Homeস্পোর্টস‘৪৫০-৫০০ রান হতে পারত’, সেঞ্চুরির পরও সাদমানের আক্ষেপ

‘৪৫০-৫০০ রান হতে পারত’, সেঞ্চুরির পরও সাদমানের আক্ষেপ

সেঞ্চুরির অপেক্ষায় কাটাতে হয়েছে পুরো একটা রাত। ৯৯ রানে অপরাজিত থেকে আগের দিন মাঠ ছাড়ার পর আজ দ্বিতীয় দিনের দ্বিতীয় বলেই পৌঁছে যান তিন অঙ্কে। কিন্তু ব্যক্তিগত এই অর্জনের আনন্দ খুব বেশি সময় স্থায়ী হয়নি সাদমান ইসলামের। সেঞ্চুরির পর নিজের ইনিংসটা যেমন বড় করতে পারেননি, তেমনি পারেননি দলের বড় সংগ্রহের ভিতটাও ধরে রাখতে। যে বাংলাদেশ একসময় চারশ-পাঁচশ রানের স্বপ্ন দেখছিল, সেই দলই গুটিয়ে গেল তিনশর আগে। তাই সেঞ্চুরির তৃপ্তির চেয়ে আক্ষেপই যেন বেশি এই ওপেনারের কণ্ঠে।

মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টের প্রথম দিন ৩ উইকেটে ২১৩ রান তুলেছিল বাংলাদেশ। হাতে ৭ উইকেট থাকায় বড় সংগ্রহের সম্ভাবনা ছিল বেশ ভালোভাবেই। কিন্তু বৃহস্পতিবার দ্বিতীয় দিনের প্রথম সেশনেই বদলে যায় ম্যাচের চিত্র। মাত্র ৫৯ রান যোগ করতে বাকি ৭ উইকেট হারিয়ে ২৭২ রানে অলআউট হয় স্বাগতিকেরা।

দিন শেষে সংবাদ সম্মেলনে তাই নিজের সেঞ্চুরির চেয়ে দলের ব্যাটিং ব্যর্থতা নিয়েই বেশি কথা বলতে হলো সাদমানকে। বিশেষ করে টপ অর্ডারের ব্যাটাররা ভালো শুরু পেয়েও ইনিংস বড় করতে না পারায় হতাশ এই বাঁহাতি ওপেনার, ‘এটা অবশ্যই আমাদের আরও ভালো করা উচিত। কারণ আমরা যদি টপ অর্ডাররা এই স্কোরটা আর একটু বড় ১৫০ বা ১৭০, ২০০ হয়, তাহলে হয়তোবা দলের রান ৪৫০, ৫০০-এ গিয়ে… তো আমাদের ভুল হয়ে গেছে। চেষ্টা থাকবে ইনশাআল্লাহ, পরেরবার এরকম পরিস্থিতি এলে ইনিংস যত বড় করা যায়।’

ব্যাটিং বিপর্যয়ের শুরুটা অবশ্য সাদমানের বিদায়েই। দ্বিতীয় দিনের শুরুতে সেঞ্চুরি পূর্ণ করলেও বেশিক্ষণ টিকতে পারেননি তিনি। ২৩৪ বলে ১১ চারে ১০৫ রান করে অভিষিক্ত স্পিনার জশুয়া বিশপের বলে এলবিডব্লিউ হন। পরের ধাক্কাটা আসে তাওহিদ হৃদয়ের বিদায়ে। আগের দিন ৪২ রানে আহত অবসর নেওয়া হৃদয় ফিরে এসে আর কোনো রান যোগ করতে পারেননি। ২২১ রানেই ৫ উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। সে চাপ থেকে আর বের হতে পারেনি তারা।

নিজের উইকেট হারানোকে দলের ব্যাটিং বিপর্যয়ের অন্যতম কারণ হিসেবে দেখছেন সাদমান, ‘আমি আর লিটন যখন ব্যাটিং করছিলাম, আমরা যদি বা আমি যদি কিছুক্ষণ খেলতে পারতাম বা আর একটু বড় করতে পারতাম, হয়তোবা সিনারিওটা অন্যরকম হতো। হয়তোবা ওখানেই একটা মিস্টেক হয়ে গেছে।’

মিরপুরের উইকেটের আচরণ নিয়েও উঠেছে প্রশ্ন। বিশেষ করে সকালে ওয়েস্ট ইন্ডিজের স্পিনারদের কয়েকটি বলের অস্বাভাবিক বাঁক নেওয়া এবং বাংলাদেশের ব্যাটারদের দ্রুত আউট হওয়া নিয়ে আলোচনা হয়েছে। তবে ব্যর্থতার দায় উইকেটের ওপর চাপাতে চাননি সাদমান। বরং নিজেদের ভুলের পাশাপাশি প্রতিপক্ষের ভালো বোলিংয়ের কথাও স্বীকার করেছেন তিনি।

তার ভাষায়, ‘উইকেটের জন্য এমন কিছু না। হয়তোবা ওরা ভালো বোলিং করছে, আমাদেরও কিছু ভুল ছিল। হয়তোবা আমরা টপ অর্ডার বা আমি আর লিটন যদি একটা পার্টনারশিপ দিতাম, হয়তোবা এই সিনারিওটা হতো না।’

আগের দিন আলোকস্বল্পতার কারণে নির্ধারিত সময়ের আগেই খেলা শেষ হওয়ায় ব্যাটারদের ছন্দ নষ্ট হয়েছিল কি না, এমন প্রশ্নও এসেছে সংবাদ সম্মেলনে। সাদমান অবশ্য সেটিকেও অজুহাত বানাতে রাজি নন। তার স্পষ্ট জবাব, ‘তেমন কিছু আমার মনে হয় না রিদম ব্রেক হইছে। কারণ আমরা ব্রেকের পরে আলহামদুলিল্লাহ ভালোই ব্যাটিং করছি। আমাদের কোনো উইকেট পড়ে নাই তো ওই টাইমে।’

দলের পাশাপাশি নিজের ইনিংস বড় করতে না পারার সমস্যাটিও ভাবাচ্ছে সাদমানকে। বেশ কিছুদিন ধরেই ভালো শুরু পেলেও তা বড় ইনিংসে রূপ দিতে পারছিলেন না। সেই সমস্যা কাটাতে ফিটনেস ও ব্যাটিং নিয়ে আলাদাভাবে কাজ করেছেন। পরামর্শ নিয়েছেন সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল ও কোচ মোহাম্মদ সালাউদ্দিনের কাছ থেকেও।

সাদমান বলেন, ‘এটা সবসময় আমি চিন্তা করতেছিলাম যে কেন এতটুকু জায়গায় গিয়ে আমি আউট হয়ে যাচ্ছি। তো লাস্ট কিছুদিন আমি এটা নিয়ে অনেক কাজ করছি। আমার কাছে মনে হইতেছিল ফিটনেস ইস্যু হইতে পারে। তো আমি ফিটনেস নিয়ে ভালো কাজ করছি।’

নিজের তৃতীয় টেস্ট সেঞ্চুরিতে সেই পরিশ্রমের কিছুটা ফল পেলেও পুরোপুরি সন্তুষ্ট হওয়ার সুযোগ নেই সাদমানের। কারণ, তার চোখে টেস্ট ক্রিকেটে শুধু সেঞ্চুরি করাই যথেষ্ট নয়, সেটিকে আরও বড় ইনিংসে রূপ দেওয়াটাই জরুরি। আর সেটি করতে না পারার মূল্য মিরপুরে প্রথম ইনিংসেই দিতে হয়েছে বাংলাদেশকে।

দ্বিতীয় দিন শেষে ৪ উইকেটে ১৩৪ রান তুলেছে ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশের প্রথম ইনিংসের চেয়ে এখনো ১৩৮ রানে পিছিয়ে ক্যারিবীয়রা।
 

RELATED ARTICLES

Most Popular