Homeস্পোর্টসবিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনার হার নিয়ে এবার মুখ খুললেন লাউতারো

বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনার হার নিয়ে এবার মুখ খুললেন লাউতারো

বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে হারের পর থেকেই প্রশ্ন উঠেছে আর্জেন্টিনার ফুটবলারদের নিবেদন নিয়ে। কেউ কেউ তো সেই হারকে ঘিরে ষড়যন্ত্রের তত্ত্বও দাঁড় করিয়েছেন। এসব অভিযোগ উড়িয়ে দিয়েছিলেন লিওনেল মেসি। এবার সতীর্থদের পাশে দাঁড়িয়ে ক্ষোভ উগরে দিলেন লাউতারো মার্তিনেজও।

ইন্টার মিলানের এই ফরোয়ার্ড মনে করিয়ে দিলেন, ফাইনালে আর্জেন্টিনার এমন ফুটবলারও ছিলেন, যারা ঠিকমতো হাঁটতে পারছিলেন না, অথচ শেষ পর্যন্ত দৌড়ে গেছেন দলের জন্য। তার দাবি, কেউ ইচ্ছা করে হারেননি। বরং সেদিন প্রতিপক্ষই ভালো খেলেছিল।

গত ১৯ জুলাই নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলে হেরেছিল আর্জেন্টিনা। নির্ধারিত ৯০ মিনিটে কোনো দলই গোল করতে পারেনি। অতিরিক্ত সময়ের ১০৬ মিনিটে ফেরান তোরেসের গোলে শিরোপা নিশ্চিত করে স্পেন। তাতে টানা দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন ভেঙে যায় মেসিদের।

অথচ সেই ম্যাচে আর্জেন্টিনার পারফরম্যান্স ছিল প্রত্যাশার অনেক নিচে। পুরো ম্যাচে স্পেনের ওপর তেমন চাপই তৈরি করতে পারেনি লিওনেল স্কালোনির দল। বিশেষ করে ফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে আর্জেন্টাইন ফুটবলারদের এমন নিষ্প্রভ পারফরম্যান্স নিয়ে প্রশ্ন উঠেছিল। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে নানা ষড়যন্ত্রের তত্ত্বও।

সম্প্রতি আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) নিজস্ব অনুষ্ঠান ‘এএফএ এস্তুডিও’তে দেওয়া সাক্ষাৎকারে সেসব অভিযোগ নিয়েই কথা বলেছেন লাউতারো। ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালের ধকল সামলাতে না পারাই ফাইনালে আর্জেন্টিনার পারফরম্যান্সে বড় প্রভাব ফেলেছিল বলে জানান তিনি।

লাউতারো বলেন, ‘ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচটি আমাদের প্রচুর শক্তি কেড়ে নিয়েছিল। আমরা নিজেদের সামর্থ্যের সবটুকু দিয়েছিলাম। ফাইনালেও তাই করেছি। নিকো (ওতামেন্দি), কুতি (রোমেরো), লিচা (লিসান্দ্রো মার্তিনেজ), ওদের মতো ফুটবলারদের দেখেছি, যারা মাঠ ছাড়তে বাধ্য হয়েছিল। কিন্তু তার আগপর্যন্ত নিজেদের সবটুকু উজাড় করে দিয়েছে। গনসালো (মন্তিয়েল), লিও (মেসি), হুলিয়ান (আলভারেজ) এভাবে আরও অনেকের নাম বলতে পারি। কারণ, শেষ পর্যন্ত আমরা সবাই নিজেদের সবটুকু দিয়েছি। মাঠেই সেটা দেখা গেছে।’

ফাইনালের শেষ মুহূর্ত পর্যন্ত সতীর্থদের লড়াইয়ের কথাও মনে করিয়ে দিয়েছেন আর্জেন্টাইন ফরোয়ার্ড, ‘এমন খেলোয়াড়ও ছিল, যারা ঠিকমতো হাঁটতে পারছিল না, কিন্তু তারপরও দৌড়ে গেছে। শেষ মুহূর্ত পর্যন্ত আমাদের ম্যাচটি জেতার সুযোগ ছিল।’

এরপরই ষড়যন্ত্রের অভিযোগ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন লাউতারো, ‘মানুষ যখন এসব ষড়যন্ত্রের তত্ত্ব নিয়ে কথা বলে, তখন বিরক্ত লাগে। কারণ, আমরা যে নিজেদের সবটুকু দিয়েছিলাম, সেটা স্পষ্ট। আর এটাই আমাদের মনে শান্তি দেয়। শেষ পর্যন্ত আমরা পারিনি। প্রতিপক্ষ আমাদের চেয়ে ভালো ছিল। একদিন না একদিন এমনটা ঘটারই ছিল।’

ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালে ২-১ গোলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন লাউতারো। তার গোলেই এগিয়ে গিয়েছিল আর্জেন্টিনা। অথচ স্পেনের বিপক্ষে ফাইনালে একটি মিনিটও মাঠে নামার সুযোগ পাননি এই ফরোয়ার্ড। কোচ স্কালোনির সিদ্ধান্তে পুরো ম্যাচই বেঞ্চে কাটাতে হয়েছিল তাকে।

নিজের শারীরিক অবস্থার কথাও জানিয়েছেন লাউতারো। বিশ্বকাপের আগে চোটের কারণে দুই মাস মাঠের বাইরে ছিলেন তিনি। পুরোপুরি ছন্দে ফিরতে না ফিরতেই শুরু হয়েছিল বিশ্বকাপ। শুধু তারই নয়, দলের আরও কয়েকজন ফুটবলার শারীরিক সমস্যা নিয়েই টুর্নামেন্টে এসেছিলেন।

লাউতারোর কথায়, ‘আমাদের অনেকেই কিছু না কিছু সমস্যা নিয়ে বিশ্বকাপে এসেছিলাম। আমার নিজেরই এমন চোট ছিল, যার কারণে দুই মাস খেলতে পারিনি। নকআউট পর্বে অতিরিক্ত সময়ের ম্যাচগুলো অনেক শক্তি কেড়ে নেয়। পিছিয়ে পড়ার পর ঘুরে দাঁড়ানোর চাপ, সমর্থকদের প্রত্যাশা, স্নায়ুচাপ সবকিছুই প্রভাব ফেলেছিল। সবার চোখ ছিল আর্জেন্টিনার দিকে।’

তবে এত প্রতিকূলতার মধ্যেও শেষ পর্যন্ত হাল ছাড়েনি দল, এমনটাই দাবি তার, ‘শেষ ম্যাচের শেষ বাঁশি বাজা পর্যন্ত, যখন আমরা আর বিশ্বকাপটা দেশে ফিরিয়ে আনতে পারলাম না, তখনও সবাই দেখতে পেয়েছে এই দল কতটা চেষ্টা করেছে।’

এর আগে মেসিও একই সুরে কথা বলেছিলেন। গত ৬ অক্টোবর জাতীয় দলের হয়ে বিদায়ী ম্যাচের পর বিশ্বকাপ ফাইনাল নিয়ে ছড়িয়ে পড়া অভিযোগের জবাব দিয়েছিলেন আর্জেন্টাইন মহাতারকা। বলেছিলেন, ‘মানুষ যেমনটা বলছে, ফাইনালে তেমন অস্বাভাবিক কিছু ঘটেনি। এটাই বাস্তবতা। ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচটি আমাদের শারীরিক ও মানসিকভাবে অনেক ক্লান্ত করে দিয়েছিল। ফাইনালে আমরা কোনোমতে নিজেদের প্রস্তুত করতে পেরেছিলাম। তবু সব সময়ের মতোই লড়াই করেছি।’

 

RELATED ARTICLES

Most Popular