Homeআন্তর্জাতিকহেগসেথকে অভিশংসনের উদ্যোগ আটকে দিলেন রিপাবলিকানরা

হেগসেথকে অভিশংসনের উদ্যোগ আটকে দিলেন রিপাবলিকানরা

যুক্তরাষ্ট্রের হাউস অব রিপ্রেজেন্টেটিভসে (প্রতিনিধি পরিষদ) প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথকে অভিশংসনের উদ্যোগ আটকে দিয়েছেন রিপাবলিকান পার্টির রাজনীতিকরা।

আজ বুধবার বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় গতকাল মঙ্গলবার প্রতিনিধি পরিষদে ২১১-২০৪ ভোটে অভিশংসনের প্রক্রিয়াগত প্রস্তাবটি রিপাবলিকান-নিয়ন্ত্রিত বিচার বিভাগবিষয়ক কমিটিতে (হাউস জুডিসিয়ারি কমিটি) পাঠানোর সিদ্ধান্ত হয়। এ কারণেই হেগসেথের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আনার বিষয়ে আজ বুধবারের নির্ধারিত ভোট কার্যত আটকে গেছে।

অভিশংসনের উদ্যোগের উদ্যোক্তা ও ট্রাম্পের সমালোচক হিসেবে পরিচিত কেনটাকির বিদায়ী রিপাবলিকান সদস্য টমাস ম্যাসি সতর্ক করে বলেছিলেন, এ পদক্ষেপের মধ্য দিয়ে উদ্যোগটি কার্যত শেষ হয়ে যাবে।

হেগসেথের নীতি নিয়ে অসন্তুষ্ট এবং ইরান যুদ্ধের অজনপ্রিয়তা নিয়ে উদ্বিগ্ন রিপাবলিকানদের ভোট নিজের পক্ষে টানার আশা করেছিলেন ম্যাসি। তবে আর কোনো রিপাবলিকান তার সঙ্গে যোগ দেননি।

ডেমোক্র্যাটরা অভিশংসনের উদ্যোগের প্রতি জোরালো সমর্থন জানিয়েছিলেন। তবে সাবেক প্রতিনিধি পরিষদ স্পিকার ও ক্যালিফোর্নিয়ার প্রতিনিধি ন্যান্সি পেলোসিসহ ১১ জন ডেমোক্র্যাট এতে ভোট দেননি।

তাদের মধ্যে আটজন ভোট দিলে প্রক্রিয়াগত প্রস্তাবটি বাতিল হয়ে যেত। সে ক্ষেত্রে প্রতিনিধি পরিষদে অভিশংসনের প্রস্তাব নিয়ে পূর্ণাঙ্গ ভোটাভুটির পথ তৈরি হতো। ভোটে অনুপস্থিত থাকার কারণ জানতে পেলোসির দপ্তরে যোগাযোগ করা হলেও তাৎক্ষণিকভাবে কোনো জবাব পায়নি রয়টার্স।

এর ফলে আপাতত স্বস্তি পেলেন পেন্টাগনপ্রধান। তবে আগামী বছর কংগ্রেসের নিয়ন্ত্রণ ডেমোক্র্যাটদের হাতে যাওয়ার পর তারা নতুন করে অভিশংসনের উদ্যোগ নিতে পারে।

প্রস্তাবের ওপর ভোটাভুটির কয়েক ঘণ্টা আগেই হেগসেথ তাকে অভিশংসনের প্রচেষ্টাকে প্রহসন বলে আখ্যা দেন। একইসঙ্গে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর নেতৃত্বে নিজের ভূমিকার পক্ষে দৃঢ় অবস্থান তুলে ধরেন। এ বক্তব্যের জন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশংসাও পান তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প ভোটের ফলকে স্বাগত জানান। তিনি লেখেন, হেগসেথকে অভিশংসনের প্রচেষ্টা ‘শোচনীয়ভাবে ব্যর্থ হয়েছে’।

অভিশংসন নিয়ে এই ঘটনার পর ট্রাম্প ও হেগসেথের সম্পর্ক আরও ঘনিষ্ঠ হওয়ার ইঙ্গিতও পাওয়া গেছে। ট্রাম্প বলেন, ইরান, ভেনেজুয়েলা ও অন্যান্য বিষয়ে হেগসেথের ভূমিকার ফলে একজন ‘মহান মার্কিন দেশপ্রেমিক’ অভিযোগ থেকে অব্যাহতি পেয়েছেন।

RELATED ARTICLES

Most Popular