Homeআন্তর্জাতিকদ্রুত বদলে যাওয়া ৫ শহর, কেন ঘুরতে যাবেন

দ্রুত বদলে যাওয়া ৫ শহর, কেন ঘুরতে যাবেন

নিউইয়র্ক, লন্ডন বা প্যারিসের মতো পরিচিত শহরের বাইরে এবার ভ্রমণের তালিকায় রাখতে পারেন তুলুজ, হো চি মিন সিটি কিংবা মেডেলিনের মতো শহর।

দ্রুত বদলে যাওয়া এসব শহরে একদিকে যেমন গড়ে উঠছে নতুন সাংস্কৃতিক পরিসর, অন্যদিকে বাড়ছে খাবার, ইতিহাস ও স্থানীয় জীবনযাত্রার অভিজ্ঞতা। ফলে পর্যটকদের কাছেও শহরগুলো হয়ে উঠছে আকর্ষণীয়।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, অক্সফোর্ড ইকোনমিকসের ২০২৬ সালের গ্লোবাল সিটিজ ইনডেক্সে বিশ্বের পরিচিত শহরগুলোর পাশাপাশি নজরে রাখার মতো ২৮টি শহর চিহ্নিত করা হয়েছে।

দ্রুত অর্থনৈতিক প্রবৃদ্ধি ও উন্নতির কারণে আগামী বছরগুলোতে এসব শহর আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।

সেখান থেকে পাঁচটি শহর বেছে নিয়ে স্থানীয় বাসিন্দা ও ভ্রমণসংশ্লিষ্ট ব্যক্তিদের অভিজ্ঞতার ভিত্তিতে শহরগুলোর পরিবর্তন ও আকর্ষণ তুলে ধরেছে বিবিসি।

ফ্রান্সের দ্রুত বর্ধনশীল শহরগুলোর একটি তুলুজ। আগামী চার বছরে শহরটির জনসংখ্যা ৫৭ হাজার বাড়তে পারে, যা ফ্রান্সের অন্য যেকোনো শহরের তুলনায় বেশি। স্বস্তিদায়ক আবহাওয়া, তুলনামূলক কম জীবনযাত্রার ব্যয় এবং উন্নত জীবনমানের কারণে তরুণ ও দক্ষ পেশাজীবীদের কাছে শহরটি আকর্ষণীয় হয়ে উঠছে।

লন্ডনে ১০ বছর থাকার পর সম্প্রতি তুলুজে ফেরা এলোদি পারামেল বিবিসিকে বলেন, এখানে জীবনের গতিশীলতা নিয়ে জটিলতা খুব বেশি নেই।

তার ভাষ্য, বড় শহরের প্রাণচাঞ্চল্য, ভালো খাবারের জায়গা, ক্যাফে, ককটেল বার ও ক্রমবর্ধমান সাংস্কৃতিক আয়োজনের পাশাপাশি এখানে তুলনামূলক শান্ত জীবনও উপভোগ করা যায়।

প্যারিসে সাত বছর কাটিয়ে তুলুজে ফেরা মেলোদি টাইলার বলেন, সাম্প্রতিক বছরগুলোতে শহরটি অনেক বদলে গেছে। এখন হাঁটা ও সাইকেল চালানোর জন্য শহরটি আগের চেয়ে বেশি উপযোগী। খাবার ও ওয়াইনের আয়োজনও উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

তিনি আরও বলেন, শহরের প্রাণচাঞ্চল্য এখন আর শুধু ঐতিহাসিক কেন্দ্রের মধ্যে সীমাবদ্ধ নেই। তিনি যে পঁ-জুমো এলাকায় থাকেন, সেখানে নিয়মিত বিভিন্ন উৎসব এবং স্কেটবোর্ড প্রতিযোগিতার আয়োজন হয়।

তার ভাষ্য, তুলুজের বাসিন্দারা যতটা সম্ভব বাইরে সময় কাটাতে ও আনন্দ-উৎসবে মেতে থাকতে ভালোবাসেন।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, সাংস্কৃতিক আয়োজনের পাশাপাশি মহাকাশ ও উড়োজাহাজশিল্পের গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবেও পরিচিত তুলুজ। এয়ারবাসের বৈশ্বিক সদর দপ্তরসহ শত শত প্রতিষ্ঠান রয়েছে এখানে।

মহাকাশ সম্পর্কে জানতে পর্যটকেরা যেতে পারেন সিতে দ্য লেসপাস মহাকাশবিষয়ক জাদুঘরে। উড়োজাহাজের ইতিহাস জানতে রয়েছে অ্যারোস্কোপিয়া জাদুঘর, যা এয়ারবাসের রানওয়ের পাশে অবস্থিত।

ভিয়েতনামের সবচেয়ে বড় শহর হো চি মিন সিটি দ্রুত এগিয়ে যাচ্ছে।

অক্সফোর্ড ইকোনমিকসের পূর্বাভাস অনুযায়ী, আগামী পাঁচ বছরে শহরটি বিশ্বের দ্রুততম বর্ধনশীল ৫০টি শহরের মধ্যে থাকতে পারে। ২০৫০ সালের মধ্যে এর অর্থনীতির আকার জার্মানির বার্লিন শহরের সমপর্যায়ে পৌঁছাতে পারে।

পর্যটনেও বাড়ছে শহরটির জনপ্রিয়তা। গত বছর ৮০ লাখের বেশি আন্তর্জাতিক পর্যটক এসেছেন এখানে।

ভ্রমণ প্রতিষ্ঠান টিমবুকটু ট্রাভেলের বিশেষজ্ঞ মেগান ইয়াশ বিবিসিকে তিনি বলেন, ২০২৪ সালের শেষ দিকে চালু হওয়া শহরটির প্রথম মেট্রোরেল দ্রুত পরিবর্তনের অন্যতম দৃশ্যমান নিদর্শন। প্রায় ২০ কিলোমিটার দীর্ঘ এ রেলপথ শহরের কেন্দ্রের বেন থান বাজার থেকে সুয়ি তিয়েন থিম পার্ক পর্যন্ত গেছে। একবার যাতায়াতের ভাড়া এক পাউন্ডেরও কম।

তবে পরিবর্তনের পাশাপাশি পুরোনো ঐতিহ্য ধরে রাখার মধ্যেই শহরটির বিশেষ আকর্ষণ দেখেন ভিয়েতনামের হোটেল প্রতিষ্ঠান ফিউশন গ্রুপের বাণিজ্যিক পরিচালক ক্রিস বুচার।

তিনি পর্যটকদের ফরাসি ঔপনিবেশিক আমলের সেন্ট্রাল পোস্ট অফিস ও অপেরা হাউস ঘুরে দেখার পরামর্শ দেন। এরপর দেশটির ইতিহাস জানতে যেতে বলেন ওয়ার রেমন্টস জাদুঘরে। আর সবশেষে উপভোগ করতে বলেন শহরটির খাবারের বৈচিত্র্য।

বুচারের পরামর্শ, ভিয়েতনামি ব্যাগেট স্যান্ডউইচ বান মি, ভাঙা চাল দিয়ে তৈরি কোম তাম এবং মুচমুচে প্যানকেক বান সেও চেখে দেখা উচিত।

ইয়াশ বলেন, পর্যটকদের সাধারণ গন্তব্য হলো কেন্দ্রীয় জেলা-১। কিন্তু এর বাইরেও ঘুরে দেখা দরকার। শহরের অপেক্ষাকৃত নিরিবিলি আবাসিক এলাকাগুলোতে গাছঘেরা রাস্তা ধরে হাঁটা এবং এক ক্যাফে থেকে অন্য ক্যাফেতেও সময় কাটানোর সুযোগ রয়েছে।

শহরের ঐতিহাসিক চায়নাটাউন চো লোনের বাজার, মন্দির ও ওষুধের দোকানও ঘুরে দেখতে পারেন পর্যটকেরা।

অন্যদিকে, নদীর ওপারে থাও দিয়েন এলাকায় রয়েছে স্বতন্ত্র বুটিক, গ্যালারি এবং স্থানীয় ভিয়েতনামি ব্র্যান্ডের দোকান।

পোল্যান্ডের রাজধানী ওয়ারশ অক্সফোর্ড ইকোনমিকসের গ্লোবাল সিটিজ ইনডেক্সে সবচেয়ে দ্রুত এগিয়ে যাওয়া শহরগুলোর একটি।

সূচকে শহরটি ১০০টিরও বেশি ধাপ পেরিয়ে ৬১তম অবস্থানে উঠেছে। জীবনমানের সূচকে ওয়ারশ এখন লন্ডন, নিউইয়র্ক ও টোকিওর চেয়েও এগিয়ে। শহরটির অর্থনীতি বছরে প্রায় ৩ শতাংশ হারে বাড়তে পারে, যা ইউরোপের শহরগুলোর গড় প্রবৃদ্ধির প্রায় দ্বিগুণ।

পোলিশ-অস্ট্রেলীয় কনরাড ওয়ারজেচার পরিবারের বাড়ি ওয়ারশর ওলা এলাকায়। গত দুই দশকে শহরটির পরিবর্তনকে অসাধারণ বলে মনে করেন তিনি।

হাউস সিটার্স গাইড ব্লগে লেখালেখি করা পোলিশ নাগরিক ওয়ারজেচা বিবিসিকে বলেন, তাদের বাড়ির বারান্দা থেকে শহরের আকাশচুম্বী ভবন দেখা যায়। গত ২০ বছরে রাস্তা, মহাসড়ক ও উঁচু ভবন নির্মাণের ফলে শহরটি প্রায় অচেনা হয়ে উঠেছে।

তিনি বলেন, সবচেয়ে বড় পরিবর্তন এসেছে রাস্তাঘাটে। ছোটবেলায় ট্রামে চলাচলের সময় নিজেকে নিরাপদ মনে হতো না। ছিনতাইয়ের ঘটনাও দেখেছেন তিনি। কিন্তু এখন রাতে রাস্তায় হাঁটলেও নিরাপদ বোধ করেন। রাস্তাঘাট পরিচ্ছন্ন আর কোনো সমস্যা হলে দ্রুত ব্যবস্থাও নেওয়া হয়।

প্রথমবার ওয়ারশ গেলে পুরোনো ও নতুন শহর ঘুরে দেখার পরামর্শ দেন ওয়ারজেচা।

তিনি বলেন, শহরের প্যালেস অব কালচার অ্যান্ড সায়েন্স থেকে যাত্রা শুরু করা যায়। এরপর নোভি শভিয়ান্ত সড়ক ধরে পৌঁছানো যায় পুরোনো শহরে, যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর অত্যন্ত যত্ন নিয়ে তৈরি করা হয়েছিল।

পথে পোলিশ ডোনাট পঁচকি খেয়ে নিতে পারেন। স্থানীয় ‘বার মিলেচনি’ বা সাধারণ খাবারের দোকানেও খেতে পারেন।

ওয়ারজেচার ভাষ্য, এসব জায়গার খাবারের স্বাদ ঘরের রান্নার মতো। পানীয়সহ তিন পদের খাবারের দাম পড়ে প্রায় ১৩ পাউন্ড বা প্রায় দুই হাজার ১০০ টাকা।

একসময় পোল্যান্ড ছেড়ে অস্ট্রেলিয়ায় ফিরে যেতে চেয়েছিলেন ওয়ারজেচা। এখন ওয়ারশকে অন্যদের ভ্রমণের জন্য সবচেয়ে বেশি সুপারিশ করা জায়গাগুলোর একটি মনে করেন তিনি।

তার ভাষ্য, শুধু পোলিশ বংশোদ্ভূত হওয়ার কারণে নয়, শহরটির পরিবর্তন দেখেও তিনি গর্বিত।

কলম্বিয়ার মেডেলিনের অর্থনীতিতেও বড় পরিবর্তন এসেছে। গত ২০ বছরে ব্যবসা ও আর্থিক সেবাখাতে কর্মসংস্থান দ্বিগুণের বেশি হয়েছে।

অক্সফোর্ড ইকোনমিকসের পূর্বাভাস অনুযায়ী, ২০৪০-এর দশকে শহরটির গড় আয় বুয়েনস এইরেস ও সাও পাওলোর চেয়ে বেশি হতে পারে।

গত ১০ বছর ধরে শহরটিতে বসবাস করা প্যাট্রিক কুইন বিবিসিকে বলেন, একসময় শুধু দুঃসাহসী পর্যটকেরা মেডেলিনে আসতেন। এখন এটি গুরুত্বপূর্ণ পর্যটনকেন্দ্র হয়ে উঠেছে।

শহরের পাহাড়ি এলাকায় যাতায়াতের জন্য রয়েছে মেট্রোকেবল। খাবার, শিল্প ও নকশার আয়োজনও পর্যটকদের আকর্ষণ করছে।

ভ্রমণ বিশেষজ্ঞ জোয়ানা রিগবি জোন্স পেরপেতুও সোকোরো এলাকার নকশার দোকান, গ্যালারি ও কফির দোকান ঘুরে দেখার পরামর্শ দেন।

তারা বলেন, একসময় মেডেলিনের বিপজ্জনক এলাকাগুলোর একটি ছিল কোমুনা ১৩। এখন সেখানে প্রচুর পর্যটক যান। স্থানীয় গাইড সঙ্গে নিয়ে এলাকাটি ঘুরে দেখতে হবে। এতে দেয়ালের চিত্রকর্ম, চলন্ত সিঁড়ি ও সংগীতের পেছনের ইতিহাস জানা যাবে।

এ ছাড়া পবলাদো ও লরেলেস এলাকাও ঘুরে দেখার পরামর্শ দিয়েছেন কুইন।

একসময় তেলের ওপর নির্ভরশীল আবুধাবি এখন প্রযুক্তি, নবায়নযোগ্য জ্বালানি, আবাসন ও অর্থ খাতে বিনিয়োগ করছে।

অক্সফোর্ড ইকোনমিকসের সূচকে কর্মীদের দক্ষতা ও শিক্ষার দিক থেকে শহরটির অবস্থান ষষ্ঠ, যা প্যারিস ও বোস্টনের চেয়েও এগিয়ে। শহরটির তেলবহির্ভূত অর্থনীতি ও কর্মসংস্থান দুবাইকে ছাড়িয়ে যেতে পারে বলেও পূর্বাভাস দেওয়া হয়েছে।

আবুধাবি ও শারজায় বসবাস করা মার্কিন নাগরিক মুনা আবু-হিজলেহ বিবিসিকে বলেন, দুবাই বা শারজার তুলনায় আবুধাবি শান্ত ও খোলামেলা। এখান থেকে সহজেই সমুদ্রসৈকত, ম্যানগ্রোভ বন ও নিরিবিলি আবাসিক এলাকায় যাওয়া যায়।

দীর্ঘদিন ধরে সংযুক্ত আরব আমিরাতে থাকা জেরেমি সাভরির মতে, দুবাইয়ের জাঁকজমকের পাশে আবুধাবি আরও স্থিতিশীল বিকল্প। শহরটিতে সাংস্কৃতিক আয়োজনও বাড়ছে।

বিবিসি জানিয়েছে, আবুধাবির সাদিয়াত দ্বীপে ২০২৫ সালে চালু হয়েছে ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়াম আবুধাবি ও জায়েদ ন্যাশনাল মিউজিয়াম। স্থপতি ফ্র্যাঙ্ক গেরির নকশায় নির্মিত গুগেনহাইম আবুধাবি ২০২৬ সালের ১১ ডিসেম্বর উদ্বোধনের কথা রয়েছে।

আবু-হিজলেহ পর্যটকদের অন্তত এক দিন ধীরেসুস্থে কাটানোর পরামর্শ দেন। স্থানীয় ক্যাফেতে নাশতা করা কিংবা শপিং মলে ঘুরে বেড়ানোর মাধ্যমেও শহরটিকে চেনা যায়।

তিনি বলেন, বাইরে থেকে সংযুক্ত আরব আমিরাতকে অত্যাধুনিক মনে হলেও আকাশচুম্বী ভবন ও বিলাসবহুল হোটেলের আড়ালে মানুষের দৈনন্দিন জীবন অনেক বেশি সাধারণ।

RELATED ARTICLES

Most Popular