২০২৬ সাফ চ্যাম্পিয়নশিপের ‘বি’ গ্রুপে ভুটানের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচের জন্য মূল একাদশ নিশ্চিত করেছেন বাংলাদেশের কোচ টমাস ডুলি। ছয়জন ডিফেন্ডারকে নিয়ে একাদশ সাজিয়েছেন তিনি।
বৃহস্পতিবার রাত ৮টায় ঢাকার জাতীয় স্টেডিয়ামে ভুটানের মুখোমুখি হবে স্বাগতিক বাংলাদেশ। বাংলাদেশের ফিফা র্যাঙ্কিং ১৮২, ভুটানের ১৯২।
খেলা মাঠে গড়ানোর আগে প্রকাশিত একাদশে দেখা যাচ্ছে ছয়জন ডিফেন্ডারকে রাখা হয়েছে একাদশে। তারা হলেন তপু বর্মণ, তারিক কাজী, জিদান ইউসুফ, বিশ্বনাথ ঘোষ, জায়ান আহমেদ ও সাদ উদ্দিন। তবে তারিক কাজীকে ডিভেন্সিভ মিডফিল্ডার ও বিশ্বনাথকে ফরোয়ার্ড হিসেবে খেলানো হতে পারে।
একাদশের বাকিরা হলেন গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণ, দুই মিডফিল্ডার জামাল ভূঁইয়া ও শমি সোম এবং দুই ফরোয়ার্ড রাকিব হোসেন ফয়সাল আহমেদ ফাহিম।
সম্প্রতি ফিফা আসিয়ান কাপের আগে প্রস্তুতির সময় ডুলি নম্বর নাইন পজিশনে বিশ্বনাথকে স্ট্রাইকার হিসেবে খেলানোর ইচ্ছার কথা প্রকাশ করেছিলেন। কারণ এর আগে গত জুনে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে সান মারিনোর বিপক্ষে ২-১ গোলে জয়ের ম্যাচে আক্রমণাত্মক অ্যাপ্রোচ দেখিয়েছিলেন তিনি।
ওই ম্যাচে বেঞ্চ থেকে নেমে একটি অ্যাসিস্ট করার পাশাপাশি গোল করার খুব কাছেও পৌঁছে গিয়েছিলেন বিশ্বনাথ। তবে চোটের কারণে আসিয়ান কাপ থেকে ছিটকে যান তিনি।
এই ম্যাচে বিশ্বনাথ রাইট উইংয়ে নাকি সেন্টার-ফরোয়ার্ড হিসেবে খেলবেন, তা জানার জন্য অপেক্ষায় থাকতে হচ্ছে। কারণ রাকিবকে সেন্টার-ফরোয়ার্ড হিসেবে খেলানো হতে পারে। আর লেফট উইংয়ে থাকবেন ফাহিম।
অনেক বছর ধরে বাংলাদেশ দলের অধিনায়কের দায়িত্ব থাকা জামালকে সাফের আগে নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তার জায়গায় নতুন অধিনায়ক হয়েছেন তপু। তবে শুরুর একাদশে জায়গা পেয়েছেন জামাল।
বাংলাদেশ একাদশ:
মেহেদী হাসান শ্রাবণ, তপু বর্মণ, জিদান ইউসুফ, জায়ান আহমেদ, সাদ উদ্দিন, তারিক কাজী, জামাল ভূঁইয়া, শমিত সোম, ফয়সাল হোসেন ফাহিম, রাকিব হোসেন ও বিশ্বনাথ ঘোষ।
