Homeসারাদেশঐক্য শুধু ডিসেম্বরকেন্দ্রিক হলে হবে না: প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে নাহিদ

ঐক্য শুধু ডিসেম্বরকেন্দ্রিক হলে হবে না: প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে নাহিদ

বাংলাদেশের সার্বভৌমত্ব, নিরাপত্তা ও অর্থনৈতিক স্বার্থ রক্ষায় জাতীয় ঐক্যের দীর্ঘমেয়াদি রোডম্যাপ এবং জাতীয় পররাষ্ট্রনীতির আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

আজ সোমবার বিকেলে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের বলেন, জাতীয় ঐক্য কেবল তাৎক্ষণিক রাজনৈতিক সংকট বা ডিসেম্বরকে কেন্দ্র করে ঘটে যাওয়া ঘটনাগুলোর মধ্যেই সীমাবদ্ধ রাখা উচিত নয়।

তিনি বলেন, ‘এটা শুধু ডিসেম্বর কেন্দ্রিক হলে হবে না। কারণ আওয়ামী লীগের ইস্যুটা ডিল করতে হবে, ভারতের ইস্যুটা ডিল করতে হবে আগামীতেও। ফলে আমাদের একটা দীর্ঘমেয়াদি রোডম্যাপ প্রয়োজন।’

তিনি জুলাই গণঅভ্যুত্থানে যুক্ত রাজনৈতিক ও সামাজিক শক্তিগুলোকে এক করতে এবং দেশের দীর্ঘমেয়াদি সংকট মোকাবিলায় একটি অভিন্ন দৃষ্টিভঙ্গি গড়ে তুলতে সরকারের প্রতি আহ্বান জানান।

নাহিদ জানান, সরকার এনসিপির প্রস্তাবগুলো বিবেচনার বিষয়ে সম্মত হয়েছে, তবে আলোচনার সাফল্য নির্ভর করবে বাস্তব পদক্ষেপের ওপর।

তিনি বলেন, সংস্কার প্রক্রিয়া শুরু করতে সংবিধান সংস্কার পরিষদের সদস্যদের শপথ গ্রহণের দাবিও জানিয়েছে দলটি।

প্রধানমন্ত্রী প্রস্তাবগুলোতে সম্মত হয়েছেন কি না—এমন প্রশ্নের জবাবে নাহিদ বলেন, সরকার তাদের প্রতিনিধিদলকে আশ্বাস দিয়েছে, তারা বিষয়গুলো বিবেচনা করবে এবং আলোচনা অব্যাহত রাখতে চায়।

এনসিপির এই নেতা বলেন, ‘আমরাও চাই না যে শুধুমাত্র আলোচনার জন্য আলোচনা হোক। তবে আলোচনার পথ থাকবে। আমরা চাই আলোচনাগুলো থাকবে। কিন্তু আলোচনাগুলো ফলপ্রসূ করার জন্য অ্যাকশনটা  দেখতে চাই, সরকার কী ধরনের পদক্ষেপ নিচ্ছে।’

নাহিদ বলেন, এনসিপি এবং অন্যান্য রাজনৈতিক দলের উত্থাপিত উদ্বেগের সমাধানে সরকার বাস্তবসম্মত পদক্ষেপ নিচ্ছে কি না, তার ওপরই বৈঠকের সাফল্য নির্ভর করবে।

‘যদি সরকার অ্যাকশনে যায়, কাজ করে, জনগণের ট্রাস্ট নেওয়ার চেষ্টা করে, আমাদের ট্রাস্ট নেওয়ার চেষ্টা করে, তখন আমরা বলতে পারব যে এই বৈঠক সফল হয়েছে।’

নাহিদ জানান, কীভাবে দেশের পরিস্থিতিতে উত্তরণ ঘটানো সম্ভব, একটা রাজনৈতিক ঐক্য সম্ভব কি না—এ বিষয়ে আলোচনা হয়েছে। প্রধানমন্ত্রী তার জায়গা থেকে বর্তমান কনসার্নগুলা ব্যক্ত করেছেন এবং ফ্যাসিবাদের প্রশ্নে, জুলাই প্রশ্নে রাজনৈতিক দলগুলোকে এক থাকার আহ্বান করেছেন তিনি। এর আগে সংসদেও সেটা উনি বলেছেন।

এনসিপির এই নেতা অভিযোগ করেন, বর্তমান পরিস্থিতি গত সাত-আট মাসে আইনশৃঙ্খলা রক্ষা, ন্যায়বিচার নিশ্চিত করা, আওয়ামী লীগের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া এবং ভারতের প্রতি কূটনৈতিক দৃষ্টিভঙ্গি স্পষ্ট করার ক্ষেত্রে সরকারের ব্যর্থতারই ফলাফল।

তিনি বলেন, যেকোনো ধরনের ঐক্য, জুলাইয়ের ঐক্যের প্রশ্নে আমাদের অবশ্যই সংস্কার, বিচার এবং দেশের সার্বভৌমত্বকে প্রাধান্য দিতে হবে। ঐক্যের প্রক্রিয়ায় যেন সংস্কার একটা এজেন্ডা হয়, সংস্কারকে এজেন্ডাভুক্ত করার আহ্বান বা সুপারিশ আমরা জানিয়েছি।

তিনি আরও বলেন, এনসিপি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সক্ষমতা বাড়ানোর পাশাপাশি জুলাই অভ্যুত্থানের ঘটনায় দায়ের করা মামলাগুলোর দ্রুত তদন্ত এবং অভিযোগপত্র দাখিলেরও দাবি জানিয়েছে।

নাহিদ ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আদালতের রায় কার্যকর করতে তাকে ভারত থেকে ফিরিয়ে আনার পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বান জানান। তিনি ওসমান হাদি হত্যার সঙ্গে জড়িতদেরও ফিরিয়ে আনার দাবি জানান।

তিনি জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণকারীদের নিরাপত্তা ও পুনর্বাসনের দাবি পুনর্ব্যক্ত করেন এবং এ বিষয়ে প্রশাসনকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

বাংলাদেশ-ভারত সম্পর্কের বিষয়ে নাহিদ অভিযোগ করেন, বাংলাদেশকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে আওয়ামী লীগকে তাদের ভূখণ্ড ব্যবহার করতে দিচ্ছে ভারত। তিনি ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে রাজনৈতিকভাবে ঐক্যবদ্ধ প্রতিরোধের আহ্বান জানান।

তিনি আগামী ১২ ডিসেম্বর শেষ হতে যাওয়া গঙ্গার পানিবণ্টন চুক্তির মেয়াদ বাড়ানোর আলোচনায় সরকারের দৃঢ় অবস্থান নেওয়ার আহ্বান জানান, যেন বাংলাদেশ তার ন্যায্য পানির হিস্যা নিশ্চিত করতে পারে।

নাহিদ দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষায় জাতীয় ঐক্যের একটি দীর্ঘমেয়াদি রূপরেখা এবং একটি অভিন্ন জাতীয় পররাষ্ট্রনীতির প্রস্তাব করেন।

তিনি বলেন, আমরা বলেছি যে আমাদের একটা জাতীয় পররাষ্ট্রনীতি প্রয়োজন। আমরা এর আগে দলীয় পররাষ্ট্রনীতি দেখেছি। আওয়ামী লীগের পররাষ্ট্রনীতি ছিল, বিএনপির পররাষ্ট্রনীতি ছিল। বাংলাদেশে যেন আধিপত্যবাদ প্রশ্নে একটি শেয়ার্ড, একটি যৌথ একটি জাতীয় ফরেন পলিসি যেন তৈরি হয়, সেটার ভিত্তিতে বাংলাদেশের জাতীয় নিরাপত্তা, সার্বভৌমত্ব এই প্রশ্নগুলো সুরাহা করতে হবে।

তিনি বলেন, ব্যাপকভিত্তিক জাতীয় ঐক্য গড়ে তুলতে এবং বাংলাদেশ সম্পর্কে অপতথ্য মোকাবিলার জন্য সরকারের উচিত ধর্মীয় সংখ্যালঘু, সাংস্কৃতিক সংগঠন, ধর্মীয় নেতৃবৃন্দ এবং অন্যান্য সামাজিক গোষ্ঠীগুলোর সাথে যোগাযোগ রক্ষা করা।

ঐক্য প্রক্রিয়ায় অংশ নেওয়ার জন্য এনসিপি কোনো শর্ত দিয়েছে কি না—জানতে চাইলে নাহিদ বলেন, এটি শর্তারোপের বিষয় নয়, বরং ভিন্ন মতাদর্শের রাজনৈতিক দলগুলোর একত্রে কাজ করার জন্য একটি অভিন্ন ভিত্তি তৈরির বিষয়।

তিনি বলেন, ‘আমাদের খুবই সুনির্দিষ্ট এজেন্ডা আছে। গণতন্ত্র, সার্বভৌমত্ব এবং অর্থনৈতিক নিরাপত্তা। এই প্রশ্নে এনসিপি এনসিপির জায়গা থেকে লড়াই করে যাবে। আমরা সেই লড়াইয়ে বর্তমান সরকার প্রধানকে আহ্বান জানিয়েছি। যেই ভিত্তিতে জাতীয় ঐক্য হলে আমরা সেখানে আছি এবং বাংলাদেশের জনগণকে সাথে নিয়ে আমরা সেই লড়াইয়ে থাকতে চাই।’

বৈঠকে নাহিদের সঙ্গে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ এবং যুগ্ম আহ্বায়ক আকরাম হোসেন উপস্থিত ছিলেন।

এনসিপি প্রতিনিধিদলটি দুপুর ১টা ২০ মিনিট থেকে শুরু করে প্রায় ৪০ মিনিট প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করে।

RELATED ARTICLES

Most Popular