Homeসারাদেশআত্মসমর্পণ করে কারাগারে পারটেক্স গ্রুপের এমডি আশফাক আজিজ

আত্মসমর্পণ করে কারাগারে পারটেক্স গ্রুপের এমডি আশফাক আজিজ

পূর্বাচল প্রকল্পে প্লট বরাদ্দে দুর্নীতির মামলায় পারটেক্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আশফাক আজিজ রুবেলকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

ঢাকার বিশেষ জজ আদালত-৯ এর বিচারক মো. আব্দুস সালাম গত মঙ্গলবার তার জামিন আবেদন নাকচ করে এ আদেশ দেন।

আজ বৃহস্পতিবার দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন আদালতের এক কর্মচারী।

এর আগে গত ১৩ অক্টোবর আদালত অ্যাম্বার গ্রুপের চেয়ারম্যান শওকত আজিজ রাসেল, তার ভাই আশফাক আজিজ ও রাজউকের সাবেক ছয় কর্মকর্তাকে দুই ধারায় ৭ বছর করে কারাদণ্ড দেন। এছাড়া প্রত্যেককে ১০ লাখ টাকা জরিমানা করা হয়।

গত ১ নভেম্বর আদালতে আত্মসমর্পণের পর শওকত আজিজকে কারাগারে পাঠানো হয়। তিনি বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) সাবেক সভাপতি।

রায় ঘোষণার সময় আট আসামি আদালতে উপস্থিত না থাকায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা দেওয়া হয়।

রায়ে পারটেক্স গ্রুপের প্রতিষ্ঠাতা এম এ হাসেমের দুই ছেলে শওকত আজিজ ও আশফাক আজিজের নামে বরাদ্দ করা প্লট বাতিলের নির্দেশ দেওয়া হয়।

মামলার নথি অনুযায়ী, ১০ কাঠা করে প্লটের জন্য আশফাক আজিজ ও শওকত আজিজ প্রত্যেকে দেড় লাখ টাকা জামানত জমা দিয়েছিলেন। প্রথম পর্যায়ে তারা প্লট বরাদ্দ না পাওয়ায় ২০০৩ সালের ডিসেম্বরে জমা দেওয়া টাকা তুলে নেন। এতে তাদের আবেদন নিষ্পত্তি ও বাতিল হয়ে যায়। তারা আর নতুন করে আবেদন করেননি।

তবে ২০০৪ সালের জুনে বাছাই কমিটির কোনো সুপারিশ ছাড়াই বাতিল হওয়া ওই আবেদন দুটির বিপরীতে ১০ কাঠা করে দুটি প্লট বরাদ্দ দেয় রাজউক।

আবেদনকারীদের সুবিধা দিতে বোর্ড সভায় বেআইনিভাবে সিদ্ধান্ত নেওয়া হয়, প্রত্যাহার করা জামানতের টাকা ১৭ শতাংশ সুদসহ ফেরত দিলে তাদের প্লট বরাদ্দ দেওয়া যাবে।

এ উদ্যোগ ক্ষমতার অপব্যবহারের শামিল এবং যোগ্য আবেদনকারীদের ন্যায্য সুযোগ থেকে বঞ্চিত করেছিল।

২০১৭ সালের ৮ ফেব্রুয়ারি দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারী পরিচালক সিলভিয়া ফেরদৌস মতিঝিল থানায় মামলাটি করেন।

২০১৮ সালের ৪ সেপ্টেম্বর দুদকের উপপরিচালক মির্জা জাহিদুল আলম চার্জশিট জমা দেন। ২০১৯ সালের ২৬ আগস্ট আদালত আট আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন।

RELATED ARTICLES

Most Popular