গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় হামলা, অগ্নিসংযোগ ও আটক ব্যক্তিদের ছিনিয়ে নেওয়ার ঘটনায় রাষ্ট্রপতির জরুরি পদক্ষেপ চেয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
তিনি বলেছেন, রাষ্ট্রের অভিভাবক হিসেবে রাষ্ট্রপতির জরুরি পদক্ষেপ গ্রহণ এবং প্রকৃত অপরাধীদের অবিলম্বে আইনের আওতায় আনা অপরিহার্য।
আজ মঙ্গলবার রাত ১০টা ২১ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন গোলাম পরওয়ার।
পরে এই পোস্টটি জামায়াতে কেন্দ্রীয় প্রচার বিভাগের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট থেকেও প্রচার করা হয়।
পোস্টে গোলাম পরওয়ার বলেন, থানায় অগ্নিসংযোগ, মসজিদের মাইকে ঘোষণা দিয়ে থানায় হামলা, ভাঙচুর, পুলিশের ওপর আক্রমণ এবং বিভিন্ন সরকারি স্থাপনায় অগ্নিসংযোগ—গোপালগঞ্জজুড়ে সংঘটিত এসব ঘটনা রাষ্ট্রের চরম ব্যর্থতারই আরেকটি প্রমাণ।
তিনি আরও বলেন, গোপালগঞ্জের মানুষ চরম উদ্বেগ ও নিরাপত্তাহীনতার মধ্যে দিন কাটাচ্ছেন। স্বরাষ্ট্রমন্ত্রী মুখে কঠোর অবস্থানের কথা বললেও বাস্তবে তার কোনো দৃশ্যমান প্রতিফলন দেখা যাচ্ছে না।
‘কথার সঙ্গে কাজের এই বিরাট ব্যবধান সরকারের প্রতি জনগণের আস্থাকে আরও সংকটের মুখে ঠেলে দিচ্ছে,’ বলেন তিনি।
গোলাম পরওয়ার বলেন, এই চরম উদ্বেগজনক পরিস্থিতিতে রাষ্ট্রের অভিভাবক হিসেবে রাষ্ট্রপতির জরুরি পদক্ষেপ গ্রহণ এবং প্রকৃত অপরাধীদের অবিলম্বে আইনের আওতায় আনা অপরিহার্য।
মঙ্গলবার রাতে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় হামলা চালিয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ সময় থানার বিভিন্ন স্থাপনা ও পুলিশের যানবাহনে আগুন দেওয়া হয় এবং আটক কয়েকজনকে ছিনিয়ে নেওয়া হয়।
স্থানীয় সূত্রের বরাতে জানা যায়, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের কয়েকজন নেতাকর্মীকে গ্রেপ্তার করে থানায় নেওয়ার পর উত্তেজনা সৃষ্টি হয়। পরে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে দলটির নেতাকর্মীরা থানার সামনে জড়ো হয়ে ঘেরাও করেন।
একপর্যায়ে পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সাউন্ড গ্রেনেড, টিয়ার শেল ও রাবার বুলেট ব্যবহার করে। পরে পুলিশ সদস্যরা থানা ছেড়ে সরে গেলে হামলাকারীরা ভেতরে ঢুকে অগ্নিসংযোগ করেন।
