রাশিয়ার সঙ্গে ক্রিমিয়ার সংযোগকারী একটি গুরুত্বপূর্ণ সেতুতে হামলা চালিয়েছে ইউক্রেন। এতে সেতুটির ব্যাপক ক্ষতি হয়েছে।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি একে কয়েক সপ্তাহের প্রস্তুতিতে পরিচালিত একটি ‘নজিরবিহীন অভিযান’ বলে আখ্যা দিয়েছেন। বিবিসির খবরে এসব তথ্য জানানো হয়েছে।
ইউক্রেনের কর্মকর্তাদের প্রকাশ করা ছবিতে দেখা গেছে, ক্রিমিয়া সেতুর একটি অংশ ধসে পানিতে পড়ে গেছে।
ক্রেমলিন জানিয়েছে, তারা সেতুটি ‘আগের চেয়েও ভালোভাবে’ পুনর্নির্মাণ করবে এবং রাতের এই হামলার বিষয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে অবহিত করা হয়েছে।
ক্রিমিয়া সেতুর সড়ক ও রেলপথ দিয়েই রুশ সেনারা যুদ্ধের সম্মুখসারিতে যাতায়াত করেন। দীর্ঘদিন ধরেই সেতুটিকে হামলার লক্ষ্যবস্তু করে আসছিল ইউক্রেন। তবে এটি স্থায়ীভাবে বন্ধ করতে হিমশিম খাচ্ছিল তারা।
ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে চালানো রাতের এই হামলায় সেতুটির ক্ষয়ক্ষতি আগের যেকোনো হামলার তুলনায় অনেক বেশি বলে জানিয়েছে বিবিসি।
জেলেনস্কি জানিয়েছেন, সামরিক বাহিনী ও নিরাপত্তা সংস্থাগুলোর সাত ধাপের অভিযানের মধ্য দিয়ে এই হামলা চালানো হয়েছে।
চূড়ান্ত লক্ষ্যে পৌঁছানোর পথে ইউক্রেনীয় বাহিনী ‘ক্রমান্বয়ে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, রাডার, ইলেকট্রনিক যুদ্ধ সরঞ্জাম ও অন্যান্য নির্ধারিত লক্ষ্যবস্তু ধ্বংস করেছে’।
তিনি বলেন, ‘গুরুত্বপূর্ণ এক ধাপে’ রাতে বিভিন্ন ধরনের ইউক্রেনীয় ড্রোনের পাশাপাশি দেশটির ফ্ল্যামিঙ্গো ও নেপচুন ক্রুজ ক্ষেপণাস্ত্রও ছোড়া হয়েছে।
ইউক্রেনের প্রেসিডেন্ট আরও জানান, সেতুর সড়কপথের সমান্তরালে থাকা রেল অংশেও ঝাঁকে ঝাঁকে ড্রোন আঘাত হেনেছে।
রুশ-সমর্থিত একজন কর্মকর্তা জানিয়েছেন, কিছু ট্রেন চলাচল অব্যাহত রয়েছে।
ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, সেতুটি ‘মেরামত করে আগের অবস্থায় ফিরিয়ে আনা হবে এবং তা আগের চেয়েও ভালো হবে’।
