প্রথম ইনিংসে ২৭ রানের লিড নিয়ে ব্যাটিংয়ে নেমেও সুবিধা করতে পারেনি বাংলাদেশ। রোস্টন চেজের ঘূর্ণিতে শুরু হওয়া ব্যাটিং বিপর্যয় আরও বাড়িয়েছেন জোমেল ওয়ারিক্যান। মাত্র ৬০ রানেই ৬ উইকেট হারানোর পর নাঈম হাসান ও জাকের আলীর ব্যাটে কিছুটা প্রতিরোধ গড়েছে স্বাগতিকেরা। তবে সেই প্রতিরোধের মাঝেই আলোকস্বল্পতায় বন্ধ হয়ে গেছে মিরপুর টেস্টের খেলা।
মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তৃতীয় দিনের শেষ সেশনে আলোকস্বল্পতার কারণে খেলা বন্ধ রয়েছে। দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ২৯ ওভারে ৬ উইকেটে ৭৯ রান। প্রথম ইনিংসের ২৭ রান মিলিয়ে স্বাগতিকদের লিড এখন ১০৬ রানের। সপ্তম উইকেটে নাঈম ও জাকেরের অবিচ্ছিন্ন জুটিতে এসেছে ২৬ রান।
এর আগে ওয়েস্ট ইন্ডিজকে প্রথম ইনিংসে ২৪৫ রানে অলআউট করে ২৭ রানের লিড পেয়েছিল বাংলাদেশ। তবে সেই সুবিধা কাজে লাগাতে পারেননি ব্যাটসম্যানরা। দ্বিতীয় ইনিংসের শুরুতেই শামার জোসেফের বলে গালিতে ক্যাচ দিয়ে ফেরেন তানজিদ হাসান। রানের খাতাই খুলতে পারেননি এই ওপেনার।
এরপর সাদমান ইসলাম ও নাজমুল হোসেন শান্ত মিলে ইনিংস এগিয়ে নেওয়ার চেষ্টা করেন। কিন্তু ১১তম ওভারে জোড়া আঘাত হানেন ক্যারিবীয় অধিনায়ক রোস্টন চেজ। ওভারের প্রথম বলে সাদমানকে বোল্ড করার পর চতুর্থ বলে ফিরিয়ে দেন তাওহিদ হৃদয়কে। পরের ওভারে চেজের বলেই এলবিডব্লিউ হন নাজমুল। রিভিউ নিয়েও বাঁচতে পারেননি বাংলাদেশ অধিনায়ক।
তাতে ৩৩ রানে ৪ উইকেট হারিয়ে বিপদে পড়ে বাংলাদেশ। এর কিছুক্ষণ পরই বৃষ্টি নামায় আগেভাগে চা বিরতি নেওয়া হয়। তখন স্বাগতিকদের সংগ্রহ ছিল ৪ উইকেটে ৩৪ রান।
বৃষ্টি থামার পর তৃতীয় সেশনের শুরুতেই আবার ধাক্কা খায় বাংলাদেশ। প্রথম ওভারেই লিটন দাসকে এলবিডব্লিউ করেন জোমেল ওয়ারিক্যান। ৪ রান করা লিটনও রিভিউ নিয়ে সিদ্ধান্ত বদলাতে পারেননি।
এরপর জাকের আলীর সঙ্গে যোগ দেন মেহেদী হাসান মিরাজ। তবে তিনিও বেশিক্ষণ টিকতে পারেননি। ওয়ারিক্যানের ভেতরে ঢোকা বল ব্যাট ফাঁকি দিয়ে আঘাত করে স্টাম্পে। ৯ রান করে ফেরেন মিরাজ। তাতে ২৫ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ৬ উইকেটে ৬০ রান।
এরপর নাঈমকে নিয়ে প্রতিরোধ গড়ার চেষ্টা করেন জাকের। এর মধ্যে অবশ্য জীবন পেয়েছেন নাঈম। আম্পায়ার তাঁকে এলবিডব্লিউ দিলেও রিভিউ নিয়ে বেঁচে যান এই ব্যাটসম্যান। দুজনের জুটিতে বাংলাদেশের লিড একশ ছাড়ায়।
কিন্তু বাংলাদেশ যখন কিছুটা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে, তখনই আবার আলোকস্বল্পতার বাধা। আগের দুই দিনের মতো তৃতীয় দিনেও পর্যাপ্ত আলোর অভাবে খেলা বন্ধ রাখতে হয়েছে।
এর আগে নাঈম হাসানের ঘূর্ণিতে মিরপুর টেস্টে ২৪৫ রানে অলআউট হয়েছে ওয়েস্ট ইন্ডিজ। তৃতীয় দিনের শুরুতে প্রতিরোধ গড়েছিলেন তেজনারায়ণ চন্দরপল ও জাস্টিন গ্রিভস। শরীফুল ইসলামের বলে ফেরার আগে চন্দরপল করেন ৫৬ রান। লাঞ্চের আগে ৪৬ রান করা গ্রিভসকে ফেরান নাঈম।
বিরতির পর জশুয়া বিশপকে ফেরান মেহেদী হাসান মিরাজ। এরপর এক ওভারে দুই উইকেটসহ শেষ তিন ব্যাটসম্যানকেই বিদায় করেন নাঈম। শেষ তিন উইকেটে মাত্র ৫ রান যোগ করে ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশের হয়ে নাঈম সর্বোচ্চ ৪টি এবং মিরাজ ও তাইজুল ইসলাম দুটি করে উইকেট নেন।
