দীর্ঘ আট বছর পর বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন ঘিরে বাগানগুলোতে শুরু হয়েছে প্রচার-প্রচারণা। তবে শ্রমিকদের স্বার্থসংশ্লিষ্ট দাবি-দাওয়া, মজুরি, রেশন, ভূমির অধিকার ও জীবনমান উন্নয়নের প্রতিশ্রুতির চেয়ে প্রচারে বেশি গুরুত্ব পাচ্ছে রাজনৈতিক পরিচয় নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ।
কে কাকে আওয়ামী লীগ (কার্যক্রম নিষিদ্ধ) বা বিএনপির অনুসারী হিসেবে চিহ্নিত করতে পারেন, সেই প্রতিযোগিতাও চলছে প্রার্থীদের মধ্যে।
কালিঘাট চা বাগানের চা শ্রমিক অরুণ তাঁতি দ্য ডেইলি স্টারকে বলেন, ‘আমাদের চা বাগানে সভাপতি ও সাধারণ সম্পাদক পদপ্রার্থীরা এসেছেন। কিন্তু তাদের প্রচারণায় একে অপরকে গালাগাল ও রাজনৈতিকভাবে আক্রমণ করতেই বেশি দেখা যাচ্ছে। অথচ আমাদের অধিকার নিয়ে কেউ কোনো কথা বলছেন না। বিষয়টি দেখে আমি অবাক হয়েছি। এর কারণ কী? আমাদের অধিকার নিয়ে কথা বলার কেউ কি নেই?’
কালিটি চা বাগানের চা শ্রমিক নেতা দিলিপ কুমার দাস ডেইলি স্টারকে বলেন, ‘নির্বাচন এলে নেতারা ভোট চাইতে আসেন, কিন্তু আমাদের অধিকার নিয়ে কথা বলেন না। কে কোন দলের, কে কার লোক, তা নিয়েই তাদের ব্যস্ততা। আমরা রাজনৈতিক পরিচয় নয়, আমাদের অধিকার ও ন্যায্য মজুরির নিশ্চয়তা চাই।’
বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সভাপতি প্রার্থী পঙ্কজ ডেইলি স্টারকে বলেন, নির্বাচন ঘিরে বিভিন্নজন নানা ধরনের মন্তব্য করছেন। কেউ আওয়ামী লীগের ট্যাগ দিচ্ছেন, আবার কেউ বিএনপির ট্যাগ লাগাচ্ছেন। তবে আমরা কোনো রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে নয়, শ্রমিকদের পক্ষে কথা বলতে চাই। নির্বাচনে সবার অংশগ্রহণ নিশ্চিত করার পাশাপাশি সুন্দর, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চাই। নির্বাচন ঘিরে এ ধরনের রাজনৈতিক ট্যাগিং ও বিভ্রান্তিকর বক্তব্য মোটেও কাম্য নয়। আমরা চাই, সব পক্ষের অংশগ্রহণে একটি গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হোক।
‘আগে সহসভাপতি থাকলেও কোনো উদ্যোগ নিতে পারতাম না। তাই চা শ্রমিকদের উন্নয়নে সরাসরি সিদ্ধান্ত নিতে সভাপতি পদে নির্বাচন করছি’, বলেন তিনি।
আরেক সভাপতি প্রার্থী রাজু গোয়ালা ডেইলি স্টারকে বলেন, আমার প্রতিদ্বন্দ্বী বিভিন্ন সময়ে সহসভাপতি ও ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করেছেন। তবে শ্রমিকদের জন্য উল্লেখযোগ্য কী কাজ করেছেন, তা তাদের সামনে তুলে ধরা প্রয়োজন। আমি সিলেট ভ্যালির সভাপতি থাকাকালে সাবেক প্রধানমন্ত্রীর কাছ থেকে এলাকার চা শ্রমিকদের জন্য একটি অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করেছি।
তিনি বলেন, আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী শ্রমিকদের স্বার্থে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কখনো ভূমিকা রাখেননি। বরং কয়েকজন নেতার অনুসারী হিসেবে থেকেছেন এবং মালিকপক্ষের পক্ষ নিয়েছেন। আগে সভাপতি থাকার পরও শ্রমিকদের স্বার্থে সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতা দেখাতে পারেননি। তাহলে এখন কীভাবে সেই সক্ষমতা দেখাবেন?
রাজু গোয়ালা বলেন, এখন কেউ কেউ নিজেদের বিএনপির সমর্থক হিসেবে পরিচয় দিচ্ছেন। অথচ আওয়ামী লীগ সরকারের আমলে তারা বিভিন্ন এলাকায় দলটির পক্ষে ভোট চেয়েছিল। রাজনৈতিক পরিচয় নিয়ে একে অপরকে কটাক্ষ করার কোনো মানে নেই। শেষ পর্যন্ত প্রার্থীদের যোগ্যতা ও কাজের মূল্যায়ন হওয়া উচিত। শ্রমিকেরা এসব বিষয় দেখছেন ও জানেন। আমি সভাপতি নির্বাচিত হলে শ্রমিকদের কল্যাণে আরও বড় পরিসরে কাজ করতে পারব বলে বিশ্বাস করি।
চা শ্রমিক ঐক্যের উপদেষ্টা সঞ্জয় দাস ডেইলি স্টার বলেন, এই নির্বাচনে কেন্দ্রীয় কমিটি ও বিভিন্ন ভ্যালি কমিটিতে যারা প্রার্থী হয়েছেন, তাদের অনেকেই অতীতে চা শ্রমিক ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন। অথচ তাদের দায়িত্ব পালনকালে নির্বাচন হয়নি।
তিনি বলেন, চা শ্রমিক ইউনিয়ন কোনো রাজনৈতিক দলের অঙ্গসংগঠন নয়। এটি চা শ্রমিকদের নিজস্ব সংগঠন। সরকার ও দলীয় প্রভাবমুক্ত থেকে শ্রমিকদের স্বার্থ রক্ষা করাই এই সংগঠনের মূল দায়িত্ব। তাই এবারের নির্বাচনে সাধারণ চা শ্রমিকদের প্রতি আমাদের আহ্বান, যারা চা শ্রমিক ইউনিয়নকে নিষ্ক্রিয় করে দিতে চান কিংবা সরকারদলীয় প্রতিষ্ঠানে পরিণত করতে চান, তাদের ব্যাপারে শ্রমিকদের সচেতন থাকতে হবে।
সঞ্জয় দাস বলেন, এমন নেতৃত্ব নির্বাচন করতে হবে, যারা যেকোনো পরিস্থিতিতে শ্রমিকদের স্বার্থে সরকার ও মালিকপক্ষের সঙ্গে দর-কষাকষি করতে পারবেন এবং শ্রমিকদের ন্যায্য দাবিগুলো আদায়ে দৃঢ় ভূমিকা রাখবেন।
বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ মৌলভীবাজারের সাধারণ সম্পাদক রজন বিশ্বাস ডেইলি স্টারকে বলেন, চা শ্রমিক প্রার্থীদের প্রায় সবাই আগের কমিটিতে ছিলেন, তারা শ্রমিকদের স্বার্থের চেয়ে মালিকপক্ষের স্বার্থকেই বেশি গুরুত্ব দিয়েছিলেন। এ কারণে শ্রমিকদের মৌলিক অধিকার নিয়ে তাদের জোরালো বক্তব্য বা কার্যকর ভূমিকা খুব একটা দেখা যায়নি। বরং রাজনৈতিক ইস্যুতে তারা বেশি সক্রিয় থাকেন।
তিনি বলেন, যে সরকার যখন ক্ষমতায় থাকে, তখন অনেক নেতা নিজেদের সেই ক্ষমতাসীন দলের অনুসারী হিসেবে পরিচয় দেন। এমনকি নেতাদের নির্বাচনী প্রচারণায় থাকেন। কিন্তু শ্রমিকদের অধিকার আদায়ে তাদের ভূমিকা কতটা কার্যকর, তা নিয়ে প্রশ্ন থাকে।
