Homeশিক্ষাবরিশালের ‘সদর গার্লসের’ শতবর্ষে প্রাক্তনদের মিলনমেলা

বরিশালের ‘সদর গার্লসের’ শতবর্ষে প্রাক্তনদের মিলনমেলা

স্কুলের চেনা আঙিনা, পরিচিত ভবন আর একসময় একসঙ্গে কাটানো দিনগুলোর স্মৃতি। সময়ের ব্যবধানে কেউ শিক্ষক বা সাংবাদিক হয়েছেন, আবার কেউবা দেশের বাইরে থাকেন। তবু শৈশব-কৈশোরের স্কুলের প্রতি তো টান যেন থেকেই যায়। তাই সদর গার্লস নামে পরিচিত বরিশালের সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপনে ছুটে এসেছেন প্রায় ৩ হাজার ২০০ সাবেক শিক্ষার্থী। 

আজ শুক্রবার নাচে-গান, আনন্দ আর স্মৃতিচারণে মুখর হয়ে উঠেছে বরিশাল নগরের জীবনানন্দ দাশ সড়কে অবস্থিত বিদ্যালয় প্রাঙ্গণ। 

অনুষ্ঠানের প্রধান অতিথি জাতীয় সংসদের স্পিকার বীর মুক্তিযোদ্ধা মো. হাফিজ উদ্দিন বীর বিক্রম।

২০০৮ সালে এই বিদ্যালয় থেকে পাস করেছেন নুসরাত তানিমা। শতবর্ষ উদযাপন উপলক্ষে সন্তানকে নিয়ে প্রিয় বিদ্যালয়ে এসেছেন তিনি। 

শুধু সাবেক শিক্ষার্থীরাই নন, বিদ্যালয়ের সাবেক শিক্ষকদেরও অনেকে এসেছেন এ আয়োজনে। ৭৬ বছর বয়সী জাহানারা বেগম পুতুল ৩৮ বছর এই বিদ্যালয়ে শিক্ষকতা করেছেন। 

র‍্যালিতে অংশ নিয়ে আবেগাপ্লুত কণ্ঠে সাবেক এই শিক্ষক বলেন, ‘প্রাণের টানে শতবর্ষের আয়োজনে চলে এসেছি। এখানে এসে খুব আপ্লুত হয়েছি।’

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আফ্রিদা জুন্নুরাইন উর্বিও এসেছেন স্মৃতির টানে। তিনি বলেন, ‘সাতটি বছর এই স্কুলে জাতীয় সংগীত গেয়েছি। সেই স্মৃতি খুঁজতেই এখানে এসেছি।’

রবীন্দ্রসংগীতশিল্পী হিসেবে পরিচিত শামীমা মাসুদ মুন্নির কাছেও এই বিদ্যালয় বিশেষ আবেগের জায়গা। শতবর্ষ উদযাপনের অনুষ্ঠানমালা পরিচালনার দায়িত্বে রয়েছেন তিনি। এই শিল্পী বলেন, ‘কতটুকু পারব জানি না। সবাইকে নিয়ে চেষ্টা করে যাব।’

ঢাকা থেকে এসেছেন ১৯৭৭ ব্যাচের সাবেক শিক্ষার্থী ও সাংবাদিক রওশন জাহান। তিন দশক সাংবাদিকতা করেছেন তিনি। তার ভাষায়, ‘আমি ৩০ বছর সাংবাদিকতা করেছি। কিন্তু আমার ভিত এই স্কুল থেকেই। যতটুকু শিখেছি, এই স্কুল থেকেই শিখেছি।’

সাবেক শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে ঢোল বাজিয়ে আনন্দ উদযাপন করছেন শতবর্ষ উদযাপন কমিটির সভাপতি ও বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক বিলকিস আখতার জাহান শিরিন। ১৯৮২ সালে এখান থেকেই পাস করেছেন তিনি।

শিরিন বলেন, ‘বিভিন্ন দেশ থেকে বহু সাবেক শিক্ষার্থী এসেছেন। ১৯২৩ সালে স্কুলটির শতবর্ষ হলেও নানা জটিলতায় তখন উদযাপন করা সম্ভব হয়নি। তিন বছর পেরিয়ে গেলেও আমরা হাল ছাড়িনি।’

স্কুলের সাবেক শিক্ষার্থী ও লেখক ফায়জুন নাহার শেলীর দেওয়া তথ্য অনুযায়ী, ১৮৬৮ সালে ব্রাহ্মসমাজের উদ্যোগে বরিশালে নারীশিক্ষার জন্য প্রথম একটি বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। তবে নানা কারণে অল্প সময়ের মধ্যেই সেটি বন্ধ হয়ে যায়।

এরপর ১৮৭১ সালে বরিশাল জেলা স্কুলের প্রধান শিক্ষক জগদ্বন্ধু রাহা ও কয়েকজন বিশিষ্ট সমাজকর্মীর উদ্যোগে গঠিত নারী কল্যাণ সভা বিদ্যালয়টি চালু রাখার চেষ্টা করে। তবে সেই উদ্যোগও স্থায়ী হয়নি।

পরে বরিশাল পৌরসভার একাধিকবারের চেয়ারম্যান ও শিক্ষানুরাগী শরৎচন্দ্র গুহ ১৮৭৩ সালে নিজের জমিতে কয়েকজন সমাজকর্মীকে নিয়ে মেয়েদের জন্য একটি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। জীবনানন্দ দাশ সড়কের (তৎকালীন বগুড়া রোড) এই বিদ্যালয়টিই পরে ‘সদর গার্লস স্কুল’ নামে পরিচিতি পায়।

১৯২৩ সালে এটি বরিশাল সদর বালিকা উচ্চ বিদ্যালয় হিসেবে স্থায়ী রূপ পায়। সময়ের সঙ্গে বাড়তে থাকে শিক্ষার্থীর সংখ্যা। পরে ১৯৬১ সালে বিদ্যালয়টি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে রূপান্তরিত হয়।

মুক্তিযুদ্ধের ইতিহাসেও গুরুত্বপূর্ণ জায়গা রয়েছে এই বিদ্যালয়ের। মহিউদ্দিন আহমেদ বীর প্রতীক জানান, ১৯৭১ সালের ২৬ মার্চ এই বিদ্যালয়ে বাংলাদেশের প্রথম দক্ষিণাঞ্চলীয় সচিবালয় প্রতিষ্ঠিত হয়।

তিনি বলেন, ১৭ এপ্রিল মুজিবনগরে আনুষ্ঠানিকভাবে সরকার গঠনের আগ পর্যন্ত এই সচিবালয়ের মাধ্যমে দক্ষিণাঞ্চলে স্বাধীন বাংলাদেশের প্রথম স্বঘোষিত সরকারের মতো বেসামরিক প্রশাসন পরিচালিত হয়। পাশাপাশি বিভিন্ন স্থানে গেরিলা যুদ্ধ পরিচালনাতেও ভূমিকা রাখা হয়।

শিক্ষকদের দেওয়া তথ্য অনুযায়ী, কবি জীবনানন্দ দাশের পিসি ১৯৪৫ থেকে ১৯৪৮ সাল পর্যন্ত এই বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার দায়িত্ব পালন করেন। পরে দীর্ঘদিন দায়িত্ব পালন করেন প্রতিষ্ঠাতা শরৎচন্দ্র গুহের মেয়ে শান্তি গুহ। শিক্ষার্থীদের কাছে তিনি ‘বড়দি’ নামে পরিচিত ছিলেন।

এই বিদ্যালয় থেকে পড়াশোনা করে দেশ-বিদেশে পরিচিতি পেয়েছেন অনেক গুণী ব্যক্তি। বিদ্যালয়ের শিক্ষকদের দেওয়া তথ্য অনুযায়ী, তাদের মধ্যে রয়েছেন ভারতের প্রথম নারী ফেলো অব দ্য রয়্যাল কলেজ অব সার্জনস অ্যান্ড ফিজিশিয়ানস যামিনী সেন, কবি কুসুমকুমারী দাশ, শান্তি সুধা ঘোষ, কবি সুফিয়া কামাল, সুলতানা বেগম এবং বাংলা সাহিত্যের প্রথম নারী ঔপন্যাসিক হিসেবে পরিচিত কুসুমকুমারী রায়চৌধুরী।

RELATED ARTICLES

Most Popular