Homeস্পোর্টসএএফসি চ্যালেঞ্জ লিগ: শুরুতেই অঘটন ঘটানোর লক্ষ্যে ফর্টিস

এএফসি চ্যালেঞ্জ লিগ: শুরুতেই অঘটন ঘটানোর লক্ষ্যে ফর্টিস

এএফসি চ্যালেঞ্জ লিগের মূল পর্বে নিজেদের অভিষেক ম্যাচেই অঘটন ঘটানোর স্বপ্ন বুনছে বাংলাদেশ ফুটবল লিগের (বিএফএল) দল ফর্টিস এফসি। ঘরোয়া আসরের ছন্দ নিয়ে শনিবার কুয়েতের শক্তিশালী ক্লাব আল কাদসিয়া এসসির মুখোমুখি হতে যাচ্ছে তারা।

‘সি’ গ্রুপের ম্যাচটি মোহাম্মদ আল-হামাদ স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টায় শুরু হবে।

গত আগস্টে এশিয়ার তৃতীয় সারির এই ক্লাব টুর্নামেন্টের প্রিলিমিনারি প্লে-অফে কিরগিজস্তানের মুরাস ইউনাইটেডকে হারিয়ে চূড়ান্ত গ্রুপ পর্বে জায়গা করে নেয় ফর্টিস। বিএফএলের গত মৌসুমের তৃতীয় স্থান পাওয়া দলটি এবার স্বপ্ন দেখছে নকআউট পর্বে ওঠার। মহাদেশীয় প্রতিযোগিতায় বাংলাদেশের ক্লাবগুলোর মধ্যে এই কীর্তি আছে কেবল আবাহনী লিমিটেডের। ২০১৯ সালের এএফসি কাপে ইন্টার-জোন প্লে-অফের সেমিফাইনালে পৌঁছেছিল তারা।

এবারের চ্যালেঞ্জ লিগের পশ্চিম অঞ্চলে থাকা ফর্টিসকে নকআউটে পৌঁছাতে হলে গ্রুপ চ্যাম্পিয়ন হতে হবে কিংবা এই অঞ্চলের তিনটি গ্রুপের মধ্যে সেরা রানার্সআপ দল হতে হবে।

কুয়েতের প্রচণ্ড গরমের সাথে মানিয়ে নিতে আগেভাগে গত মঙ্গলবারই দেশটিতে পৌঁছায় ফর্টিসের স্কোয়াড। এরই মধ্যে তিনটি অনুশীলন সেশনে অংশ নিয়েছে তারা। তবে তাদের সামনে চ্যালেঞ্জটা বেশ কঠিন। কুয়েতের প্রিমিয়ার লিগে বর্তমানে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে আছে আল কাদসিয়া। তাদের স্কোয়াডে রয়েছে মরক্কো, মিশর, ওমান ও আইভরি কোস্টের বেশ কয়েকজন দক্ষ ফুটবলার।

কাগজে-কলমে স্বাগতিকরা ফেভারিট হলেও আগেই দম যাচ্ছেন না ফর্টিসের প্রধান কোচ। তাই জয় ছাড়া অন্য কিছু ভাবছেন না মাসুদ পারভেজ কায়সার।

কুয়েত থেকে দ্য ডেইলি স্টারকে কায়সার বলেন, ‘আমরা যদি কোয়ার্টার ফাইনালে উঠতে চাই, তবে প্রথম দুটি ম্যাচ অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা পূর্ণ ৩ পয়েন্টের জন্যই খেলব। খালি হাতে মাঠ ছাড়লে বাকি ম্যাচগুলো খুব কঠিন হয়ে পড়বে।’

দলে থাকা ৯ জন বিদেশি খেলোয়াড়কেই মাঠে নামানোর পরিকল্পনা করা এই কোচ যোগ করেন, ‘আল কাদসিয়া ভালো দল হলেও অপরাজেয় নয়। নিজেদের ভুল কমিয়ে যদি সুযোগগুলো কাজে লাগাতে পারি, তবে পয়েন্ট পাওয়া সম্ভব— এই বিশ্বাস খেলোয়াড়দের রয়েছে।’

আবহাওয়া নিয়ে ভাবনা থাকলেও তা দলের ওপর বড় প্রভাব ফেলবে না বলে মনে করেন কায়সার। কারণ স্থানীয় সময় রাত সাড়ে ৮টায় যখন খেলা শুরু হবে, ততক্ষণে তাপমাত্রা অনেকটাই নেমে আসার কথা। সেই সঙ্গে কুয়েতপ্রবাসী বাংলাদেশিরা গ্যালারিতে এসে ফর্টিসকে সমর্থন জানাতে দারুণ আগ্রহ দেখিয়েছেন, যা মাঠে বাড়তি শক্তি জোগাবে বলেও আশা করছেন কোচ।

RELATED ARTICLES

Most Popular