বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ সাউরির শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি বলে মরদেহের সুরতহাল প্রতিবেদনে জানানো হয়েছে।
তবে নাকে রক্ত দেখা গেছে বলে এতে উল্লেখ করা হয়েছে।
গতকাল বুধবার বিকেলে তুরাগ নদী থেকে তার মরদেহ উদ্ধারের পর টঙ্গী নৌ-পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মোস্তাফিজুর রহমান সুরতহাল প্রতিবেদন তৈরি করেন।
প্রতিবেদনে বলা হয়, বুধবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে টঙ্গীর রাজাবাড়ি খেয়াঘাটের পাশ থেকে তুরাগ নদী থেকে তাহসিফের মরদেহ উদ্ধার করা হয়।
এ ধরনের ঘটনায় পুলিশ ঘটনাস্থলে বা মরদেহ যেখানে পাওয়া যায় সেখানে শরীরের বাহ্যিক অবস্থা পরীক্ষা করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে।
সুরতহাল প্রতিবেদনে তাহসিফের শারীরিক বর্ণনাও দেওয়া হয়েছে। এতে বলা হয়, তিনি আনুমানিক ৫ ফুট ৭ ইঞ্চি লম্বা, কালো চুল এবং ছোট কালো দাড়ি-গোঁফ ছিল তার।
মরদেহ উদ্ধারের সময় তার চোখ ও মুখ বন্ধ ছিল এবং নাক দিয়ে রক্ত বের হতে দেখা গেছে। দুটি হাতই কপালের দিকে বাঁকানো ছিল এবং দুই হাতের মুষ্টি খোলা ছিল।
তবে তার পেট ফোলা ছিল বলেও এতে উল্লেখ করা হয়।
প্রতিবেদনে বলা হয়, তার বুক, পেট, পিঠ, দুই পা এবং অন্যান্য অঙ্গ স্বাভাবিক দেখা গেছে। শরীরে বাহ্যিক কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।
উদ্ধারের সময় তিনি একটি কালো হাতাওয়ালা কাবলি শার্ট ও সাদা ট্রাউজার পরা ছিলেন।
নৌ-পুলিশের একটি প্রাথমিক প্রতিবেদনে বলা হয়েছে, তার হাতে হাতঘড়ি ও পকেটে একটি আইফোন পাওয়া গেছে। সেই ফোনের মাধ্যমেই তার পরিচয় নিশ্চিত হওয়া গেছে।
ময়নাতদন্তের জন্য মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
যোগাযোগ করা হলে টঙ্গী নৌ-পুলিশ ফাঁড়ির পরিদর্শক ফিরোজ উদ্দিন ডেইলি স্টারকে বলেন, ‘পুলিশ গতকাল খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আনুমানিক ২৮ বছর বয়সী একজনের মরদেহ উদ্ধার করে। পরে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়।’
‘মরদেহের সঙ্গে থাকা আইফোনের মাধ্যমে তার পরিচয় শনাক্ত করা হয়েছে। তার নাম তাহসিফ সাউরি। তিনি বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা বলে জানা গেছে। তার বাবার নাম কে এম এনায়েত এবং ঠিকানা উত্তরা,’ বলেন এই পুলিশ কর্মকর্তা।
অবসরপ্রাপ্ত ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সাউরি আলোচনায় আসেন ২০২৪ সালের ৫ আগস্ট ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগের ভিডিও প্রকাশের মাধ্যমে।
