নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় ১০ বছর বয়সীকে শিশুকে যৌন হয়রানির অভিযোগে এক মাদ্রাসাশিক্ষককে পিটুনি দিয়েছেন স্থানীয়রা।
আজ শনিবার বিকেলে উপজেলার একটি মাদ্রাসার প্রাঙ্গণে এ ঘটনা ঘটে। অভিযুক্ত সাইফুল ইসলাম ওই মাদ্রাসার সহকারী শিক্ষক।
রাজগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মো. মেহেদী হাসান জুয়েল দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ওই শিশু একই মাদ্রাসার তৃতীয় শ্রেণির শিক্ষার্থী। আজ ছুটির পর সে মায়ের কাছে সাইফুলের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ করে।
বিষয়টি জানতে পেরে স্থানীয় লোকজন মাদ্রাসায় গিয়ে সাইফুলকে আটক করে পিটুনি দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে থানায় নিয়ে আসে। এ সময় সাইফুলকে লক্ষ্য করে স্থানীয়রা ইট-পাটকেল নিক্ষেপ করলে কয়েকজন পুলিশ সদস্য আহত হন।
অতিরিক্ত পুলিশ সুপার (বেগমগঞ্জ সার্কেল) এএনএম ইমরান খান দ্য ডেইলি স্টারকে বলেন, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
