যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার পাম বিচ কাউন্টিতে একটি ব্যক্তিগত উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে আগুন ধরে যাওয়ার ঘটনায় নয়জনের মৃত্যু হয়েছে।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় রোববার বিকেলে বাহামা দ্বীপপুঞ্জগামী ‘লিয়ারজেট ৬০’ মডেলের উড়োজাহাজটি বিধ্বস্ত হয়।
যুক্তরাষ্ট্রের পরিবহনমন্ত্রী শন ডাফি নয়জনের মৃত্যুর তথ্য নিশ্চিত করে ঘটনাটিকে ‘ভয়াবহ ট্র্যাজেডি’ হিসেবে বর্ণনা করেছেন। তবে নিহতদের পরিচয় এবং তাদের মধ্যে কতজন যাত্রী ও কতজন ক্রু ছিলেন, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ডের (এনটিএসবি) তথ্য অনুযায়ী, এটি চলতি বছর দেশটিতে দ্বিতীয় সর্বোচ্চ প্রাণঘাতী উড়োজাহাজ দুর্ঘটনা। এর আগে গত জুনে মিজৌরির বাটলারে স্কাইডাইভিংয়ের একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে ১২ জন নিহত হয়েছিলেন।
ফ্লোরিডার গভর্নর রন ডিস্যান্টিস দুর্ঘটনা সম্পর্কে বলেন, ‘দেখে মনে হচ্ছিল কোনো ক্ষেপণাস্ত্র নিচে আছড়ে পড়ছে।’
গভর্নর জানান, উড়োজাহাজটি বিধ্বস্ত হওয়ার ঘটনায় নিচে থাকা কেউ নিহত হননি, তবে বিস্তীর্ণ এলাকাজুড়ে ধ্বংসাবশেষ ছড়িয়ে পড়েছে।
দুর্ঘটনাস্থলের ধ্বংসাবশেষের কারণে স্থানীয় একটি আবাসিক এলাকার (মোবাইল হোম পার্ক) প্রবেশপথ বন্ধ হয়ে গেছে। তাই সেখানকার প্রায় ৬০০ বাসিন্দাকে দুটি আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন কাউন্টি কর্মকর্তারা।
যুক্তরাষ্ট্রের ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) জানিয়েছে, টেক্সাসের অস্টিন-বার্গস্ট্রম আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড়োজাহাজটি বাহামার উদ্দেশে রওনা হয়েছিল। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে এফএএ এবং এনটিএসবি যৌথভাবে তদন্ত শুরু করেছে।
সিএনএনের প্রতিবেদনে বলা হয়, এয়ার ট্রাফিক কন্ট্রোলের অডিও রেকর্ডিং অনুযায়ী, বিধ্বস্ত হওয়ার কয়েক মিনিট আগে উড়োজাহাজটির পাইলট ডানায় বরফ জমা, বাইরে হিমাঙ্কের নিচে ৪৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং মাঝারি মাত্রার ঝাঁকুনির (টার্বুলেন্স) কথা জানিয়েছিলেন।
এর কিছুক্ষণ পরই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে পাইলট জরুরি অবস্থা বা ‘মে ডে’ ঘোষণা করেন। রেডিও বার্তায় পাইলটকে বলতে শোনা যায়, উড়োজাহাজটি অতিরিক্ত গতিতে প্রতি মিনিটে ২০ হাজার ফুট নিচে নেমে যাচ্ছে এবং তারা মাটিতে আছড়ে পড়তে যাচ্ছেন। ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার ঠিক আগে মাত্র এক মিনিটে উড়োজাহাজটি ২৭ হাজার ফুট নিচে নেমে আসে।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, দুর্ঘটনার সময় ওই এলাকায় বিচ্ছিন্নভাবে ঝড়বৃষ্টি হচ্ছিল এবং নিচে নামতে শুরু করার কয়েক মিনিট আগে উড়োজাহাজটি একটি শক্তিশালী ঝড়ের কবলে পড়ে। ওয়েস্ট পাম বিচ বিমানবন্দর থেকে প্রায় চার মাইল দক্ষিণে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার এক ঘণ্টার কিছু বেশি সময় আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বহনকারী ‘এয়ার ফোর্স ওয়ান’ ওই বিমানবন্দর থেকেই উড্ডয়ন করেছিল।
