বিএনপির তৃণমূল নেতাকর্মীদের কেউ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সদস্যদের কোনো সহযোগিতার চেষ্টা করলে দল থেকে তাদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।
আওয়ামী লীগের নেতাকর্মীদের কাউকে আশ্রয় দেওয়া, গ্রেপ্তারদের ছাড়িয়ে আনার চেষ্টা কিংবা অন্য কোনোভাবে সহায়তার চেষ্টার অভিযোগ পাওয়া গেলে প্রমাণ সাপেক্ষে বিএনপি থেকে বহিষ্কার করার হুঁশিয়ারি দেওয়া হয়েছে দলের কেন্দ্রীয় পর্যায় থেকে।
বিএনপি সূত্র জানায়, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সদস্যদের ক্ষমতাসীন দলের স্থানীয় নেতা সহায়তা করছেন—এমন অভিযোগ দেশের ৮ জেলা থেকে কেন্দ্রীয় পর্যায়ে পাওয়ার পর নতুন এই নির্দেশনা দেওয়া হয়েছে।
বিএনপির সিনিয়র নেতারা দ্য ডেইলি স্টারকে জানিয়েছেন, অভিযোগগুলো খতিয়ে দেখে জড়িতদের পদ-পদবি বা প্রভাব বিবেচনা না করেই ব্যবস্থা নেওয়া হবে।
পাশাপাশি তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে পুলিশকেও সহায়তা করবে বিএনপি।
এ ছাড়া, ডিসেম্বরকে সামনে রেখে সম্ভাব্য সহিংসতা বা নাশকতার বিষয়ে নজর রাখতে এবং পুলিশ ও স্থানীয় প্রশাসনকে প্রয়োজনীয় তথ্য দিয়ে সহায়তা করতে তৃণমূল নেতাদের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান নেতারা।
বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স ডেইলি স্টারকে বলেন, ‘কেউ যদি আওয়ামী লীগের নেতাকর্মীদের সহায়তার সঙ্গে জড়িত থাকেন, তবে তাকে অবশ্যই জবাবদিহির আওতায় আনা হবে। দল তাদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেবে।’
‘সংঘাত না বাড়িয়ে প্রশাসনকে তথ্য দিয়ে সহায়তা করার জন্য নেতাকর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে,’ বলেন তিনি।
দলের সিনিয়র নেতারা বলেন, কেউ বিএনপির পদ ব্যবহার করে আওয়ামী লীগের গ্রেপ্তার কোনো সদস্যকে ছাড়িয়ে নিতে পুলিশের ওপর চাপ সৃষ্টি করলে তা দলীয় শৃঙ্খলার গুরুতর লঙ্ঘন হিসেবে গণ্য হবে।
এ বিষয়ে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাফিজুল ইসলাম খান ডেইলি স্টারকে বলেন, ‘দল থেকে খুবই কঠোর বার্তা দেওয়া হয়েছে। বিএনপির কোনো নেতা বা কর্মী পুলিশের সঙ্গে যোগাযোগ করলে বা গ্রেপ্তার আওয়ামী লীগের কাউকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করলে থানাগুলোকে বলা হয়েছে তাৎক্ষণিকভাবে দলের সিনিয়র নেতাদের জানাতে।’
সিলেট জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী জানান, তারা ইতোমধ্যে প্রধানমন্ত্রীর নির্দেশনা পেয়েছেন।
‘কার্যক্রম নিষিদ্ধ দলটির নেতাকর্মীদের সঙ্গে আমাদের দলের কারও কোনো ধরনের যোগাযোগ আছে কি না, তা তদন্ত করে দেখা উচিত,’ বলেন তিনি।
তৃণমূলের সংগঠকদের মধ্যে সমন্বয়হীনতার বিষয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি।
‘তৃণমূল পর্যায়ে সমন্বয়ের কিছু সমস্যা রয়েছে। দলের সাংগঠনিক কার্যক্রম পরিচালনার দায়িত্ব আমাদের ওপর থাকলেও কিছু ক্ষেত্রে বিষয়গুলো সঠিকভাবে হচ্ছে না। এগুলো কঠোরভাবে নিয়ন্ত্রণ করতে হবে,’ বলেন কাইয়ুম চৌধুরী।
বিএনপি নেতারা জানান, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণার পর ডিসেম্বরের দিকে আওয়ামী লীগের কর্মীরা পুনরায় সংগঠিত হওয়ার চেষ্টা করতে পারেন—এমন আশঙ্কা থেকে উদ্বেগ তৈরি হয়েছে।
যেকোনো সন্দেহজনক তৎপরতার বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও দলের কেন্দ্রীয় নেতাদের জানাতে স্থানীয় ইউনিটগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে।
দলীয় সূত্র জানায়, আওয়ামী লীগের পাল্টা কোনো কর্মসূচি বা পাড়া-মহল্লায় পাহারার মতো কর্মসূচি নিতে চায় না বিএনপি।
বরং, নেতাকর্মীদের শান্তিপূর্ণ রাজনৈতিক কার্যক্রম চালিয়ে যেতে এবং আইনশৃঙ্খলা রক্ষার বিষয়টি প্রশাসনের ওপর ছেড়ে দিতে বলা হয়েছে।
বিএনপি নেতারা জানান, তারা জেনেছেন যে দলের একটি অংশ আইনশৃঙ্খলা বাহিনীকে না জানিয়ে নিজেরাই আইন হাতে তুলে নিচ্ছে এবং আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্টতা সন্দেহে লোকজনকে আটক ও মারধর করছে।
এ ধরনের কর্মকাণ্ড বেআইনি এবং এতে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হতে পারে বলে মনে করেন নেতারা।
এ কারণে নেতাকর্মীদের সব ধরনের সহিংসতা ও হয়রানি এড়িয়ে চলতে এবং সন্দেহজনক অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করতে বলা হয়েছে।
এ ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় থাকতে, যেকোনো তথ্য শেয়ার করার আগে তা যাচাই করতে এবং পরিস্থিতির অবনতি ঘটাতে পারে এমন মন্তব্য করা থেকে বিরত থাকতেও নির্দেশ দেওয়া হয়েছে।
এদিকে, বিজয় দিবস উপলক্ষে আগামী ডিসেম্বরে দেশব্যাপী ধারাবাহিক কর্মসূচি পালনের প্রস্তুতি নিচ্ছে বিএনপি।
দলীয় সূত্র জানায়, আগামী ১ ডিসেম্বর থেকে ২৭ ডিসেম্বর পর্যন্ত এসব কর্মসূচি চলতে পারে।
এ ছাড়া সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুবার্ষিকী উপলক্ষে ২৮ ডিসেম্বর থেকে পৃথক কর্মসূচি শুরু হওয়ার কথা রয়েছে বলে জানিয়েছেন দলের নেতারা।
