Homeসারাদেশমোটরসাইকেলের সামনের নম্বর প্লেট লাগানোর সময় বাড়ানোর প্রস্তাব

মোটরসাইকেলের সামনের নম্বর প্লেট লাগানোর সময় বাড়ানোর প্রস্তাব

মোটরসাইকেলের সামনের ম্যানুয়াল নম্বর প্লেট লাগানোর সময়সীমা ১৫ নভেম্বর থেকে বাড়িয়ে ৩১ ডিসেম্বর করার প্রস্তাব দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।

নির্ধারিত সময়ের মধ্যে বিপুলসংখ্যক মোটরসাইকেলে নম্বর প্লেট লাগানোর বাস্তবিক জটিলতার কথা উল্লেখ করে সময় বাড়ানোর এ প্রস্তাব করা হয়।

বিআরটিএর বিবেচনাপত্রে বলা হয়েছে, দেশে প্রায় ৫০ লাখ মোটরসাইকেল নিবন্ধিত রয়েছে। এটি দেশে নিবন্ধিত মোট ৬৮ লাখ মোটরযানের প্রায় ৭৪ শতাংশ।

এর আগে বিআরটিএ মোটরসাইকেলের মালিকদের ১৫ নভেম্বরের মধ্যে সামনের নম্বর প্লেট লাগিয়ে প্রদর্শনের নির্দেশ দিয়েছিল। নির্দেশনা না মানলে আইনি ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দেওয়া হয়।

নির্দেশনা অনুযায়ী, মোটরসাইকেলের মালিকদের নিজেদের উদ্যোগে নম্বর প্লেট তৈরি করতে হবে। স্কুটারের নম্বর প্লেটের মাপ হবে ২০০ মিলিমিটার বাই ১০০ মিলিমিটার। অন্য মোটরসাইকেলের ক্ষেত্রে প্লেটের মাপ হবে ২৮৫ মিলিমিটার বাই ৫০ মিলিমিটার। অক্ষর ও সংখ্যার উচ্চতা হতে হবে কমপক্ষে ২০ মিলিমিটার।

নম্বর প্লেট স্টেইনলেস স্টিল বা অ্যালুমিনিয়ামের তৈরি হতে হবে। সাদা পটভূমিতে কালো বাংলা অক্ষর ও সংখ্যা ব্যবহার করতে হবে। এতে কোনো নকশা বা অলংকারমূলক ডিজাইন রাখা যাবে না।

সড়ক পরিবহন আইন অনুযায়ী, মোটরসাইকেলের পেছনে বিআরটিএ অনুমোদিত রেট্রো-রিফ্লেক্টিভ নম্বর প্লেট লাগানো বাধ্যতামূলক। এসব প্লেটে রেডিও-ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন (আরএফআইডি) প্রযুক্তি যুক্ত থাকে।

RELATED ARTICLES

Most Popular