মৌলভীবাজারের বড়লেখা সীমান্ত দিয়ে নারী-পুরুষসহ ২০ জনকে বাংলাদেশে পুশ ইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বিজিবির তৎপরতায় তাদের বাংলাদেশে প্রবেশের চেষ্টা ব্যর্থ হয়েছে।
গতকাল বৃহস্পতিবার রাতে বড়লেখা উপজেলার লাতু ও পাল্লাথল সীমান্তের পাহাড়ি এলাকা দিয়ে তাদের বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করা হয়। শুক্রবার সকাল পর্যন্ত ওই ২০ জনকে সীমান্তের নো ম্যানস ল্যান্ডের ভারতীয় অংশে অবস্থান করতে দেখা গেছে।
বিজিবি সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে সীমান্ত এলাকায় বৈরী আবহাওয়া ছিল। এ সুযোগে বিএসএফ তাদের বাংলাদেশে পাঠানোর চেষ্টা করে বলে ধারণা করা হচ্ছে। বিষয়টি টের পেয়ে বিজিবির টহল দল দ্রুত সতর্ক অবস্থান নেয়। ফলে তাদের সীমান্ত অতিক্রমের চেষ্টা ব্যর্থ হয়।
বিজিবি ৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আতাউর রহমান সুজন বলেন, বৈরী আবহাওয়ার সুযোগে লাতু ও পাল্লাথল সীমান্তের পাহাড়ি এলাকা দিয়ে ২০ জন নারী-পুরুষকে বাংলাদেশে পুশ ইনের চেষ্টা করেছিল বিএসএফ। তবে বিজিবির নিয়মিত টহল দলের তৎপরতায় সেই চেষ্টা প্রতিহত করা হয়েছে।
তিনি আরও বলেন, ঘটনার পর লাতু, পাল্লাথলসহ বড়লেখার আশপাশের সীমান্ত এলাকায় বিজিবির টহল ও গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। যেন কোনোভাবেই অনুপ্রবেশের ঘটনা না ঘটে, সে বিষয়ে সতর্ক রয়েছে বিজিবি।
বর্তমানে ওই সীমান্ত এলাকার পরিস্থিতি শান্ত ও নিয়ন্ত্রণে রয়েছে বলে জানান তিনি।
