Homeবিনোদন‘গান নিয়েই আমার যত স্বপ্ন’

‘গান নিয়েই আমার যত স্বপ্ন’

উপমহাদেশের প্রখ্যাত সংগীতশিল্পী রুনা লায়লা। নিজ নামেই তিনি দেশে-বিদেশে পরিচিত। বহু আগেই অর্জন করেছেন প্রবল জনপ্রিয়তা। বাংলা ছাড়াও অনেক ভাষায় গান করেছেন। পেয়েছেন আকাশচুম্বী ভালোবাসা ও সম্মান। এখনো গান গেয়ে যাচ্ছেন তিনি। গান নিয়েই তার যত স্বপ্ন। সারাজীবন গান নিয়েই থাকতে চান।

স্বাধীনতা পুরস্কারসহ বহু পুরস্কার পেয়েছেন রুনা লায়লা।

১৭ নভেম্বর জন্মদিন উপলক্ষে রুনা লায়লা কথা বলেছেন দ্য ডেইলি স্টারের সঙ্গে। তিনি বলেন, ‘ছোটবেলার জন্মদিন ছিল ভীষণ আনন্দের। মা নিজ হাতে জামা বানাতেন। সেটি পরার জন্য অপেক্ষা করতাম। বিশেষ দিনে ওটাই পরতাম। বাসায় পার্টি হতো। কেক কাটা হতো। স্কুলের বন্ধুরা আসতেন। দারুণ আনন্দ, উত্তেজনা আর হইচই হতো।’

ফেলে আসা জন্মদিনের স্মৃতি স্মরণ করে তিনি বলেন, ‘মা-বাবা দুজনেই অনুষ্ঠান আয়োজন করতেন। সেই ফেলে আসা জন্মদিনগুলোতে সহপাঠীরা অবশ্যই থাকতেন। পরিবারের সদস্যরাও থাকতেন। বিশেষ দিনটিতে আলাদা একটা সুন্দর সময় কাটাতাম। অন্যরকম আনন্দ পেতাম।’

এ সময়ে জন্মদিন কীভাবে উদযাপন করেন, জানতে চাইলে রুনা লায়লা বলেন, ‘এখন বড় কোনো অনুষ্ঠান করি না। পারিবারিকভাবে গেট টুগেদার করি। নিজেদের মধ্যেই দিনটি উদযাপন করি।’

এই সময়ে এসে চাওয়া কী? জবাবে তিনি বলেন, ‘চাওয়া হচ্ছে, মহান সৃষ্টিকর্তার রহমতে গান করে যেতে চাই। সুস্থ থাকতে চাই। সারাজীবন গানের সঙ্গেই থাকতে চাই। দেশে-বিদেশে গান করে যেতে চাই।’

সামনে স্টেজ শো নিয়ে কিছু পরিকল্পনা আছে। আমেরিকা ও কানাডায় স্টেজ শো করবেন। চলতি বছর লন্ডন ও অস্ট্রেলিয়ায় শো করেছেন। ‘মোটকথা, গান নিয়েই আমার যত স্বপ্ন। গান করে যাব। সামনের দিনগুলোতে দেশে আরও একটি বড় অনুষ্ঠান হবে আমার গান নিয়ে। এই তো। গান নিয়েই থাকব।’

অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘একজন শিল্পীর জন্য মানুষের ভালোবাসাই সবচেয়ে বড় পাওয়া। শিল্পীর জীবনে ভালোবাসাটা অনেক বড় কিছু। তা যদি একজীবনে পাওয়া যায়, তাহলে অনেক কিছু পাওয়া হয়ে গেল।’

রুনা লায়লা বলেন, ‘সব বয়সী মানুষ আমার গান শোনেন। নতুন প্রজন্মের তরুণেরাও শোনেন। এটাও শিল্পীজীবনের অনেক বড় পাওয়া। এটা সৃষ্টিকর্তার রহমত। এই অনুভূতির কথা বলে বোঝানো যাবে না। এমন প্রাপ্তিতে ভালো লাগে।’

ভক্ত-শ্রোতাদের নিয়ে তিনি বলেন, ‘ভক্ত-শ্রোতারা আমার গান তো শোনেনই, আমার জন্য আশীর্বাদ করেন, দোয়া করেন। তাদের কাছে আমি কৃতজ্ঞ। তাদের জন্যই গান করি। তাদের জন্য নতুন নতুন গান করি। সবসময় গান করতে চাই।’

‘নানা ধরনের গান করি। মানুষ সব ধরনের গান পছন্দ করে, আমার গান ভালোবাসে। শিল্পী হিসেবে এটা অনেক কিছু।’

বাপ্পা মজুমদারের সঙ্গে একটি গান করেছেন। সে বিষয়ে রুনা লায়লা বলেন, ‘বাপ্পার সঙ্গে যে গানটি করেছি, তা সবাই ভীষণ পছন্দ করেছেন। আমিও দরদ দিয়ে গাওয়ার চেষ্টা করেছি। সবাই পছন্দ করায় ভালো লাগে, নতুন গান করার উৎসাহ পাই।’

প্রীতমের সঙ্গে সিনেমার গান প্রসঙ্গে তিনি বলেন, ‘প্রীতমের সঙ্গে ছবির গান করেছি। সবসময় চেষ্টা করি, সবার কাছে গ্রহণযোগ্য হবে এমন গান করতে। সেভাবেই গান করি এবং করে যেতে চাই।’

অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘দেখুন, ভেতর থেকে গানটা আসে। গান আমার প্যাশন। গান নিয়েই সবসময় সাধনা করি। সারাজীবন গান নিয়ে থাকতে চাই।’

সবশেষে জন্মদিনের বিষয়ে তিনি বলেন, ‘বিশেষ দিনে মানুষের কাছে এটুকুই বলব—দোয়া করবেন, যেন সুস্থ থেকে গান করে যেতে পারি।’

RELATED ARTICLES

Most Popular