Homeস্পোর্টসনিখিল চৌধুরীর ঝলকে ইংল্যান্ডের বিপক্ষে অস্ট্রেলিয়ার রোমাঞ্চকর জয়

নিখিল চৌধুরীর ঝলকে ইংল্যান্ডের বিপক্ষে অস্ট্রেলিয়ার রোমাঞ্চকর জয়

বল হাতে কার্যকর, ব্যাট হাতে ঝড়— দুই বিভাগেই আলো ছড়িয়ে অস্ট্রেলিয়ার জয়ের নায়ক হয়ে উঠলেন নিখিল চৌধুরী। তার অলরাউন্ড নৈপুণ্যের সঙ্গে শেষদিকে জ্যাক এডওয়ার্ডসের বিধ্বংসী ক্যামিওতে রোমাঞ্চকর জয় তুলে নিল দলটি। মেলবোর্নে প্রথম টি-টোয়েন্টিতে ১ বল হাতে রেখে ইংল্যান্ডকে ৩ উইকেটে হারিয়ে পাঁচ ম্যাচের সিরিজে শুভসূচনা করল স্বাগতিকরা।

শনিবারের ম্যাচে জয়ের জন্য ১৮৮ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য পায় অস্ট্রেলিয়া। শেষ ওভারে সমীকরণ দাঁড়ায় ১১ রানের। স্যাম কারানের প্রথম বলেই ছক্কা হাঁকিয়ে পথ সহজ করেন ব্যাটে-বলে অবদান রাখা এডওয়ার্ডসও। এরপর প্রয়োজন যখন ছিল মাত্র এক রান, তখনই পঞ্চম বলে চার মেরে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন তিনি।

অজিদের এই দুর্দান্ত জয়ের ভিত অবশ্য গড়ে দেন নিখিল। লেগ স্পিনে চার ওভারে ২১ রান দিয়ে দুটি গুরুত্বপূর্ণ উইকেট নেওয়ার পর ব্যাট হাতে খেলেন ৩৮ বলে ৬৬ রানের উত্তাল ইনিংস। তার ব্যাট থেকে আসে ছয়টি চার ও দুটি ছক্কা। ৩২ বলে ক্যারিয়ারের প্রথম ফিফটি পূর্ণ করা এই অলরাউন্ডার কঠিন সময়ে দলকে ম্যাচে ফিরিয়ে আনেন।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই বিপাকে পড়ে ইংল্যান্ড। ইনিংসের প্রথম বলে ফিল সল্টকে ফিরিয়ে দেন জোয়েল ডেভিস। এরপর অ্যানেউরিন ডোনাল্ডকেও বেশিক্ষণ ক্রিজে থাকতে দেননি এডওয়ার্ডস। ফলে মাত্র ১৩ রানেই দুই ওপেনারকে হারায় সফরকারীরা।

সেই বিপর্যয় সামাল দেন হ্যারি ব্রুক ও টম ব্যান্টন। তৃতীয় উইকেটে দুজনের ৪১ বলে ৯৭ রানের আগ্রাসী জুটি ইংলিশদের বিশাল সংগ্রহের আভাস এনে দেয়। অধিনায়ক ব্রুক ছিলেন সবচেয়ে আক্রমণাত্মক। মাত্র ২৮ বলে ছয়টি ছক্কা ও চারটি চারে ৬৫ রান করে নিখিলের শিকার হন তিনি। পরের ওভারে ব্যান্টনকে ফিরিয়ে দেন বেন ডোয়ার্শিস। ব্যান্টনের ব্যাট থেকে আসে ২২ বলে পাঁচটি চার ও একটি ছক্কায় ৩৯ রান।

ONE-HANDED SIX? Don’t know if we’ve ever seen anything like this before from Nikhil Chaudhary #AUSvENG pic.twitter.com/ayGWuuTGRW

তাদের বিদায়ে কমে যায় রান তোলার গতি। নিখিল, এডওয়ার্ডস ও ডেভিস আঁটসাঁট থাকায় দুইশর নিচে আটকে যায় ইংল্যান্ড। বাকি ব্যাটারদের ছোটখাটো অবদানে পুরো ওভার খেলে তারা স্কোরবোর্ডে জমা করে ৯ উইকেটে ১৮৭ রান।

রান তাড়ায় নেমে অস্ট্রেলিয়াও শুরুতে ধাক্কা খায়। লিয়াম ডসনের করা প্রথম ওভারে বোল্ড হয়ে ফেরেন জেক ফ্রেজার-ম্যাকগার্ক। এরপর মিচেল মার্শ ও অভিষিক্ত স্যাম হার্পার পাল্টা আক্রমণে ৩০ বলে ৫০ রানের জুটি গড়েন। হার্পার ১৫ বলে তিনটি চার ও দুটি ছক্কায় ৩২ রান করে আউট হন।

দল একশ ছোঁয়ার আগে অধিনায়ক মার্শ ৩২ বলে ৩৭ রান করে কারানের শিকার হওয়ার পর দায়িত্ব নেন নিখিল। টিম ডেভিডের সঙ্গে তার ২৯ বলে ৪৮ রানের জুটি অস্ট্রেলিয়াকে জয়ের সম্ভাবনায় রাখে। ডেভিড ফিরে যাওয়ার পর উইল জ্যাকসের এক ওভারে দুটি উইকেট হারিয়ে আবার চাপে পড়ে তারা।

এরপরও এক প্রান্ত আগলে রেখে লড়াই চালিয়ে যান নিখিল। ৬৬ রানের ইনিংস খেলে তিনি যখন থামেন, তখন ১২ বলে অস্ট্রেলিয়ার প্রয়োজন ছিল ২০ রান। সেখান থেকে ম্যাচের নিয়ন্ত্রণ নিজের হাতে তুলে নেন এডওয়ার্ডস। ১১ বলে দুটি ছক্কা ও একটি চারে অপরাজিত ২৫ রান করে তিনি নিশ্চিত করেন নাটকীয় জয়।

কারারায় দুই দলের মধ্যকার দ্বিতীয় টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে আগামী মঙ্গলবার।

RELATED ARTICLES

Most Popular