জন্ম বেলজিয়ামে, বেড়ে ওঠা অস্ট্রেলিয়ায়, আর পারিবারিক শিকড় বিস্তৃত ভারত ও পাকিস্তানে। জীবনের পথে একেক সময় হেঁটেছেন একেক স্বপ্নের পেছনে—একসময় অর্জন করেছিলেন বাণিজ্যিক বিমান চালনার লাইসেন্সও। সেই বহুমুখী পরিচয়ের ক্রিকেটার আন্তুম নাকভি অবশেষে আন্তর্জাতিক ক্রিকেটের আকাশে ডানা মেলতে যাচ্ছেন। সব আইনি ও নাগরিকত্ব সংক্রান্ত জটিলতা কাটিয়ে জিম্বাবুয়ের জাতীয় টেস্ট দলে স্থান করে নিয়েছেন এই ২৭ বছর বয়সী অলরাউন্ডার।
শারজাহতে বৃহস্পতিবার থেকে শুরু হতে যাওয়া আফগানিস্তানের বিরুদ্ধে দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য ১৭ সদস্যের জিম্বাবুয়ে স্কোয়াড ঘোষণা করা হয়েছে। নিয়মিত অধিনায়ক রিচার্ড এনগারাভা পিঠের ইনজুরির কারণে ছিটকে পড়ায় দলকে নেতৃত্ব দেবেন ২২ বছর বয়সী তরুণ ব্রায়ান বেনেট। আর এই স্কোয়াডেই দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে অন্তর্ভুক্ত হয়েছেন নাকভি। টেস্ট অভিষেক হলেই বেলজিয়ামে জন্ম নেওয়া প্রথম ক্রিকেটার হিসেবে বড় সংস্করণের ক্রিকেটে ইতিহাস গড়বেন তিনি।
এরপর ২০২৫ সালের অক্টোবরে আফগানিস্তানের বিরুদ্ধে টেস্ট দলেও তাকে রাখা হয়েছিল, কিন্তু প্রয়োজনীয় ডকুমেন্টের অভাবে সেবারও অপেক্ষা বাড়ে। এমনকি ২০২৬ সালের জুন মাসেও জিম্বাবুয়ে ক্রিকেট (জেডসি) তার চূড়ান্ত অনুমতি পাওয়ার অপেক্ষায় ছিল। বুধবার জিম্বাবুয়ে ক্রিকেট নিশ্চিত করেছে, আইসিসির যোগ্যতার সব মানদণ্ড পূরণ করায় নাকভির খেলার বিষয়ে আর কোনো আইনি বাধা নেই।
ঘরোয়া ক্রিকেটে রান ও উইকেটের পাহাড় গড়েই জাতীয় দলের দরজা খুলেছেন নাকভি। ২০২৪ সালে মিড-ওয়েস্ট রাইনাসের হয়ে তাসকার্সের বিরুদ্ধে অপরাজিত ৩০০ রানের অসাধারণ একটি ইনিংস খেলেন তিনি, যা জিম্বাবুয়ের ঘরোয়া প্রথম শ্রেণির ক্রিকেটের ইতিহাসে প্রথম ট্রিপল সেঞ্চুরির রেকর্ড। প্রথম শ্রেণির ক্রিকেটে ২৪টি ম্যাচে তার ব্যাটিং গড় ৬০.৩৫, যেখানে রয়েছে ৬টি শতক ও ৮টি অর্ধশতক। পাশাপাশি অফ স্পিনে ঝুলিতে পুরেছেন ৬২টি উইকেট। লিস্ট ‘এ’ ক্রিকেটেও তার রেকর্ড উজ্জ্বল—২৮ ম্যাচে ৫৩.৪০ গড়ে রান করার পাশাপাশি তুলে নিয়েছেন ৩৪টি উইকেট। আর টি-টোয়েন্টিতে ২০ ম্যাচে তার ব্যাটিং গড় ৩২.৩৫ ও উইকেট সংখ্যা ২০টি।
বাণিজ্যিক বিমান চালকের লাইসেন্স থাকা সত্ত্বেও নাকভি শেষ পর্যন্ত ক্রিকেটকেই পেশা হিসেবে বেছে নেন। অস্ট্রেলিয়ায় থাকাকালীন ক্রিকেট ও বিমান চালনার তাল মেলানো কঠিন হয়ে পড়লে জিম্বাবুয়ে জাতীয় দলের সাবেক অলরাউন্ডার সলোমন মিরের পরামর্শে ২০২৩ সালে জিম্বাবুয়ের ঘরোয়া ক্রিকেটে পা রাখেন তিনি। নাকভির এই সাফল্য অনুপ্রেরণা জোগাচ্ছে তার চার বছরের ছোট ভাই আওয়াদ নাকভিকেও, যিনি ইতোমধ্যে জিম্বাবুয়ের ঘরোয়া ক্রিকেটে ১৬ ম্যাচে ৪২.১৫ গড়ে রান করে নিজের প্রতিভার স্বাক্ষর রেখেছেন।
আফগানিস্তান সিরিজের জন্য জিম্বাবুয়ে টেস্ট স্কোয়াড: ব্রায়ান বেনেট (অধিনায়ক), আন্তুম নাকভি, বেন কারান, ব্লিসিং মুজারাবানি, ব্র্যাড ইভান্স, ব্রেন্ডন টেলর, ক্রেইগ আরভিন, গ্রেম ক্রেমার, ইনোসেন্ট কায়া, আর্নেস্ট মাসুকু, কুন্দাই মাটিগিমু, নিউম্যান ন্যামহুরি, তাদিওয়ানাশে মারুমানি, তাফাদজোয়া সিগা, ভিনসেন্ট মাসেদেসা, ওয়েলিংটন মাসাকাদজা ও ওয়েসলি মাধেভেরে।
