Homeসারাদেশনড়াইলে বিএনপির শোভাযাত্রায় আ. লীগের হামলা, নিহত ২

নড়াইলে বিএনপির শোভাযাত্রায় আ. লীগের হামলা, নিহত ২

নড়াইলের কালিয়া উপজেলায় বিএনপির মোটরসাইকেল শোভাযাত্রায় হামলায় দুজন নিহত হয়েছেন।

আজ বুধবার সন্ধ্যায় উপজেলার বেন্দারচর এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

নড়াইলের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ আল মামুন শিকদার দ্য ডেইল স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন—কালিয়া উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক মো. শাহিন এবং জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) উপজেলা সাধারণ সম্পাদক সোহেল মোল্লা।

স্থানীয় সূত্র ও বিএনপির নেতাকর্মীদের ভাষ্য অনুযায়ী, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ছাত্রদল নেতা রাকিবুজ্জামান পাপ্পু ও বিএনপি নেতা সরদার আর্মস্ট্রংয়ের নেতৃত্বে একটি মোটরসাইকেল শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি কালিয়া পৌরসভার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নড়াইল-১ আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা কবিরুল হক মুক্তির বাড়ির কাছাকাছি এলাকায় পৌঁছায়। এ সময় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা শোভাযাত্রায় অতর্কিত হামলা চালান। এতে শাহিন ও সোহেল গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাদের খুলনায় পাঠানো হয়। তবে পথে দুজনের মৃত্যু হয়।

এসপি আল মামুন শিকদার বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ওই এলাকায় পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে। হামলায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

 

RELATED ARTICLES

Most Popular