Homeবিনোদন৭৫ বছরেও বক্স অফিসে রজনীকান্তের রাজত্ব

৭৫ বছরেও বক্স অফিসে রজনীকান্তের রাজত্ব

এখনো বক্স অফিসে দাপট দেখিয়ে যাচ্ছেন ৭৫ বছর বয়সী রজনীকান্ত। পর্দায় তার উপস্থিতি এখনো যে দর্শক টানতে পারে, তার প্রমাণ ‘জেলার ২’। মুক্তির ২০ দিনের মধ্যেই সিনেমাটি বিশ্বজুড়ে আয় করে ফেলেছে ৮২১ কোটি রুপি।

বয়সকে যেন পাত্তাই দিচ্ছেন না দক্ষিণ ভারতীয় সিনেমার এই সুপারস্টার। কয়েক দশক ধরে দর্শকের ভালোবাসা পাওয়া রজনীকান্ত আবারও বুঝিয়ে দিলেন, তার তারকাখ্যাতিতে সামান্যতম ভাটাও পড়েনি।

আজ বৃহস্পতিবার ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়, নেলসন দিলীপকুমার পরিচালিত ‘জেলার ২’ মুক্তি পেয়েছে গত ১৫ অক্টোবর। এটি ২০২৩ সালে মুক্তি পাওয়া ‘জেলার’ সিনেমার সিক্যুয়েল। দুই সিনেমাতেই টাইগার মুথুভেল পান্ডিয়ান চরিত্রে অভিনয় করেছেন রজনীকান্ত।

বক্স অফিস বিশ্লেষক সংস্থা স্যাকনিল্কের তথ্য অনুযায়ী, ভারতে ২০ দিনে সিনেমাটির নেট আয় ৪৬৬ কোটি ৫ লাখ রুপি, মোট আয় ৫৪৫ কোটি ১০ লাখ রুপি। বিদেশের বাজার থেকে এসেছে আরও ২৭৬ কোটি রুপি। সবমিলিয়ে বিশ্বব্যাপী আয় ৮২১ কোটি রুপি ছাড়িয়েছে।

এই আয়ের মধ্য দিয়ে ২০২৬ সালের সবচেয়ে বেশি আয় করা ভারতীয় সিনেমার তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে ‘জেলার ২’। এক নম্বরে আছে আদিত্য ধর পরিচালিত ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’।

রজনীকান্তের এই সাফল্যকে আলাদা গুরুত্ব দিচ্ছে তার বয়সও। ১৯৭৫ সালে অভিনয়জীবন শুরু করা এই অভিনেতা পাঁচ দশকের বেশি সময় ধরে রূপালী পর্দা মাতিয়ে রেখেছেন। বয়স ৭৫ হলেও নতুন প্রজন্মের তারকাদের সঙ্গে পাল্লা দিয়ে বক্স অফিসে ঝড় তুলে যাচ্ছেন তিনি।

প্রেক্ষাগৃহে মুক্তির মাত্র ২৮ দিনের মাথায় আগামী ১২ নভেম্বর অ্যামাজন প্রাইম ভিডিওতে দেখা যাবে ‘জেলার ২’। তামিল, তেলেগু, হিন্দি ও কন্নড়—চারটি ভাষায় দেখা যাবে সিনেমাটি।

‘জেলার’ সিনেমাটি বিশ্বজুড়ে আয় করেছিল ৬০৫ কোটি রুপি। সেই সাফল্যকেও ছাড়িয়ে গেছে এর সিক্যুয়েল।

RELATED ARTICLES

Most Popular