খাদ্য, নিত্যপ্রয়োজনীয় ব্যয়, আবাসন খরচ মেটানো ও অল্প করে সঞ্চয়ের জন্য পোশাকশ্রমিকদের মজুরি অন্তত ২৪ হাজার ২০৪ টাকা নির্ধারণের সুপারিশ করেছে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)।
আজ বুধবার ঢাকায় সংস্থাটির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ সুপারিশ তুলে ধরা হয়।
চার সদস্যের একটি পরিবারে ১ দশমিক ৫৮ জন উপার্জনক্ষম ব্যক্তি বিবেচনায় নিয়ে সিপিডি ২৪ হাজার ২০৪ টাকা মজুরির প্রস্তাব করেছে।
সিপিডি জানিয়েছে, বাংলাদেশে বর্তমানে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১২ হাজার ৫০০ টাকা। মূল্যস্ফীতি বিবেচনায় নিলে একই পরিমাণ পণ্য ও সেবা পেতে বর্তমানে শ্রমিকদের ১৬ হাজার ৩৫১ টাকা প্রয়োজন। কিন্তু এই টাকায় প্রকৃত অর্থে তাদের জীবনমানে কোনো বাড়তি সুবিধা যোগ হবে না।
সিপিডি বলেছে, চার সদস্যের একটি পরিবারকে উচ্চ দারিদ্র্যসীমার বাইরে রাখতে হলে ন্যূনতম মজুরি অন্তত ১৮ হাজার ৫৭৮ টাকা হওয়া প্রয়োজন।
সে অনুযায়ী, সংশ্লিষ্ট পক্ষগুলোকে পোশাকশ্রমিকদের মাসিক ন্যূনতম মজুরি ১৮ হাজার ৫৭৮ টাকা থেকে ২৪ হাজার ২০৪ টাকার মধ্যে নির্ধারণের বিষয়ে দর-কষাকষি করার পরামর্শ দিয়েছে সংস্থাটি।
মজুরি নিয়ে খাতটিতে চলমান অসন্তোষের মুখে চলতি মাসের শুরুতে গঠিত মজুরি বোর্ডে শ্রমিক প্রতিনিধিদের প্রস্তাবিত ৩২ হাজার টাকার চেয়ে সিপিডির এই প্রস্তাব বেশ কম।
এদিকে কারখানা মালিকদের প্রতিনিধি এখনো বোর্ডের কাছে প্রস্তাব জমা দেননি। আগামী সোমবারের বৈঠকে মালিকপক্ষের প্রতিনিধি তাদের প্রস্তাব উপস্থাপন করবেন বলে আশা করা হচ্ছে।
