নতুন একটি ট্যাবলেটকে অগ্ন্যাশয়ের ক্যানসারের চিকিৎসায় গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে বড় অগ্রগতি হিসেবে বিবেচনা করা হচ্ছে। এই ট্যাবলেট অগ্ন্যাশয়ের টিউমার ছোট করে দিতে পারে। এমনকি কোনো কোনো ক্ষেত্রে পুরোপুরি নির্মূল করার নজিরও পাওয়া গেছে।
আজ শুক্রবার যুক্তরাজ্যের সংবাদমাধ্যম গার্ডিয়ানের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
‘ডারাক্সোনরাসিব’ নামে ওষুধটির এক ট্রায়ালে অংশ নেওয়া প্রতি ১২ জনের একজনের শরীরে আর ক্যানসারের অস্তিত্ব পাওয়া যায়নি। এ ছাড়া, ৬১ জনের প্রায় সবার টিউমারের বৃদ্ধি বন্ধ হয়ে যায়। এই অংশগ্রহণকারীদের সাম্প্রতিক সময়ে অগ্ন্যাশয়ের জটিল পর্যায়ের ক্যানসার শনাক্ত হয়েছিল, যা শরীরের অন্যান্য অংশেও ছড়িয়ে পড়েছিল।
চিকিৎসকরা বলছেন, ট্যাবলেটটিকে এখনই ক্যানসারের নিরাময় বলা যাচ্ছে না। এটি কত দিন পর্যন্ত রোগের বিস্তার ঠেকিয়ে রাখতে পারবে, তাও তাদের জানা নেই।
তবে তাদের মতে, এটি ‘আশাব্যঞ্জক’ খবর। কারণ, পুরোপুরি রোগমুক্তি না হলেও ওষুধটি রোগীদের আরও কিছুটা সময় বাঁচার সুযোগ করে দিতে পারে।
অগ্ন্যাশয়ের ক্যানসার শনাক্ত হওয়া রোগীদের অর্ধেকই তিন মাসের মধ্যে মারা যান। আর এ ক্যানসার শরীরের অন্যান্য অঙ্গে ছড়িয়ে পড়লে মাত্র ৩ শতাংশ রোগী পাঁচ বছর পর্যন্ত বেঁচে থাকেন।
যুক্তরাজ্যে ক্যানসার রোগীদের মধ্যে অগ্ন্যাশয়ের ক্যানসারে আক্রান্তদের বেঁচে থাকার হার সবচেয়ে কম।
এই ট্রায়ালে অংশ নেওয়া রোগীদের গড়ে দেড় বছর ধরে পর্যবেক্ষণে রাখা হয়েছিল। এ সময়ে কয়েকজনের শরীরে ক্যানসার আর পাওয়া যায়নি। দীর্ঘমেয়াদি পর্যবেক্ষণের মাধ্যমে দেখা হবে, কারও ক্ষেত্রে ক্যানসার পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব কি না।
পরীক্ষায় ৯০ শতাংশ রোগীর টিউমারের বৃদ্ধি বন্ধ হয়। ৬০ শতাংশের কিছু বেশি রোগীর টিউমার ছোট হয়ে যায় বা পুরোপুরি মিলিয়ে যায়। আর প্রায় ৮ শতাংশ রোগীর ক্ষেত্রে সিটি স্ক্যানে টিউমারের অস্তিত্বই আর শনাক্ত করা যায়নি।
চিকিৎসা শুরুর এক বছর পরও ৭৬ দশমিক ৬ শতাংশ রোগী বেঁচে ছিলেন। সাধারণত শুধু কেমোথেরাপি নেওয়া রোগীদের ৪০ থেকে ৪৫ শতাংশ এক বছর পর্যন্ত বেঁচে থাকেন।
নিউইয়র্কের মেমোরিয়াল স্লোয়ান কেটারিং ক্যানসার সেন্টারের গ্যাস্ট্রোইনটেস্টাইনাল মেডিকেল অনকোলজিস্ট ডা. উংকি পার্ক গবেষণার ফলাফলটি উপস্থাপন করেন।
তিনি জানান, ট্রায়ালের এই ফলের মাধ্যমে ক্যানসারের নিরাময় খুঁজে পাওয়ার সবচেয়ে কাছাকাছি পৌঁছানো গেছে। ক্যানসার শরীরের অন্যান্য অংশে ছড়িয়ে পড়েছে এমন রোগীদের ক্ষেত্রে এত বেশি টিউমার অদৃশ্য হয়ে যেতে আগে কখনো দেখা যায়নি।
বার্সেলোনায় অনুষ্ঠিত মলিকিউলার টার্গেটস অ্যান্ড ক্যানসার থেরাপিউটিকস শীর্ষক ইওআরটিসি-এনসিআই-এসিআর সিম্পোজিয়ামে তিনি গবেষণার ফলাফল উপস্থাপন করেন।
এ সময় তিনি বলেন, ‘আমরা শুধু টিউমারের চিকিৎসায় সাড়া দেওয়ার হারই বেশি দেখছি না, বরং রোগের আরও গভীর উন্নতি এবং রোগ নিয়ন্ত্রণে রাখার সময় প্রায় দ্বিগুণ হতে দেখছি। শেষ পর্যন্ত এর ফলে রোগীদের বেঁচে থাকার সময়ও বাড়তে পারে।’
তিনি বলেন, ‘পর্যবেক্ষণের মধ্যম সময় ১৮ মাস। একবার ভাবুন, গড়ে ১৮ মাসের মধ্যে সিটি স্ক্যানে আপনার রোগের অস্তিত্বই আর দেখা যাচ্ছে না। এটি রোগমুক্তির সবচেয়ে নিকটবর্তী ফলাফল। এটা অবিশ্বাস্য।’
‘ডারাক্সোনরাসিব’ একটি কেআরএএস ইনহিবিটর ওষুধ। এটি অগ্ন্যাশয়ের অধিকাংশ ক্যানসারে পাওয়া নির্দিষ্ট জিনগত পরিবর্তনের সঙ্গে যুক্ত হয়ে সেগুলোর কার্যক্রম বন্ধ করে দেয়। এসব জিনগত পরিবর্তনই টিউমারের বৃদ্ধি ত্বরান্বিত করে।
আশা করা হচ্ছে, একই ধরনের জিনগত পরিবর্তন থাকায় আরও বেশ কয়েক ধরনের ক্যানসারের চিকিৎসাতেও ওষুধটি কার্যকর হতে পারে।
ক্যানসার রিসার্চ ইউকের প্রধান নির্বাহী মিশেল মিচেল বলেন, এ বিষয়ে আরও গবেষণা প্রয়োজন। তবে ‘অগ্ন্যাশয়ের ক্যানসারে আক্রান্ত রোগীদের চিকিৎসায় কয়েক দশকের মধ্যে এটিই সবচেয়ে বড় অগ্রগতি। সবচেয়ে প্রাণঘাতী ও জটিল ক্যানসারের একটিতে আক্রান্ত মানুষের জন্য এটি সত্যিকারের আশার আলো হয়ে উঠতে পারে।’
‘গবেষণার ফলাফল থেকে আশা জাগছে, এ অগ্রগতি ভবিষ্যতে কেআরএএস জিনের পরিবর্তনযুক্ত অন্যান্য ক্যানসারের চিকিৎসার পথও খুলে দিতে পারে। যুক্তরাজ্যের জাতীয় স্বাস্থ্যসেবা ব্যবস্থায় (এনএইচএস) ওষুধটি ব্যবহারের উপযোগিতা যাচাইয়ের আগে আরও পরীক্ষা চালানো প্রয়োজন। এই অগ্রগতি সত্ত্বেও অগ্ন্যাশয়ের ক্যানসারে রোগীদের বেঁচে থাকার হার এখনো অনেক কম’, যোগ করেন তিনি।
