোলে জিতেছিল তারা। তবে ওয়েলস ও ইন্দোনেশিয়ার সঙ্গে ড্র করলেও হেরে যায় পর্তুগাল ও বুরুন্ডির কাছে।
