ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় মঙ্গলবার রাতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল ঘিরে সহিংসতার মধ্যে এক কৃষকদল নেতা নিহত হয়েছেন।
নিহত রাজু মোল্লা (৩৪) ভাঙ্গা উপজেলা কৃষকদলের যুগ্ম সাংগঠনিক সম্পাদক ছিলেন।
স্থানীয়দের ভাষ্য, রাত সোয়া ৯টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের হামিরদী বাসস্ট্যান্ড এলাকায় আওয়ামী লীগপন্থিদের একটি মিছিল শুরু হয়। মিছিলকারীরা ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করেন। মিছিল চলাকালে একদল ব্যক্তি স্থানীয় বিএনপির কার্যালয়েও ভাঙচুর চালান।
একপর্যায়ে রাজুকে লক্ষ্য করে ককটেল ছোড়া হয় বলে অভিযোগ পাওয়া গেছে। ককটেলটি তার কাছাকাছি বিস্ফোরিত হলে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এর আগে রাত ৮টার দিকে ওই এলাকায় তিনটি মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয়।
ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. সোহাগ মিয়া বলেন, রাজুকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল।
ভাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিম বলেন, ‘আওয়ামী লীগের নেতাকর্মীরা রাজুকে একা পেয়ে হত্যা করেছেন।’
তবে ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. রায়হান গফুর বলেন, রাজুর মৃত্যুর কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হতে পারেনি পুলিশ।
তিনি বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। রাজুর মরদেহ ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে বলেও জানান তিনি।
ওই পুলিশ কর্মকর্তা বলেন, রাত সাড়ে ৯টা পর্যন্ত ঢাকা-বরিশাল মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল। পরে তা স্বাভাবিক হয়। এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং পরিস্থিতি স্বাভাবিক করতে পুলিশ কাজ করছে।
