Homeস্পোর্টসপেনাল্টি মিস আর দলের হারে ৯৮৬তম গোলের আনন্দ ম্লান রোনালদোর

পেনাল্টি মিস আর দলের হারে ৯৮৬তম গোলের আনন্দ ম্লান রোনালদোর

ক্যারিয়ারের ঐতিহাসিক ১ হাজার গোলের মাইলফলকের আরও কাছে পৌঁছে গেলেন ক্রিস্তিয়ানো রোনালদো। আল নাসরের হয়ে জালের দেখা পেয়ে পূর্ণ করলেন ৯৮৬ গোল; মাইলফলক থেকে দূরত্ব নামিয়ে আনলেন মাত্র ১৪ গোলে। তবে পর্তুগিজ মহাতারকার এই ব্যক্তিগত অর্জনের রাতে হতাশাই সঙ্গী হলো দলের। সৌদি প্রো লিগের নবম রাউন্ডে আল আহলির কাছে ৩-১ গোলে হেরে গেছে আল নাসর।

ম্যাচের ১৪ মিনিটেই আল নাসরকে এগিয়ে দিয়েছিলেন রোনালদো। প্রতিপক্ষের অর্ধে বল কেড়ে নিয়ে স্যামু কস্তা দ্রুত পাস বাড়ান পাঁচবারের ব্যালন ডি’অর জয়ীর দিকে। ডি-বক্সের ভেতর থেকে প্রথম স্পর্শেই নিখুঁত ফিনিশিংয়ে বল জালে জড়ান তিনি।

২০২৬-২৭ মৌসুমে লিগে নয় ম্যাচ খেলে এটি রোনালদোর অষ্টম গোল। ক্যারিয়ারের এই পর্যায়ে এসেও গোলক্ষুধায় যে একটুও ভাটা পড়েনি, তারই প্রমাণ দিচ্ছেন তিনি।

তবে শুরুতে পাওয়া সেই লিড ধরে রাখতে পারেনি আল নাসর। দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় স্বাগতিক আল আহলি। ওয়েন্ডারসন গ্যালেনো, ইভান টনি ও রজার ইবানেজের গোলে শেষ পর্যন্ত ৩-১ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে তারা।

ম্যাচে ব্যবধান বাড়ানোর সুবর্ণ সুযোগ পেয়েছিলেন রোনালদো। আল নাসর পেনাল্টি পেলেও স্পট কিক থেকে গোল করতে ব্যর্থ হন এই পর্তুগিজ ফরোয়ার্ড। তার সেই পেনাল্টি মিসই শেষ পর্যন্ত দলের হারের আক্ষেপ আরও বাড়িয়ে দেয়।

 

RELATED ARTICLES

Most Popular