Homeবিনোদন‘লাভলু ভাইয়ের ওই নাটক আমার অভিনয়জীবনের টার্নিং পয়েন্ট’

‘লাভলু ভাইয়ের ওই নাটক আমার অভিনয়জীবনের টার্নিং পয়েন্ট’

৩৫ বছর ধরে আরণ্যক নাট্যদলের সঙ্গে যুক্ত আছেন অভিনেতা ও নাট্যপরিচালক শামীম জামান। দীর্ঘ ক্যারিয়ারে অভিনয় করেছেন অসংখ্য টেলিভিশন নাটকে। এখনো মঞ্চে ‘রাঢাঙ’ নাটকে অভিনয় করছেন তিনি। সালাহউদ্দিন লাভলু পরিচালিত বেশিরভাগ নাটকেই তাকে নিয়মিত দেখা গেছে। সাঈদুল আনাম টুটুল পরিচালিত ‘আধিয়ার’ সিনেমায় অভিনয় করে ব্যাপক প্রশংসিত হয়েছেন।

এক যুগেরও বেশি সময় ধরে অভিনয়ের পাশাপাশি নাটক পরিচালনাও করছেন শামীম জামান। বর্তমানে তার পরিচালিত ‘এক পাতিলের সংসার’ ধারাবাহিকটি মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হচ্ছে। ইতোমধ্যে নাটকটির ৮০টি পর্ব প্রচারিত হয়েছে।

নাটক, সিনেমা ও ঢাকার মঞ্চে অভিনয়ের আগে স্কুলজীবনে যাত্রাপালায় অভিনয় করেছেন শামীম জামান। তার বাড়ি মানিকগঞ্জ জেলার ঘিওর উপজেলায়। সেখানেই যাত্রাপালায় অভিনয় করতেন তিনি। অবশ্য সেটি স্কুলজীবনের কথা। স্কুল পাস করে একসময় পড়াশোনার জন্য ঢাকায় আসেন। কিন্তু অভিনয়ের নেশা তার মধ্যে রয়ে যায়।

সেই নেশা থেকেই যুক্ত হন আরণ্যক নাট্যদলের সঙ্গে। ভালো ঢোল বাজাতে পারতেন তিনি। আরণ্যক নাট্যদলে কাজ শুরু করার পর ঢোল বাজাতেন। গানও গাইতে পারতেন। নাট্যদলে তার এই প্রতিভা সবাইকে আকৃষ্ট করে। এরপর অভিনয়ের সুযোগ আসে।

আরণ্যক নাট্যদলের আলোচিত ‘সংক্রান্তি’, ‘রাঢাঙ’সহ বেশিরভাগ নাটকেই ঢাকার মঞ্চে অভিনয় করেছেন তিনি। মঞ্চে তার পথচলার ৩৫ বছর পূর্ণ হয়েছে। শামীম জামান বলেন, ‘অভিনয়কে প্রচণ্ড ভালোবাসি। সেই ভালোবাসা স্কুলজীবন থেকেই। এখনো ভালোবাসা কমেনি। প্রথম জীবনে যাত্রায় অভিনয় করেছি। এরপর বছরের পর বছর মঞ্চে অভিনয় করেছি। তারপর টেলিভিশন নাটকে অভিনয় করছি।’

শামীম জামান আরও বলেন, ‘অনেক দর্শকপ্রিয় নাটকে অভিনয় করেছি আমি। সালাহউদ্দিন লাভলু পরিচালিত “আলতা সুন্দরী” ধারাবাহিকটি খুব জনপ্রিয়তা পেয়েছিল। এই নাটকে “আলতা সুন্দরী” চরিত্রে অভিনয় করেছি। লাভলু ভাইয়ের এই নাটকটিই আমার অভিনয়জীবনের টার্নিং পয়েন্ট।’

তিনি বলেন, ‘এই পরিচালকের আলোচিত ধারাবাহিক “ভবের হাট”-এও অভিনয় করেছি। এই নাটকে এটিএম শামসুজ্জামান ও হুমায়ুন ফরীদি অভিনয় করেছিলেন। অনেক স্মৃতি মনে পড়ে। তাদের কাছ থেকে অনেক কিছু শিখেছি।’

সিনেমায় অভিনয়ের বিষয়ে শামীম জামান বলেন, ‘প্রয়াত গুণী পরিচালক সাঈদুল আনাম টুটুল ভাইয়ের “আধিয়ার” সিনেমায় অভিনয় করে অনেক প্রশংসা পেয়েছি। এখনো অনেকেই “আধিয়ার” সিনেমার কথা বলেন। তবে আমি সিনেমা পরিচালনা করতে চাই। চিত্রনাট্য তৈরি আছে। সিনেমা বানাব।’

‘এক পাতিলের সংসার’ নাটকে তিনি নিজেও অভিনয় করছেন। মোশাররফ করিমও আছেন এই নাটকে। নাটকটি সম্পর্কে তিনি বলেন, ‘এক পাতিলের সংসার একটি যৌথ পরিবারের গল্প। ৮০টি পর্ব প্রচার হয়ে গেছে। ২০০ পর্বে শেষ করার ইচ্ছা আছে। নাটকটি করে খুব সাড়া পাচ্ছি।’

একইসঙ্গে অভিনয় ও নাটক পরিচালনা কতটা কঠিন কিংবা চ্যালেঞ্জিং—এমন প্রশ্নের জবাবে শামীম জামান বলেন, ‘অনেক দেশেই অনেক বড় বড় অভিনেতা অভিনয় ও পরিচালনা একসঙ্গে করেন। এখন আর চ্যালেঞ্জিং মনে হয় না। তবে অনেক পরিশ্রম করতে হয়। একসঙ্গে যখন অভিনয় ও নাটক পরিচালনা করি, তখন পরিশ্রমটা বেশি হয়।’

তার বেশিরভাগ নাটকে মোশাররফ করিম অভিনয় করেন—এমন প্রশ্নের জবাবে শামীম জামান বলেন, ‘মোশাররফ করিম আমার ভালো বন্ধু। দুজনেরই অভিনয় শুরু মঞ্চ দিয়ে। অনেক বছর আগে “কাঠ কয়লার ছবি” ধারাবাহিকে আমরা দুজন একসঙ্গে অভিনয় করি। তারপর থেকে এখনো একসঙ্গে কাজ করছি। তার সঙ্গে আমার বোঝাপড়া ভালো। দুজন দুজনকে ভালো বুঝতে পারি। তা ছাড়া, অভিনেতা হিসেবে মোশাররফ করিম অসাধারণ।’

অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এ কে এম হাসানও আমার নাটকে নিয়মিত অভিনয় করেন। চঞ্চল চৌধুরীও আমার ভালো বন্ধু। আবার মামুনুর রশীদের কথা বলতেই হয়। তিনি আমার নাট্যগুরু। তার হাত ধরেই মঞ্চে অভিনয় শুরু।’

RELATED ARTICLES

Most Popular