চোটের পুনর্বাসন প্রক্রিয়ার সময় নতুন করে শারীরিক অস্বস্তি বোধ করেছেন নাহিদ রানা। তাই চিকিৎসার জন্য বৃহস্পতিবার রাতে অস্ট্রেলিয়ার পার্থের উদ্দেশে রওনা হচ্ছেন বাংলাদেশ দলের এই গতি তারকা। সেখানে বিশেষজ্ঞ চিকিৎসকদের কাছে নিজের শারীরিক পরিস্থিতির মূল্যায়ন করাবেন তিনি।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এক সূত্র জানিয়েছে, ‘রানার নতুন করে কোনো চোট হয়নি। তবে যেহেতু সে আমাদের অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড়, তাই তার শারীরিক পরিস্থিতি নিয়ে আমরা আরেকটি বিশেষজ্ঞ মতামত নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’
সাইড স্ট্রেইনের (পাঁজরের নিচের দিকের পেশির চোট) কারণে রানা ইতোমধ্যে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজ, এশিয়ান গেমস ও আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচটিতে খেলতে পারেননি। একই কারণে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আসন্ন ত্রিদেশীয় ওয়ানডে সিরিজেও তাকে পাচ্ছে না বাংলাদেশ। এছাড়া, কয়েক দিন আগে পিঠে ব্যথার কথা জানান এই তরুণ পেসার।
জানা গেছে, পিঠের ব্যথার পাশাপাশি নিতম্বের (হিপ) আশপাশেও দুর্বলতা অনুভব করছিলেন রানা। তাই বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে বিসিবি তাকে দ্রুত অস্ট্রেলিয়ায় পাঠিয়ে বিশেষজ্ঞ পর্যালোচনার সিদ্ধান্ত নিয়েছে।
পুনর্বাসন প্রক্রিয়ায় বোলিংয়ের ফিটনেস ফিরে পেতে এবং ওয়ার্কলোড (বোলিংয়ের জন্য নির্ধারিত লক্ষ্যমাত্রা) বাড়াতে গত কয়েক সপ্তাহ ধরে নিয়মিত বোলিং করছিলেন রানা। কিন্তু সেখানে নতুন করে ধাক্কা খেতে হয় তাকে। বিসিবির সূত্রগুলো জানিয়েছে, সাইড স্ট্রেইন থেকে সেরে ওঠার পর স্ট্রেন্থ-বিল্ডিং (শারীরিক শক্তি বৃদ্ধি) কার্যক্রম শুরু করলেও বোলিংয়ের জন্য প্রয়োজনীয় ও পর্যাপ্ত শক্তি তিনি এখনও ফিরে পাননি।
গত জুলাইয়ে বাংলাদেশ দলের জিম্বাবুয়ে সফরে সাইড স্ট্রেইনে আক্রান্ত হয়েছিলেন রানা। এর কিছুদিন আগেই শিন স্প্রেইনে (হাঁটু থেকে গোড়ালি পর্যন্ত পায়ের সামনের অংশের চোট) পড়েছিলেন তিনি।
পুনর্বাসনের মাঝপথেই বারবার এমন ধাক্কা আগামী ২৮ অক্টোবর থেকে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শুরু হতে যাওয়া দুই ম্যাচের টেস্ট সিরিজেও রানার খেলা নিয়ে ফের বড় অনিশ্চয়তা তৈরি করেছে।
