দিনাজপুরের বিরল উপজেলায় একটি মাদ্রাসার শৌচাগার থেকে এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধারের ঘটনায় দুইজনকে আটক করেছে পুলিশ।
তারা হলেন—মাদ্রাসার পরিচালক মোকাররম হোসেন (৩০) ও তার শ্যালক আবদুল্লাহ আল মামুন (১৩)।
আজ রোববার সকালে বিরল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল এমরান দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানিয়েছেন।
তিনি আরও জানান, আবদুল্লাহ আল মামুন ওই মাদ্রাসার শিক্ষার্থী।
গত রাত ৮টার দিকে বিরল পৌর এলাকার কলেজ রোডে মাদ্রাসাতুস সুন্নাহর শৌচাগার থেকে সাফায়েত হোসেন (৮) নামে এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করে পুলিশ।
‘প্রাথমিক ধারণা, শিশুটিকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে,’ বলেন পুলিশ কর্মকর্তা এমরান।
সাফায়েত একই উপজেলার ভান্ডারা ইউনিয়নের ঠনঠনিয়া গ্রামের সোলায়মান আলীর ছেলে। আট মাস আগে তাকে ওই মাদ্রাসায় ভর্তি করা হয়েছিল।
মাদ্রাসা কর্তৃপক্ষ ও পরিবারের সদস্যদের বরাত দিয়ে এমরান বলেন, ‘গতকাল বিকেলেও সাফায়েতের দাদা মাদ্রাসায় গিয়েছিলেন নাতির সঙ্গে দেখা করতে।’
‘মাদ্রাসার পরিচালক মোকাররম হোসেনের ভাষ্য অনুযায়ী, রাত ৮টার দিকে তিনি শৌচাগারের দরজা দীর্ঘক্ষণ বন্ধ দেখতে পান। দরজায় কয়েকবার ধাক্কা দিলেও ভেতর থেকে সাড়া পাননি। তখন তিনি দরজার ওপরের ফাঁকা অংশ দিয়ে মোবাইল ফোনের আলো জ্বেলে ভেতরে একজনকে পড়ে থাকতে দেখেন। পরে আরও দুজনকে সঙ্গে নিয়ে দরজা ভেঙে তিনি সাফায়েতকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান,’ বলেন তিনি।
তিনি আরও জানান, গত রাতেই শিশুটির বাবা বাদী হয়ে মামলা দায়ের করেছেন।
‘আমরা ধারণা করছি শ্বাসরোধে শিশুটিকে হত্যা করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ দিনাজপুর মেডিকেল কলেজ মর্গে পাঠানো হবে। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে,’ যোগ করেন তিনি।
