কিংবদন্তি বাবা দুই যুগের বেশি সময় ধরে খেলছেন পর্তুগালের জার্সিতে। এবার জাতীয় দলের আঙিনায় নাম লেখালেন ছেলেও। পর্তুগালের অনূর্ধ্ব-১৭ জাতীয় ফুটবল দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন ক্রিস্তিয়ানো রোনালদোর বড় ছেলে ক্রিস্তিয়ানো জুনিয়র।
ফুটবল বিশ্বে ‘ক্রিস্তিয়ানিনহো’ নামে পরিচিত ১৬ বছর বয়সী এই ফুটবলার ২০২৫ সালের মে মাসে অভিষেকের পর দেশের হয়ে খেলেছেন অনূর্ধ্ব-১৫ ও অনূর্ধ্ব-১৬ দলে। বয়সভিত্তিক দুই দল মিলিয়ে ১৩ ম্যাচে তার গোল ৫টি। বাবার পথ অনুসরণ করে ক্রিস্তিয়ানো জুনিয়রও বর্তমানে খেলছেন সৌদি আরবের ক্লাব আল নাসরের যুব দলে।
আগামী ১১ নভেম্বর অ্যান্ডোরার বিরুদ্ধে ম্যাচ দিয়ে ইউরোপিয়ান অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপের বাছাই অভিযান শুরু করবে পর্তুগাল।
এরপর ১৪ নভেম্বর বুলগেরিয়া ও ১৭ নভেম্বর সার্বিয়ার মুখোমুখি হবে তারা। সবকটি ম্যাচই অনুষ্ঠিত হবে ওরেইরাসে পর্তুগিজ ফুটবল ফেডারেশনের অনুশীলন কেন্দ্রে। মূল বাছাই পর্বে উঠতে পর্তুগালকে থাকতে হবে গ্রুপের শীর্ষ দুটি দলের মধ্যে।
আগামী ১৪ নভেম্বর ডেনমার্কের বিরুদ্ধে নেশন্স লিগের পরবর্তী ম্যাচে রোনালদো দলে ফিরবেন বলে ধারণা করা হচ্ছে। তবে কোচ জেসুস তাকে মাঠে নামানোর সিদ্ধান্ত নেন কি না, সেটিই এখন দেখার বিষয়।
