Homeস্পোর্টস‘স্বাভাবিকের চেয়ে একটু বেশি’ গরম যে কারণে গায়ে লাগছে না ওয়েস্ট ইন্ডিজের

‘স্বাভাবিকের চেয়ে একটু বেশি’ গরম যে কারণে গায়ে লাগছে না ওয়েস্ট ইন্ডিজের

বাংলাদেশ সফর সামনে রেখে ভারতের চেন্নাইয়ে বিশেষ অনুশীলন ক্যাম্প করার পর ১৮ অক্টোবর ঢাকায় পৌঁছে আবহাওয়ার সঙ্গে মানিয়ে নেওয়ার কাজ আগেই সেরেছে ওয়েস্ট ইন্ডিজ। এবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথম টেস্ট শুরুর আগে ক্যারিবীয়রা জানিয়েছে, এখানকার তীব্র গরমের মধ্যেও বেশ স্বাচ্ছন্দ্য বোধ করছে তারা।

সংযুক্ত আরব আমিরাতে ত্রিদেশীয় সিরিজ শেষে ২১ অক্টোবর দেশে ফেরায় দল হিসেবে প্রস্তুতি নেওয়ার খুব বেশি সময় পায়নি স্বাগতিক বাংলাদেশ। অন্যদিকে বুধবার শুরু হতে যাওয়া ম্যাচের আগে মঙ্গলবার সংবাদ সম্মেলনে ক্যারিবীয় অধিনায়ক রোস্টন চেজ জানিয়েছেন, প্রস্তুতি নিয়ে তারা পুরোপুরি সন্তুষ্ট।

তার কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, ‘আমাদের বেশিরভাগ খেলোয়াড় চেন্নাইয়ের ক্যাম্পে ছিল। আর যারা সেখানে ছিল না, তারা ভারতে সীমিত ওভারের সিরিজে ব্যস্ত ছিল। এরপর পুরো দল একসঙ্গে দুটি ভালো অনুশীলন সেশন পেয়েছি এবং একটি প্রস্তুতি ম্যাচও খেলেছি।’

মঙ্গলবার কোনো অনুশীলন করেনি ওয়েস্ট ইন্ডিজ, যা থেকে স্পষ্ট যে প্রথম টেস্টে নামার আগে নিজেদের প্রস্তুতি নিয়ে বেশ আত্মবিশ্বাসী সফরকারীরা। ঢাকার তাপমাত্রা কিছুটা বেশি হলেও দল আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিয়েছে বলে জানান ক্যারিবীয় দলপতি, ‘আমার মনে হয় সবাই পরিবেশের সঙ্গে মানিয়ে নিয়েছে এবং স্বস্তিতে আছে। আমরা কঠোর পরিশ্রম করেছি। স্বাভাবিকের চেয়ে একটু বেশি গরম, তবে এখন পর্যন্ত সবাই পরিবেশ উপভোগ করছে এবং নিজেদের মানিয়ে নিতে পেরেছে।’

সম্প্রতি ঘরের মাঠে শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজ জয় এবং পাকিস্তানের সঙ্গে সিরিজ ড্র করেছে তারা। এই চক্রের শুরুর দিকের ফলের তুলনায় অনেকটাই উন্নতি তাদের। তবে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকার আট নম্বরে থাকা ক্যারিবীয়দের জন্য এই সিরিজটি অবস্থান উন্নত করার শেষ সুযোগ। চলতি টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে এটিই তাদের শেষ অ্যাসাইনমেন্ট।

এই কারণেও সিরিজটি জিততে মরিয়া তারা, ‘পয়েন্ট তালিকায় আমরা যদি ওপরের দিকে উঠতে চাই, তবে এই সিরিজেই তা করতে হবে।’

চলতি বছর চার টেস্টে খেলে কেবল একটিতে হেরেছে ওয়েস্ট ইন্ডিজ। উন্নতির এই ধারা ধরে রাখতে চায় তারা, ‘চলতি বছর আমাদের দারুণ কেটেছে। চারটি টেস্ট খেলে দুটিতে জয়, একটিতে ড্র এবং একটিতে হেরেছি। আমরা ভালো ফর্মে থেকে এই সিরিজে নামছি। তাই দুটি ম্যাচই জিতে পয়েন্ট তালিকায় পঞ্চম বা ষষ্ঠ স্থানে থেকে পর্বটি শেষ করতে চাই। এটি দলের জন্য চমৎকার এক ক্রিসমাস উপহার হবে।’

 

RELATED ARTICLES

Most Popular