পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন পেয়ে পতিত ফ্যাসিবাদী শক্তি গোপন নাশকতায় যুক্ত হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
আজ রোববার সকালে রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং দলটির সাবেক চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
রিজভী বলেন, ‘ফ্যাসিবাদী শক্তির পতন হলেও তারা থেমে নেই। গোপনে নানা কায়দায় পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন পেয়ে তারা নানা ধরনের অরাজকতা করছে। নানা ধরনের গোপন নাশকতায় যুক্ত হয়েছে। কোথাও বোমাবাজি করছে, কোথাও ককটেল বিস্ফোরণ করছে, কোথাও গাড়িতে আগুন লাগাচ্ছে, আবার গার্মেন্টস শিল্পে তারা নানা ধরনের অরাজকতা করছে।’
নাশকতার উদ্দেশে গত পরশু ফ্যাসিবাদী শক্তি ঢাকা-চট্টগ্রাম রেললাইনের এস-প্লেট খুলে নিয়েছিল বলেও জানান বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব। তিনি বলেন, ‘এক বিরাট নাশকতা সৃষ্টি হতে পারতো।’
রেল কর্তৃপক্ষ জানার পর দ্রুত ব্যবস্থা নেওয়ায় অনেক জীবন বেঁচে গেছে, বলেন তিনি।
রিজভী বলেন, ‘তাদের মালিকানাধীন গার্মেন্টস শিল্পে তারা অরাজকতা করছে। তারা শ্রমিকদের গার্মেন্টসে আসতে দিচ্ছে না। এত সমস্যা অত্যন্ত নিপুণভাবে সামলাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।’
‘এই চিহ্নিত দুষ্কৃতিকারীরা দেশ ও দেশের অর্থনীতিকে জলাঞ্জলি দিয়েও নিজেদের হীন রাজনৈতিক স্বার্থ হাসিল করতে চায়’ অভিযোগ করেন তিনি বলেন, ‘তারা সফল হবে না। প্রত্যেকটি চক্রান্ত ধরা পড়ছে। নাশকতাকারীরা ধরা পড়ছে। প্রতিদিন একের পর এক বোমা ও নানা অস্ত্রসহ গ্রেপ্তার হচ্ছে।’
